ট্যাক্স কার্ড পেলেন ১৪১ করদাতা
এ বছর বিভিন্ন শ্রেণিতে মোট ১৪১ করদাতাকে ট্যাক্স কার্ড দিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এর মধ্যে ৭৬ জন করদাতা ট্যাক্স কার্ড পেয়েছেন। আর প্রতিষ্ঠান হলো ৬৫টি।
আজ বৃহস্পতিবার এক অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে এ সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের নির্বাহীদের হাতে এ ক্রেস্ট ও ট্যাক্স কার্ড তুলে দেওয়া হয়। আগারগাঁওয়ের নির্মাণাধীন এনবিআর ভবনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
যাঁরা ট্যাক্স কার্ড পেয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। তিনি জ্যেষ্ঠ নাগরিক ক্যাটাগরিতে এ সম্মাননা পান। লতিফুর রহমানের পক্ষে তাঁর ছেলে ও ট্রান্সকম গ্রুপের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান এ সম্মাননা গ্রহণ করেন।
ব্যক্তি পর্যায়ে বিভিন্ন ক্যাটাগরিতে যাঁরা ট্যাক্স কার্ড পেয়েছেন তাঁদের মধ্যে অন্যতম হলেন: পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, মো. কাউছ মিয়া, ড্রাগ ইন্টারন্যাশনালের হোসনে আরা হোসেন, সাংসদ গোলাম দস্তগীর গাজী, ব্যবসায়ী আবদুল কাদির মোল্লা, ফয়জুর রহমান ভূঁইয়া, চট্টগ্রামের সদরউদ্দিন খান, ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টারের সম্পাদক মাহফুজ আনাম, চট্টগ্রামের দৈনিক আজাদী সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক, প্রথম আলো সম্পাদক মতিউর রহমান, আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ, কাজী মোহা. তানজীবুল আলম, রফিক উল হক, ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান মাশরাফি বিন মুর্তজা, অভিনয় শিল্পী সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন, কণ্ঠশিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী, শাহিন সামাদ।
এ ছাড়া প্রতিষ্ঠান পর্যায়ে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টার লিমিটেড, ট্রান্সকম বেভারেজ ও ট্রান্সক্রাফট লিমিটেড ট্যাক্স কার্ড পায়। দি ডেইলি স্টারের প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডও ট্যাক্স কার্ড পেয়েছে।
অন্য যেসব প্রতিষ্ঠান বিভিন্ন ক্যাটাগরিতে ট্যাক্স কার্ড পেয়েছে, সেগুলোর মধ্যে অন্যতম হলো: স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, ডাচ বাংলা ব্যাংক, গ্রামীণফোন, নেসলে, স্কয়ার টেক্সটাইলস, এপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস, স্কয়ার ইয়ার্নস, ইউনিলিভার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস, এপেক্স ট্যানারি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্পমন্ত্রী আমির হোসেন আমু। সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান। এ ছাড়া অনুষ্ঠানে গাজীপুর ও নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা বিভাগের সব জেলার সর্বোচ্চ করদাতা হিসেবে তিনজন এবং দীর্ঘসময় ধরে কর দেন এমন দুজন করে করদাতাকে সম্মাননা দেওয়া হয়।