ট্যাক্স গাইড প্রকাশ করল ডিসিসিআই
প্রতিবছরের মতো এবারও ট্যাক্স গাইড ২০১৫-১৬ প্রকাশ করেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নজিবুর রহমান গতকাল বুধবার এনবিআর ভবনের মিলনায়তনে বইটির মোড়ক উন্মোচন করেন।
অনুষ্ঠানে এনবিআরের চেয়ারম্যান বলেন, বিগত অর্থবছরগুলোর প্রথম প্রান্তিকে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা কম ধরা হতো। পরে বাড়ানো হতো। কিন্তু এবার রাজস্ব লক্ষ্যমাত্রা প্রতি প্রান্তিকে সমান ধরা হয়েছে। তাই কিছুটা ঘাটতি হয়েছে। এনবিআরে কোনো কোন্দল নেই। রাজস্ব লক্ষ্যমাত্রা আদায়ে সবাই প্রতিযোগিতামূলকভাবে কাজ করে যাচ্ছে। উদাহরণ দিয়ে তিনি বলেন, ২০১০-১১ অর্থবছরে প্রথম প্রান্তিকে রাজস্ব আদায় হয়েছিল ১৫ হাজার কোটি টাকা। গত অর্থবছরে প্রথম প্রান্তিকে আদায় হয়েছে ২৮ হাজার কোটি টাকা। এবার প্রথম প্রান্তিকে ৩১ হাজার কোটি টাকা আদায় হয়েছে।
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সভাপতি হোসেন খালেদ বলেন, তাঁরা নিয়মিত ট্যাক্স গাইড প্রকাশ করে আসছেন যেন আয়কর প্রদানকারীরা উপকৃত হন। তিনি আয়কর দেওয়ার প্রক্রিয়া আরও সহজীকরণ করতে এনবিআরকে আহ্বান জানান।
ঢাকা চেম্বার বলেছে, সংগঠনটি প্রতিবছরই জাতীয় বাজেট প্রণয়নের পরপরই ট্যাক্স গাইডটি প্রকাশ করে থাকে। আয়কর, আমদানি শুল্ক ও মূল্য সংযোজন কর বিষয়ে সর্বশেষ সংশোধন এবং সংযোজন করে চলতি অর্থবছরের জন্য উপযোগী করে এবারের গাইডটি তৈরি করা হয়েছে। ট্যাক্স গাইডটি ঢাকা চেম্বারে সদস্যদের বিনা মূল্যে দেওয়া হবে। অন্যরা ঢাকা চেম্বার থেকে ৩০০ টাকায় কিনতে পারবেন।
অনুষ্ঠানে ঢাকা চেম্বারের সহসভাপতি শোয়েব চৌধুরী, পরিচালক খায়ের মোহাম্মদ খান, আবদুস সালাম প্রমুখ উপস্থিত ছিলেন।