টেলিযোগাযোগ খাতে উন্নতির বদলে অবনতি ঘটবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাক্ষাৎকার দেশে মুঠোফোনের লাইসেন্স নবায়নের প্রস্তাবিত নীতিমালা নিয়ে গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ওডভার হেশজেডালমুঠোফোন লাইসেন্স নবায়ন নীতিমালা (খসড়া) বিদেশি বিনিয়োগকারীদের জন্য মোটেও উৎসাহব্যঞ্জক নয় বলে মনে করছেন দেশের শীর্ষস্থানীয় মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোনের প্রধান নির্বাহী কর্মকর্তা ওডভার হেশজেডাল।সম্প্রতি বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) লাইসেন্স নবায়ন নীতিমালার খসড়া ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে পাঠিয়েছে। সেই খসড়ায় বলা হয়েছে, গ্রামীণফোনসহ চার মোবাইল ফোন অপারেটরকে লাইসেন্স নবায়নের শুরুতেই ফ্রিকোয়েন্সি ফিসহ বিভিন্ন ফি হিসেবে এককালীন ১৪ হাজার কোটি টাকা দিতে হবে। বাকি ১৪ হাজার কোটি টাকা দিতে হবে পরবর্তী ১৫ বছরে। গত বৃহস্পতিবার প্রথম আলোকে দেওয়া সাক্ষাৎকারে লাইসেন্স নবায়নসংক্রান্ত এ খসড়া নীতিমালার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি মোবাইল ফোন অপারেটরদের সঙ্গে আলোচনা সাপেক্ষে এর সংশোধনও চেয়েছেন। ওডভার মনে করেন, বিষয়টি সরকার বিবেচনা না করলে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে উন্নতির বদলে অবনতি ঘটবে।প্রশ্ন: বিটিআরসি লাইসেন্স বিষয়ে একটি খসড়া নীতিমালা তৈরি করে মন্ত্রণালয়ে পাঠিয়েছে। এ বিষয়ে আপনার মতামত কী?উত্তর: আমরা জানি, বিটিআরসি নবায়ন কাঠামো নিয়ে কাজ করছে। আশা করেছিলাম, নীতিমালাটি মন্ত্রণালয়ে পাঠানোর আগে এ বিষয়ে বিটিআরসি সংশ্লিষ্ট ব্যবসায়ী, কমপক্ষে নবায়নের জন্য যেসব অপারেটর অপেক্ষা করছে, তাদের সঙ্গে আলোচনা করবে। কিন্তু বিটিআরসি এখন পর্যন্ত আমাদের কারোর সঙ্গে আলোচনা করেনি। লাইসেন্স নবায়নসংক্রান্ত নীতিমালা নিয়ে বিভিন্ন পত্রিকায় প্রতিবেদন দেখেছি, কিন্তু এ বিষয়ে সরকারের কাছ থেকে সরাসরি কোনো তথ্য বা আলোচনার ডাক পাইনি। সম্প্রতি আমি লন্ডনে ‘মিট বাংলাদেশ’ কনফারেন্স ও ঢাকায় বৈদেশিক বিনিয়োগসংক্রান্ত সম্মেলনে গিয়েছি। আমরা সবাই বাংলাদেশকে এশিয়ার পরবর্তী বিনিয়োগ গন্তব্য হিসেবে পরিচয় করিয়ে দিয়েছি। প্রতিদিন আমি বিভিন্ন শিল্পপতি ও বিনিয়োগকারীর সঙ্গে বাংলাদেশে বিনিয়োগ-সুবিধা নিয়ে আলোচনাও করেছি। গ্রামীণফোনের সাফল্যে অনুপ্রাণিত হয়ে সম্প্রতি দুটি কোম্পানি বাংলাদেশে বিনিয়োগ করার প্রস্তুতিও নিয়েছে। তবে বিটিআরসি নির্ধারিত এই অস্বাভাবিক ফি নিয়ে পত্রিকার প্রতিবেদন যদি সত্যি হয়, তাহলে এসব বিনিয়োগকারীর প্রশ্নের আমি কী জবাব দেব? এর অর্থ হচ্ছে, আপনি যদি ভালো ব্যবসা করেন তাহলে আপনাকে শাস্তি পেতে হবে এবং আপনি যদি প্রতিযোগিতায় পিছিয়ে পড়েন তাহলে আপনাকে পুরস্কৃত করা হবে। নবায়নের জন্য অপেক্ষারত চারটি অপারেটরই ব্যবসায় প্রবৃদ্ধির একই সুযোগ পেয়েছে। এখন অধিকতর বিনিয়োগের কারণে যারা বেশি সফল হয়েছে, তাদের ওপর আরও বেশি হারে ফি চাপানো হচ্ছে। ভবিষ্যৎ বিনিয়োগের জন্য এটা কি কোনো পদ্ধতি হতে পারে?প্রশ্ন: খসড়া নীতিমালায় লাইসেন্স নবায়নের জন্য ধার্য করা ফি নিয়ে আপনার আপত্তিগুলো কেন? উত্তর: আশা করছি, পত্রিকায় প্রকাশিত অঙ্কটির (১৪ হাজার কোটি টাকা) বিষয়ে সরকার চূড়ান্ত করবে না। কিন্তু সংবাদমাধ্যমে প্রকাশিত তথ্য যদি সঠিক হয় বা সরকার সেটাই নির্ধারণ করে, তবে তা নিঃসন্দেহে টেলিযোগাযোগ শিল্প, গ্রাহক ও সরকারের ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের পরিকল্পনার ব্যাপক ক্ষতির কারণ হবে। কারণ, বাংলাদেশে এ খাতে করের হার বেশি ও কল ট্যারিফ (দাম) সবচেয়ে কম। এ অবস্থায় লাইসেন্স নবায়নের জন্য যদি এ হারে ‘অকল্পনীয়’ বেশি ফি দিতে হয়, তাহলে আরও বিনিয়োগ অসম্ভব হয়ে দাঁড়াবে। এমনিতে সদ্য সংশোধিত আইনের কয়েকটি ধারা কোনোভাবেই কোনো বিদেশি বিনিয়োগকারীর জন্য উৎসাহব্যঞ্জক নয়। এ দেশে উচ্চ কর জেনেও বিদেশিরা এখানে ব্যবসা করতে আসে, কারণ ঘনবসতি। কিন্তু এখন এ খসড়া নীতিমালা চূড়ান্ত করা হলে এ দেশে ব্যবসা করা অনিরাপদ হয়ে পড়বে।প্রশ্ন: লাইসেন্স নবায়নের ফি কত হওয়া উচিত?উত্তর: টেলিযোগাযোগ খাতে প্রবৃদ্ধি অব্যাহত রাখতে হলে বাজারে প্রচলিত নিয়মকানুনের ভিত্তিতেই লাইসেন্স নবায়ন ফি হওয়া উচিত। যেমন, লাইসেন্স গ্রাহক সর্বশেষ যে ফি দিয়ে লাইসেন্স নিয়েছে, সে ভিত্তিতে লাইসেন্স নবায়নের ফি নির্ধারণ করা উচিত। এশিয়ার নেপাল ও পাকিস্তানে এটা করা হয়েছে। বাংলাদেশে সর্বশেষ লাইসেন্স গ্রাহক—লাইসেন্স ও স্পেকট্রামের জন্য পাঁচ কোটি মার্কিন ডলার ফি দিয়েছে। আমাদের এ দৃষ্টিভঙ্গির ব্যাখ্যা করে কয়েক মাস আগে বিটিআরসিকে দেওয়া এক পজিশন পেপারে এই পদ্ধতির কথা উল্লেখ করেছি। পত্রিকায় আগাম ফি হিসেবে (চার অপারেটরের জন্য দুই বিলিয়ন মার্কিন ডলার) যা বলা হয়েছে, তার জন্য প্রয়োজনীয় অর্থ পাওয়া যাবে কি না সে বিষয়ে আমি সন্দিহান। সরকারি নিয়ম অনুযায়ী স্থানীয় ব্যাংকগুলো একটি শিল্পে এত বিপুল পরিমাণ অর্থ ঋণ দিতে পারে না। যে নবায়ন নীতিমালার কারণে মুনাফা দ্রুত হ্রাস পাবে, তার ওপর ভিত্তি করে কোন বিদেশি ব্যাংক কী ঋণ দেবে? আর বিদ্যমান শেয়ারধারীরা কি এই অর্থ দিতে রাজি হবে? প্রশ্ন: কিন্তু শুরুতে তো কোনো লাইসেন্স ফি ছিল না।উত্তর: বাংলাদেশে মুঠোফোন সেবা চালুর বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তৎকালীন সরকারের এই দূরদর্শী সিদ্ধান্তের আমরা প্রশংসা করি। ওই সময়ের প্রেক্ষাপটে বাংলাদেশে বিনিয়োগ করার জন্য মোবাইল ফোন অপারেটরদের কম ফির মতো সুবিধা দেওয়া প্রয়োজন ছিল। ফলে অল্প সময়ের মধ্যেই মোবাইল ফোন অপারেটররা বাংলাদেশের মানুষের জীবনযাত্রায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। প্রশ্ন: বাংলাদেশে মোবাইল ফোন অপারেটররা সবাই তো ভালো ব্যবসা করছে বলে বিটিআরসি দাবি করে। সে ক্ষেত্রে সরকারকে বর্ধিত হারে ফি দিতে অসুবিধা কোথায়?উত্তর: এটা প্রচলিত বিশ্বাস হলেও বাস্তবতা ভিন্ন। বাস্তবে এটি তীব্র প্রতিযোগিতামূলক শিল্প। এখানে বিপুল বিনিয়োগ প্রয়োজন হয়। এ ছাড়া বাংলাদেশে এই খাতে বিপুল কর দিতে হয় এবং আয় পৃথিবীর সর্বনিম্ন। অপারেটররা তাদের মোট রাজস্ব আয়ের শতকরা প্রায় ৫০ ভাগ বিভিন্ন ধরনের কর আকারে সরকারি কোষাগারে জমা দেয়, যা প্রতিবেশী যেকোনো দেশের তুলনায় অনেক বেশি। এ রকম ‘চ্যালেঞ্জিং’ পরিস্থিতিতেও গ্রামীণফোন তার আয়ের শতকরা ৮০ ভাগ নেটওয়ার্ক ও সেবা বিস্তারে পুনরায় বিনিয়োগ করে আসছে। এখন নবায়নের খাতে একবারে সাত হাজার কোটি টাকা দিতে গেলে সেবা খাতে নতুন বিনিয়োগ কোথা থেকে আসবে? এ ছাড়া বাংলাদেশ যখন থ্রিজি নিয়ে ভাবছে, সে খাতে প্রচুর বিনিয়োগ করার পরিকল্পনা করছি, তখনই লাইসেন্স নবায়ন নিয়ে এ বিশাল অঙ্ক সরকারকে দিতে হলে থ্রিজি বা অন্যান্য সেবা খাতে কীভাবে বিনিয়োগ করব? প্রশ্ন: উচ্চ ফি গ্রাহকদের ওপর কতটুকু প্রভাব ফেলবে? উত্তর: আমি ব্যক্তিগতভাবে মনে করি, টেলিযোগাযোগ খাতে অপারেটরদের ওপর উচ্চ হারে কর বা ফি আরোপ করা উচিত নয়। কারণ এতে ব্যবসা সম্প্রসারণে নতুন বিনিয়োগ কঠিন হয়ে পড়ে। বিশ্বের অন্যান্য দেশের দিকে লক্ষ করলেই এর উদাহরণ মিলবে। সাম্প্রতিক সময়ে যেসব দেশ টেলিযোগাযোগ খাতে উচ্চ কর বা ফি আরোপ করেছে বা যেসব অপারেপটর অতিরিক্ত হারে ফি দিয়ে লাইসেন্স নিয়েছে, তারা দেশব্যাপী তাদের সেবা ছড়িয়ে দিতে ব্যর্থ হয়েছে। আর বাংলাদেশে যেখানে অপারেটরদের আরপিইউ (রেভিনিউ পার ইউজার) কম, সেখানে অপারেটরদের বেশি কর বা বেশি হারে ফি দিতে হলে স্বাভাবিকভাবেই গ্রাহক পর্যায়ে ট্যারিফ (দাম) বাড়বে। বিশেষ করে প্রত্যন্ত এলাকায় যেখানে সরকার নিজেই তথ্যপ্রযুক্তি পৌঁছে দিতে চাইছে, সেখানে টেলিযোগাযোগ সেবাই অত্যন্ত ব্যয়বহুল হিসেবে বিবেচিত হবে। অপারেটররা যদি লাইসেন্স নবায়নের অর্থ গ্রাহকদের কাছ থেকে আদায়ের চেষ্টা করে, তবে সেবার মূল্য ২৫ থেকে ৭৫ ভাগ বাড়াতে হবে। কিন্তু আরও দুটি অপারেটর যেহেতু এখনই লাইসেন্স নবায়ন করছে না, সেহেতু মূল্য বৃদ্ধি বাস্তবায়ন কোনো নিশ্চিত সমাধান নয়। আর নবায়ন ফি বেশি করা হলে বাংলাদেশে থ্রিজি অবকাঠামো নির্মাণের জন্য কোনো অর্থ থাকবে না। এর মাধ্যমে নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ নিজেই থ্রিজি প্রচলন পাঁচ বছরের জন্য স্থগিত করে দেবে।প্রশ্ন: টেলিযোগাযোগ খাতের বর্তমান অবস্থান পরিস্থিতি কেমন? উত্তর: বাংলাদেশের টেলিযোগাযোগ খাত ক্রমেই বিকশিত হচ্ছে। গত ১৫ বছরে বাংলাদেশে টেলিফোনের ঘনত্ব শতকরা এক ভাগেরও কম থেকে প্রায় ৪০ ভাগে পৌঁছেছে। এ ক্ষেত্রে মুঠোফোনের ভূমিকা শতকরা ৯৮ ভাগের বেশি। বর্তমানে মোবাইল ফোন গ্রাহকের সংখ্যা সাড়ে ছয় কোটি ছাড়িয়ে গেছে। আর ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নের লক্ষ্যে আগামী তিন বছরে অপারেটরদের ইচ্ছে মুঠোফোনের গ্রাহকের সংখ্যা ১০ কোটি করার। তবে প্রধান চার অপারেটরের লাইসেন্স নবায়ন নিয়ে বাজারে কিছুটা অস্থিরতা রয়েছে। সরকারের কাছে একটি ব্যবসা ও বিনিয়োগবান্ধব লাইসেন্স নবায়ন কাঠামো আশা করছি, যা অপারেটরদের ভবিষ্যৎ ব্যবসা এবং বিনিয়োগ পরিকল্পনা তৈরিতে সহায়তা করবে।