
দেশের সেরা করদাতাদের সম্মাননা দিল জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ বছর বিভিন্ন শ্রেণিতে মোট ১৪১ করদাতাকে ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে। এর মধ্যে ৭৬ জন করদাতা ট্যাক্স কার্ড পেয়েছেন। আর প্রতিষ্ঠান হলো ৬৫টি।
গতকাল বৃহস্পতিবার এনবিআর এক অনাড়ম্বর অনুষ্ঠানে জাতীয় পর্যায়ে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তি ও প্রতিষ্ঠানের উচ্চপর্যায়ের নির্বাহীদের হাতে ক্রেস্ট ও ট্যাক্স কার্ড তুলে দেয়। আগারগাঁওয়ের নির্মাণাধীন এনবিআর ভবনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
প্রথমবারের মতো ব্যক্তি ও প্রতিষ্ঠান পর্যায়ে বিভিন্ন শ্রেণিতে ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে। তাই ট্যাক্স কার্ডধারীর সংখ্যা বেড়েছে। ব্যক্তিশ্রেণির করদাতাদের মধ্যে জ্যেষ্ঠ নাগরিক, গেজেটভুক্ত যুদ্ধাহত মুক্তিযোদ্ধা, প্রতিবন্ধী, নারী, তরুণ, ব্যবসায়ী, বেতনভোগী, চিকিৎসক, সাংবাদিক, আইনজীবী, প্রকৌশলী, স্থপতি, হিসাববিদ, নতুন করদাতা, খেলোয়াড়, অভিনেতা-অভিনেত্রী, গায়ক-গায়িকা নিয়ে আলাদা আলাদা শ্রেণি করা হয়েছে। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিদের মধ্যে যাঁরা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি, তাঁদের নিকটাত্মীয় ও প্রতিনিধিদের হাতে ট্যাক্স কার্ড তুলে দেওয়া হয়।
এ ছাড়া গতকাল দেশের বিভিন্ন স্থানে আয়োজিত অনুষ্ঠানে সিটি করপোরেশন ও জেলা পর্যায়ের সর্বোচ্চ করদাতা হিসেবে ৩ জন এবং দীর্ঘ সময় ধরে কর দেন এমন ২ জন করে মোট ৫১৭ জন এ সনদ পান। রাজধানীর অনুষ্ঠানে গাজীপুর ও নারায়ণগঞ্জ ব্যতীত ঢাকা বিভাগের সব জেলার করদাতাদের সম্মাননা দেওয়া হয়।
আলোচনা: আবুল মাল আবদুল মুহিত বলেন, কর দেওয়া একজন করদাতার জন্য বাহাদুরির বিষয়। কর দিয়ে করদাতারা দেশকে এগিয়ে নেওয়ার সুযোগ করে দিচ্ছেন।
বিশেষ অতিথির বক্তব্যে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেন, ভবিষ্যতের বাংলাদেশ তৈরি করবেন করদাতারাই। পদ্মা সেতুর মতো প্রকল্প দেশের অর্থে তৈরি হচ্ছে।
এনবিআরের চেয়ারম্যান নজিবুর রহমান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
অনুষ্ঠানে আয়কর সপ্তাহের উদ্বোধন করা হয়। ৩০ নভেম্বর পর্যন্ত কর সপ্তাহ চলবে। এ ছাড়া মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীদের জন্য আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ী ১২ জনকে পুরস্কার দেওয়া হয়।
যাঁরা সম্মাননা পেলেন: ব্যক্তিশ্রেণির করদাতাদের মধ্যে ৭৬ জনকে ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে। যেসব শ্রেণিতে যেসব ব্যক্তিকে ট্যাক্স কার্ড দেওয়া হয়েছে তাঁরা হলেন:
জ্যেষ্ঠ নাগরিক: এ শ্রেণিতে শীর্ষে ছিলেন ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। তাঁর পক্ষে সম্মাননা গ্রহণ করেন তাঁর ছেলে ও ট্রান্সকম গ্রুপের পরিচালক আরশাদ ওয়ালিউর রহমান। এরপর এ শ্রেণিতে সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন সদরউদ্দিন খান, মাজিদুল ইসলাম, ফজলুর রহমান, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
নারী: এ শ্রেণিতে কার্ড পেয়েছেন হোসনে আরা হোসেন, লায়লা হোসেন, নিশাত ফারজানা চৌধুরী, জেবা আলী ও জেবুননাহার ইসলাম।
তরুণ: এশ্রেণিতে কার্ড পেয়েছেন নাফিজ শিকদার, গাজী গোলাম মুর্তজা, আবদুল মোসাব্বির আহমেদ, মোহাম্মদ মোস্তফা হায়দার ও এ কে এম আতাউল করিম।
ব্যবসায়ী: এ শ্রেণিতে শীর্ষস্থানে ছিলেন পুরান ঢাকার হাকিমপুরী জর্দার ব্যবসায়ী মো. কাউছ মিয়া। এরপর ছিলেন যথাক্রমে কামরুল আশরাফ খান, গোলাম দস্তগীর গাজী, আবদুল কাদির মোল্লা ও আসলাম সেরনিয়াবাত।
নতুন করদাতা: প্রথমবারের মতো করের আওতায় এসে কার্ড পেয়েছেন সুলতান মাহমুদ, বশির উদ্দিন, মোহাম্মদ আরমান, জালাল উদ্দিন ইসহাক, মোহাম্মদ উল্লাহ, আবদুল কাইয়ুম ও রাফাত কায়সার।
চিকিৎসক: এ শ্রেণিতে শীর্ষ স্থানে রয়েছেন প্রাণ গোপাল দত্ত, জাহাঙ্গীর কবির, এ এ এম মোমেনুজ্জামান, সৈয়দ সাইদ আহমেদ ও নিয়াজ আব্দুর রহমান।
সাংবাদিক: এ শ্রেণিতে সম্মাননা পেয়েছেন ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম, চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক মোহাম্মদ আবদুল মালেক, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, সাংবাদিক আবদুল আহাদ চৌধুরী ও জাহিদুর রহমান।
আইনজীবী: শেখ ফজলে নূর তাপস, আহসানুল করিম, রোকনউদ্দিন মাহমুদ, তানজীব-উল-আলম, রফিক-উল হক।
খেলোয়াড়: ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাশরাফি বিন মুর্তজা।
অভিনেতা-অভিনেত্রী: সুবর্ণা মুস্তাফা, আফজাল হোসেন ও পীযূষ বন্দ্যোপাধ্যায়।
গায়ক-গায়িকা: রেজওয়ানা চৌধুরী বন্যা, সুবীর নন্দী ও শাহীন সামাদ।
হিসাববিদ: ফেরদৌস আহমেদ খান, জাকের আহমেদ ও নিয়াজ মোহাম্মদ।
স্থপতি: রফিক আজম, ইকবাল হাবিব ও হাসান শামস উদ্দিন।
প্রকৌশলী: আবদুল ওয়াদুদ, আব্দুল মোক্তাদির ও কবির আহমেদ ভূঞা।
চাকরিজীবী: খাজা তাজমহল, এম এ হায়দার হোসেন, মোহাম্মদ ইউসুফ, রুবাইয়াত ফারজানা হোসেন ও আব্দুল মুক্তাদির।
যুদ্ধাহত মুক্তিযোদ্ধা: নাসির উদ্দিন মৃধা, এ এস এম নাসিম, মোহাম্মদ শহীদউল্লাহ, এম শামসুল আলম ও মতিউর রহমান।
প্রতিবন্ধী: আকরাম মাহমুদ, আবু তাহের ও মামুনুর রশিদ।
অন্যান্য: সাহাবুদ্দিন আহমেদ, নাজমুল হক ও আনোয়ার হোসেন।
প্রতিষ্ঠান: এ বছর প্রতিষ্ঠান পর্যায়ে ট্রান্সকম গ্রুপের প্রতিষ্ঠান ট্রান্সকম বেভারেজেজ, ট্রান্সক্রাফট লিমিটেড এবং প্রথম আলোর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া স্টার ট্যাক্স কার্ড পেয়েছে। মিডিয়া স্টারের পরিচালক শাহনাজ রহমানের পক্ষে সম্মাননা গ্রহণ করেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ডেইলি স্টার-এর প্রকাশনা প্রতিষ্ঠান মিডিয়া ওয়ার্ল্ডের হয়ে সম্মাননা গ্রহণ করেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান রোকিয়া আফজাল রহমান। এ ছাড়া এ বছর আরও যেসব প্রতিষ্ঠান বিভিন্ন শ্রেণিতে ট্যাক্স কার্ড পেয়েছে সেগুলোর মধ্যে অন্যতম হলো স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক, এইচএসবিসি, ডাচ্-বাংলা ব্যাংক, আইডিএলসি ফাইন্যান্স, ডেল্টাব্র্যাক হাউজিং ফাইন্যান্স, উত্তরা ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট, গ্রামীণফোন, পিএইচপি কোল্ড রোলিং মিলস, বিএসআরএম স্টিলস, আবুল খায়ের স্টিল, নেসলে, তিতাস গ্যাস, স্কয়ার টেক্সটাইলস, অ্যাপেক্স টেক্সটাইল প্রিন্টিং মিলস, স্কয়ার ইয়ার্নস, ইউনিলিভার, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, বার্জার পেইন্টস, বে ডেভেলপমেন্টমস, প্যাসিফিক জিনস, ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং, অ্যাপেক্স ট্যানারি, ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ ও আমেরিকান লাইফ ইনস্যুরেন্স।