রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারিগুলোকে সাভারে প্রতিষ্ঠিত চামড়া শিল্পনগরে নেওয়ার বেঁধে দেওয়া সময়সীমা পেরিয়ে যাওয়ার পর আবার নমনীয় হয়েছে সরকার। ট্যানারি-মালিকদের সঙ্গে বৈঠক করে শিল্প মন্ত্রণালয় তাঁদের আরও এক মাস সময় বাড়িয়ে দিয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী ট্যানারিগুলোকে চলতি মাসের মধ্যে চামড়া প্রক্রিয়াজাত করার প্রথম ধাপ ওয়েট ব্লু অংশ সাভারে নিতে হবে। আর পুরো ট্যানারি সাভারে স্থানান্তর করতে হবে মার্চের মধ্যে। অর্থাৎ আগামী ১ এপ্রিল থেকে হাজারীবাগে ট্যানারিগুলো কোনো ধরনের উৎপাদনকাজ চালাতে পারবে না।
শিল্প মন্ত্রণালয়ে গতকাল রোববার ট্যানারি-মালিকদের দুই সমিতির সঙ্গে বৈঠক করেন শিল্পসচিব মো. মোশাররফ হোসেন ভূঁইয়া। বৈঠক শেষে তিনি সাংবাদিকদের সময় বৃদ্ধির কথা জানান। অথচ ট্যানারি স্থানান্তরের শেষ সময় ছিল গত শনিবার। গত অক্টোবর মাসে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছিলেন, এ সময়ের মধ্যে ট্যানারি না সরলে গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হবে। কিন্তু এ পদক্ষেপ নেওয়ার বদলে এবারও সময় বাড়ানো হলো। অবশ্য শিল্পসচিব বলেছেন, ‘এরপর আমরা আরও কঠোর হব। এবার আসলেই গ্যাস-বিদ্যুতের সংযোগ কেটে দেব।’
পরিবেশদূষণের কারণে হাজারীবাগ থেকে ১৫৪টি ট্যানারি সাভারে নিতে ২০০৩ সালে চামড়া শিল্পনগর প্রকল্প হাতে নেয় সরকার। যদিও ট্যানারিগুলোর দূষণ রোধ করতে প্রথম উদ্যোগ নেওয়া হয়েছিল ১৯৮৬ সালে। ওই বছর ১৭৬টি ট্যানারিসহ ৯০৩টি কারখানাকে পরিবেশদূষণ রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। ২০০২ সালের জানুয়ারিতে তখনকার প্রধানমন্ত্রী খালেদা জিয়া ট্যানারিগুলোকে সাভারে স্থানান্তর করার ঘোষণা দেন। ২০০৩ সালে প্রকল্প নেওয়ার পরও বুড়িগঙ্গায় কোটি কোটি লিটার বর্জ্য গেছে, কিন্তু ট্যানারি সরেনি। পরিবেশবাদী সংগঠনগুলো ডিসেম্বরের পর ট্যানারিগুলো না সরলে বন্ধ করে দেওয়ার দাবি করেছিল।
নতুন বছরের প্রথম দিন গতকাল রোববার রাজধানীর হাজারীবাগ ঘুরে দেখা গেছে, বিভিন্ন কারখানায় কাঁচা চামড়া প্রক্রিয়াজাত করা হয়েছে। কারখানাগুলোতে কাঁচা চামড়ার স্তূপ। অন্যদিকে সাভারের চিত্র কী, তা সাংবাদিকদের জানিয়েছেন শিল্পসচিব। তিনি বলেন, ১৫৪টি ট্যানারির মধ্যে ৫২টি সাভারে চামড়া প্রক্রিয়াজাত করার জন্য ড্রাম বসিয়েছে। ৩৭টি ট্যানারি সেখানে কাঁচা চামড়া প্রক্রিয়াজাত শুরু করেছে। তিনি আরও বলেন, ওয়েট ব্লু অংশ সাভারে নিলে দূষণ ৭০ শতাংশ কমে যাবে। জানুয়ারির পর হাজারীবাগে কাঁচা চামড়া প্রবেশ প্রতিহত করা হবে।
সরকারের প্রস্তুতি সম্পর্কে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সিইটিপির যে কাজটুকু বাকি আছে, তা এক মাসের মধ্যে শেষ হবে। ফলে এক মাস পর সব কটি ট্যানারি সাভারে উৎপাদনে গেলেও বর্জ্য শোধনে কোনো সমস্যা হবে না। তিনি বলেন, এখন সিইটিপির যে অংশ চালু হয়েছে, তাতে পর্যাপ্ত বর্জ্য পাওয়া যাচ্ছে না। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, সিইটিপিতে লবণ পরিশোধনের ব্যবস্থা করার বিষয়টি আলোচনায় আছে। বর্তমান সিইটিপিতেই সেটা করা যাবে। সিইটিপি পরিচালনা করার জন্য একটি কোম্পানি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
ট্যানারির শক্ত বর্জ্য আর শিল্প এলাকার ভেতরে ফেলে রাখা হবে না বলে উল্লেখ করে মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, সিটি করপোরেশন প্রতিদিন ওই বর্জ্য নিয়ে যাবে।
বৈঠকে বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) চেয়ারম্যান মহিউদ্দিন আহমেদ ও বাংলাদেশ ট্যানার্স অ্যাসোসিয়েশনের (বিটিএ) সভাপতি শাহীন আহমেদ উপস্থিত ছিলেন।
১৯৮৬
১৭৬ ট্যানারিকে দূষণরোধে ব্যবস্থার নির্দেশ সরকারের
২০০৩
সাভারে চামড়া শিল্পনগর প্রকল্প শুরু
২০০৮
২০১০ সালের ফেব্রুয়ারির মধ্যে সরানোর ঘোষণা
২০১০
হাইকোর্টে ২ বছর সময় বৃদ্ধির আবেদন করে সরকার
২০১১
পরিবেশমন্ত্রী সংসদে জানান, ট্যানারি সরবে ২০১২ সালে
২০১৬
১০ জানুয়ারি: ৭২ ঘন্টা সময় বেঁধে দেন শিল্পমন্ত্রী
১ এপ্রিল: ৭ দিন সময় দেওয়া হয়
১৮ জুলাই: দিনে ১০ হাজার টাকা করে জরিমানা করেন সুপ্রিম কোর্ট
১৬ অক্টোবর: ডিসেম্বর পর্যন্ত সময়
২০১৭
১ জানুয়ারি: আরও এক মাস সময় বাড়িয়ে দিল শিল্প মন্ত্রণালয়
সূত্র: বুড়িগঙ্গা রিভারকিপার