এয়ারটেলের মোবাইল সার্ভিসেসের প্রেসিডেন্ট
টেলিযোগাযোগের সুস্থ বিকাশে সবার মধ্যে সহযোগিতা জরুরি
বিশ্বের অন্যতম টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলের মোবাইল ফোন সার্ভিসেসের প্রেসিডেন্ট অতুল বিন্দাল বলেছেন, ‘বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের দ্রুত ও সুস্থ বিকাশের জন্য সব অপারেটরের মধ্যে পারস্পরিক সহযোগিতা অত্যন্ত জরুরি।’সম্প্রতি ঢাকা সফরকালে অতুল বিন্দাল দেশের প্রধান সংবাদপত্র প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎকালে এ কথা বলেন। এ সময় এয়ারটেল বাংলাদেশের প্রধান নির্বাহী কর্মকর্তা ক্রিস টবিটসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।অতুল বিন্দাল বলেন, ‘ভারতী ফাউন্ডেশন ভারতে যেসব সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে থাকে, বাংলাদেশেও একই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।’ তিনি বলেন, ‘সামাজিক দায়িত্ববোধের ক্ষেত্রে আমরা ব্যবসায়িক কর্মকাণ্ডের বাইরে কিছু করতে চাই। সামাজিক কর্মকাণ্ডের মাধ্যমে আমরা বাংলাদেশের মানুষের হূদয়ে স্থান করে নিতে চাই।’সাক্ষাৎকালে অতুল বিন্দাল বাংলাদেশের টেলিযোগাযোগ খাত, বর্তমান অর্থনৈতিক অবস্থা এবং এ দেশে এয়ারটেলের ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করেন। এ ছাড়া তিনি এম-কমার্স ও মোবাইল ব্যাংকিংয়ের মতো সৃজনশীল এবং নতুন সেবা দেওয়ার মাধ্যমে এ দেশের গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি নিশ্চিত করার ব্যাপারে অঙ্গীকার ব্যক্ত করেন।অতুল বিন্দাল বলেন, ‘বাংলাদেশে প্রায় প্রতিদিনই এয়ারটেলের অন্তত একটি নেটওয়ার্ক টাওয়ার তৈরি হচ্ছে। আসছে মাসগুলোতেও আমরা এই গতিতেই কাজ এগিয়ে নিতে সংকল্পবদ্ধ।’ক্রিস টবিট জানান, বাংলাদেশে টেলিকম অপারেটরদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রে অগ্রগতি খুবই অল্প হলেও সব অপারেটর ধীরে ধীরে এ ব্যাপারে এগিয়ে আসছে। তিনি বলেন, ‘পরোক্ষ অবকাঠামো বিনিময়ের উদ্দেশ্যে এয়ারটেল অন্য অপারেটরদের সঙ্গে ইতিমধ্যে চুক্তি সম্পাদন করেছে। ভবিষ্যতে আমরা একে অন্যের সঙ্গে প্রত্যক্ষ অবকাঠামো বিনিময় চুক্তির জন্য আশাবাদী।’বিশ্বের অন্যতম প্রধান টেলিযোগাযোগ প্রতিষ্ঠান ভারতী এয়ারটেলের এশিয়া ও আফ্রিকাজুড়ে ১৯টি দেশে কার্যক্রম রয়েছে। এর সেবাগুলোর মধ্যে রয়েছে, মোবাইল ফোন সেবা, ফিক্সড লাইন, ব্রডব্যান্ড, আইপিটিভি, ডিটিএইচ প্রভৃতি। ২০১১ সালের মার্চ পর্যন্ত এর সর্বমোট গ্রাহকসংখ্যা ২১৮ মিলিয়নে দাঁড়িয়েছে।ভারতী এয়ারটেল লিমিটেড বর্তমানে এশিয়া ও আফ্রিকার ১৯টি দেশে কার্যক্রম পরিচালনা করছে। বাংলাদেশে এর অঙ্গসংগঠন হলো এয়ারটেল বাংলাদেশ লিমিটেড। এ দেশে দ্রুত কার্যক্রম বিস্তারের লক্ষ্যে এয়ারটেল বাংলাদেশ ৩০ কোটি মার্কিন ডলার বিনিয়োগ করছে। এর ফলে প্রতিষ্ঠানটির সর্বমোট বিনিয়োগের পরিমাণ প্রায় ১০০ কোটি মার্কিন ডলারে দাঁড়িয়েছে। এয়ারটেল ২০১০ সালের ২০ ডিসেম্বর বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বিজ্ঞপ্তি।