টেলিযোগাযোগ খাতের শীর্ষ প্রতিনিধিদলের মিসর সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের উচ্চ পর্যায়ের একটি প্রতিনিধিদল সম্প্রতি মিসর সফর করেছে।প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন ডাক, তার ও টেলিযোগাযোগমন্ত্রী রাজিউদ্দিন আহমেদ রাজু। প্রতিনিধিদলে আরও ছিলেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) চেয়ারম্যান মেজর জেনারেল জিয়া আহমেদ; ডাক, তার ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এম রফিকুল ইসলাম এবং মোবাইল অপারেটরগুলোর পক্ষে কয়েকজন শীর্ষস্থানীয় কর্মকর্তা।মিসরের তথ্যপ্রযুক্তিমন্ত্রী মোহামেদ সালেমের সঙ্গে তাঁর দপ্তরে বাংলাদেশের সফররত প্রতিনিধিদলটি এক দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়। বৈঠকে দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতার বিভিন্ন ক্ষেত্র নিয়ে অন্তরঙ্গ ও প্রয়োজনীয় আলোচনা হয়। এতে বিটিআরসির চেয়ারম্যান মেজর জেনারেল জিয়া আহমেদ, মিসরে বাংলাদেশের রাষ্ট্রদূত মিজানুর রহমান এবং মিসরের ন্যাশনাল টেলিকম রেগুলেটরি অথরিটির (এনটিআরএ) নির্বাহী সভাপতি এএমআর বাদউই, ওরাসকম টেলিকমের নির্বাহী চেয়ারম্যান খালেদ বেচারা, মবিনিল চেয়ারম্যান ও ওরাসকম এক্সিকিউটিভ বোর্ড মেম্বার এলেক্স সালাবি, ওরাসকম টেলিকম গ্রুপের সিইও আহমেদ আবু দোমাসহ মোবাইল অপারেটরদের শীর্ষস্থানীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে দুই দেশের প্রতিনিধিরা নিজেদের মধ্যে পরস্পরের দৃষ্টিভঙ্গি, জ্ঞান ও আইসিটি ফান্ডিং সম্পর্কিত ধারণা বিনিময় করেন। এতে নিজ নিজ দেশের পক্ষে উভয় মন্ত্রী একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরে সম্মত হন। এই চুক্তির আওতায় সম্ভাব্য সব ক্ষেত্রে উভয় দেশ সহযোগিতা, জ্ঞান, কারিগরি দক্ষতা, প্রশিক্ষণ ও অভিজ্ঞতার আদান-প্রদান নিশ্চিত করা হবে। বিজ্ঞপ্তি।