ট্যানারি বন্ধ করা হবে চলতি মাসের শেষে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর হাজারীবাগ ছাড়তে ব্যর্থ ট্যানারিগুলোর গ্যাস, বিদ্যুৎ, পানি ও টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হবে চলতি মাসের শেষ দিকে। গতকাল বুধবার পরিবেশ অধিদপ্তরে অনুষ্ঠিত এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এ বৈঠকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সুপ্রিম কোর্টের আদেশ বাস্তবায়নের কর্মপরিকল্পনা জমা দিতে বলেছে পরিবেশ অধিদপ্তর।

হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধ করতে আদালতের নির্দেশ বাস্তবায়নের প্রস্তুতি নিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, বিদ্যুৎ, গ্যাস ও পানি সেবাদাতা প্রতিষ্ঠান, চামড়াশিল্প নগর প্রকল্পের কর্মকর্তাদের নিয়ে এ বৈঠক করে পরিবেশ অধিদপ্তর।

বৈঠক শেষে সংস্থাটির পরিচালক (ঢাকা বিভাগ) ম. আলমগীর প্রথম আলোকে বলেন, ‘আমরা চলতি মাসের শেষ নাগাদ সংযোগ বিচ্ছিন্নের অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছি। এতে হাজারীবাগে থাকা সব ট্যানারির সেবা সংযোগ বিচ্ছিন্ন করা হবে।’ এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ট্যানারি সাভারে প্লট পায়নি। কিন্তু তাদের পরিবেশ ছাড়পত্র নেই। বর্জ্য পরিশোধনাগারও নেই। ফলে তাদের সেবা সংযোগও কেটে দেওয়া হবে।

বারবার সময় বেঁধে দেওয়ার পরও হাজারীবাগ ছাড়তে ব্যর্থ ট্যানারিগুলোকে ৫ মার্চ বন্ধের নির্দেশ দেন হাইকোর্ট। পরে সুপ্রিম কোর্টেও এই আদেশ বহাল থাকে।

ট্যানারিগুলো বন্ধ করে ৬ এপ্রিলের মধ্যে আদালতে প্রতিবেদন জমা দিতে হবে পরিবেশ অধিদপ্তরকে।