ট্যানারির সেবা সংযোগ কাটা হবে আগামীকাল
রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য সেবা সংযোগ আগামীকাল শনিবার বিচ্ছিন্ন করা হবে। পরিবেশ অধিদপ্তর গতকাল বৃহস্পতিবার রাতে এ কথা জানিয়েছে।
উচ্চ আদালতের আদেশ অনুযায়ী পরিবেশ অধিদপ্তরকে হাজারীবাগের ট্যানারির গ্যাস-বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে ১০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। সে অনুযায়ী সংস্থাটি গত মঙ্গলবার সংযোগ বিচ্ছিন্ন করতে চেয়েছিল। তবে ঢাকায় দুটি সম্মেলনের কারণে অভিযান পিছিয়েছে।
পরিবেশ অধিদপ্তরের ঢাকা বিভাগের পরিচালক ম. আলমগীর গতকাল রাতে প্রথম আলোকে বলেন, ইতিমধ্যে টেলিফোন সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। গ্যাস-বিদ্যুৎ ও অন্যান্য সংযোগ বিচ্ছিন্ন করতে প্রস্তুতি নেওয়া হয়েছে। শনিবার সকাল ৯টা থেকে অভিযান শুরু হবে।
হাইকোর্ট গত ৬ মার্চ হাজারীবাগে থাকা ট্যানারিগুলো বন্ধের নির্দেশ দেন। সেখানে থাকা ১৫৪টি ট্যানারি সরিয়ে সাভারে নিতে ১৯৯ একর জমিতে চামড়াশিল্প নগর গড়ে তোলা হচ্ছে। ট্যানারি মালিকেরা বলছেন, সাভারে গ্যাসের সংযোগ নেই। হাজারীবাগে ট্যানারি বন্ধ করে দেওয়া হলে প্রস্তুত চামড়া উৎপাদন বন্ধ হয়ে যাবে।