ট্যানারি স্থানান্তরে ঋণ পেতে সহায়তা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হাজারীবাগের ট্যানারি দ্রুত স্থানান্তর ও সাভারে চামড়াশিল্পনগরীতে অবকাঠামো নির্মাণে ব্যাংক ঋণ পেতে শিল্প মন্ত্রণালয়ের সহায়তা চেয়েছেন বাংলাদেশ ফিনিশড লেদার, লেদার গুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিএফএলএলএফইএ)।
সংগঠনটির নেতারা আজ রোববার শিল্পমন্ত্রী আমির হোসেন আমুর সঙ্গে বৈঠক করে এ সহায়তা চান। শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বৈঠকে বিএফএলএলএফইএর নেতারা বলেন, চামড়াশিল্পনগরীকে পরিবেশবান্ধব হিসেবে গড়ে তুলতে হলে অত্যাধুনিক যন্ত্রপাতি স্থাপন ও উন্নতমানের অবকাঠামো নির্মাণ করতে হবে। অবকাঠামো নির্মাণে তিন হাজার ৩০০ কোটি টাকা ও নতুন যন্ত্রপাতি স্থাপনে এক হাজার ৮০০ কোটি টাকা ব্যয় হবে। এ টাকার সংস্থান করতে বাংলাদেশ ব্যাংকের সার্কুলারের দ্রুত বাস্তবায়নের দাবি জানান তাঁরা।
শিল্পমন্ত্রী বলেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই হাজারীবাগের ট্যানারি স্থানান্তর করে সাভারে পরিবেশবান্ধব চামড়াশিল্পনগরী চালু হবে। এ লক্ষ্যে সরকার ইতোমধ্যে ট্যানারির মালিকদের যৌক্তিক দাবিগুলো মেনে নিয়েছে। অবকাঠামো ও যন্ত্রপাতি স্থাপনে উদ্যোক্তাদের সহায়তার অংশ হিসেবে সরকার ২৫০ কোটি টাকা ক্ষতিপূরণ দিয়েছে। এর পরও দ্রুত চামড়াশিল্পনগরী চালুর স্বার্থে উদ্যোক্তাদের যেকোনো বাস্তবসম্মত সমস্যার সমাধানে সবার সঙ্গে আলোচনা করা হবে।
বৈঠকে সাংসদ এ কে এম রহমতউল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বেগম পরাগ, চামড়াশিল্পনগরী ঢাকার প্রকল্প পরিচালক সিরাজুল হায়দার, বিএফএলএলএফইএর চেয়ারম্যান আবু তাহের, নির্বাহী কমিটির সদস্য মো. শহিদুল্লা প্রমুখ উপস্থিত ছিলেন।