ট্যাক্সকার্ড পাবেন সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও কোম্পানি
জাতীয় পর্যায়ে পাঁচ বছর সর্বোচ্চ করদাতা ব্যক্তি ও কোম্পানিকে সম্মান জানাতে ট্যাক্সকার্ড দেওয়া হবে। মন্ত্রিসভা এ লক্ষ্যে একটি নীতিমালা প্রণয়ন করেছে।নীতিমালা অনুযায়ী জাতীয় পর্যায়ে ১০ জন করদাতাকে ট্যাক্সকার্ডসহ বিভিন্ন সুযোগ-সুবিধা দেওয়া হবে। তবে ঋণখেলাপি, আদালত থেকে প্রাপ্ত দণ্ডে শাস্তি ভোগ করেছেন অথবা পাঁচ বছরে হয়নি এমন করদাতা এর আওতায় আসবেন না। আজ সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ নীতিমালা প্রণয়ন করা হয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।প্রেস সচিব আরও জানান, বর্তমান সরকার রাজস্ব আদায়ের জন্য দেশব্যাপী প্রচারণা চালচ্ছে। এর ফলে এ বছরের রাজস্ব লক্ষ্যমাত্রার চেয়ে বেশি আদায় হয়েছে। তাই করদাতাদের উৎসাহিত করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বৈঠকে বাংলাদেশ ও মালয়েশিয়া যৌথভাবে ল্যাপটপ উত্পাদন কার্যক্রমের অনুমোদন দেওয়া হয়েছে। এ প্রকল্প ব্যয় ধরা হয়েছে ১৪৮ কোটি টাকা। ল্যাপটপের আকার হবে ৮ থেকে ১২ ইঞ্চি। আর এর মূল্য ধরা হয়েছে ১০ থেকে ১৫ হাজার টাকার মধ্যে। বাংলাদেশে টেলিফোন শিল্প সংস্থা (টেশিস) এবং ২ এম করপোরেশন ও টিএসটি মালয়েশিয়া যৌথভাবে এ প্রকল্প বাস্তবায়ন করবে।