টেসকোর ভুলের মাশুল গুনছে লিবার্টি ফ্যাশনস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের তৃতীয় বৃহত্তম খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান টেসকোর ভুলের কারণে মাশুল গুনছে বাংলাদেশের পোশাক কারখানা লিবার্টি ফ্যাশন ওয়্যারস লিমিটেড। প্রতিষ্ঠানটির উৎপাদন বন্ধ হয়ে গেছে। প্রায় ৩০০ কোটি টাকার আর্থিক ক্ষতিসহ চার হাজার পোশাকশ্রমিকের কর্মসংস্থান হুমকির মুখে পড়েছে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল সকালে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন লিবার্টির চেয়ারম্যান মোজ্জাম্মেল হক।
রানা প্লাজা ধসের পর গত মে মাসে টেসকো প্রকৌশলী সংস্থা মিডওয়ে কনসালট্যান্সি সার্ভিসকে (এমসিএস) দিয়ে লিবার্টির কারখানা পরীক্ষা-নিরীক্ষা করায়। এমসিএস প্রতিবেদনে বলে, ‘কারখানার ২ নম্বর ভবনটি ঝুঁকিপূর্ণ। ৬০ ঘণ্টার মধ্যেই ধসে পড়বে।’ এরপরই টেসকো কর্তৃপক্ষ লিবার্টি থেকে পোশাক না কেনার ঘোষণা দেয়।
লিবার্টির কর্মকর্তারা জানান, টেসকোর ঘোষণার পর প্রাথমিকভাবে বিজিএমইএ, আইএলও, শ্রম মন্ত্রণালয়, রাজউক ও ফায়ার সার্ভিস কারখানাটি বন্ধের কথা বলে। পরে তারা পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ কিছু পায়নি। বুয়েটের প্রকৌশলীদের দিয়েও ভবনটি পরীক্ষা-নিরীক্ষা করানো হয়। ছোটখাটো কিছু সংস্কারের কথা বলে সার্বিকভাবে ভবনটিকে নিরাপদ হিসেবে সনদ দেয় বুয়েট।
মোজ্জাম্মেল হক বলেন, টেসকোর ঘোষণার পর চার মাস পার হয়েছে। ভবন তো ধসে পড়েনি। বুয়েটও নিরাপদ বলেছে। এসব জানিয়ে টেসকোকে ১৯টি চিঠি দিয়ে নিষেধাজ্ঞা প্রত্যাহারের অনুরোধ জানালেও তারা কোনো জবাব দিচ্ছে না। এ ঘটনার পর থেকে কেমার্ট, টার্গেট ও কেরিফোর ব্র্যান্ডও কার্যাদেশ কমিয়ে দিয়েছে।
সংবাদ সম্মেলনের সময়ই প্রেসক্লাবের সামনে লিবার্টির পোশাকশ্রমিকেরা টেসকোর নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেন।