প্রস্তুতি নিতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে চিঠি দিয়েছে পরিবেশ অধিদপ্তর
ট্যানারির সেবা সংযোগ কাটা হবে বৃহস্পতিবার
রাজধানীর হাজারীবাগে থাকা ট্যানারিগুলোর গ্যাস-বিদ্যুৎসহ অন্যান্য সেবা সংযোগ আগামী বৃহস্পতিবার থেকে বিচ্ছিন্ন করা শুরু করবে পরিবেশ অধিদপ্তর। এ বিষয়ে প্রস্তুতি নিতে অধিদপ্তর থেকে সংশ্লিষ্ট সব সংস্থাকে চিঠি দেওয়া হয়েছে। অবশ্য পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, এক দিনে সব ট্যানারির সংযোগ বিচ্ছিন্ন করা সম্ভব হবে না। সে ক্ষেত্রে কয়েক দিন লাগতে পারে।
উচ্চ আদালতের আদেশ অনুযায়ী পরিবেশ অধিদপ্তরকে হাজারীবাগের ট্যানারির গ্যাস-বিদ্যুতের সংযোগ বিচ্ছিন্ন করে ১০ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে হবে। আদালত ৬ এপ্রিল, অর্থাৎ বৃহস্পতিবারের মধ্যে সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী পরিবেশ অধিদপ্তর আজ মঙ্গলবার সংযোগ বিচ্ছিন্ন শুরু করতে চেয়েছিল। কিন্তু পুলিশের ব্যস্ততার কারণে সংযোগ বিচ্ছিন্নের কার্যক্রম বৃহস্পতিবার থেকে শুরু করতে হচ্ছে বলে জানান পরিবেশ অধিদপ্তরের একজন কর্মকর্তা।
হাজারীবাগে অভিযান পরিচালনার জন্য নিরাপত্তা চাওয়া হলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) থেকে পরিবেশ অধিদপ্তরকে জানানো হয়েছে যে ঢাকায় ইন্টার পার্লামেন্টারি ইউনিয়নের (আইপিইউ) সম্মেলন চলছে। এ ছাড়া সৌদি আরবের দুজন ইমাম বাংলাদেশে আসবেন বলে ঢাকায় ওলামা সম্মেলন অনুষ্ঠিত হবে। এ দুই সম্মেলনে নিরাপত্তা দিতে পুলিশ সদস্যরা ব্যস্ত থাকবেন।
এ কারণে বৃহস্পতিবার সংযোগ বিচ্ছিন্ন শুরু করে পরবর্তী কয়েক দিনে শেষ করতে চায় পরিবেশ অধিদপ্তর। হাজারীবাগের ট্যানারিগুলো গত ৬ মার্চ বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। এই আদেশের বিরুদ্ধে ট্যানারি মালিকেরা আপিল বিভাগে আপিল করেন। তবে ১২ মার্চ তা খারিজ করে দেন আপিল বিভাগ।
এরপর ট্যানারি মালিকেরা আগামী ঈদুল আজহা পর্যন্ত সময় চেয়ে হাইকোর্টে একটি আবেদন করেন। সেটি গত বুধবার খারিজ হয়। বৃহস্পতিবার ট্যানারি মালিকদের জরিমানা নিয়ে এক শুনানিতে আপিল বিভাগ বলেন, মালিকেরা হাজারীবাগের ট্যানারি বন্ধ করে এলে জরিমানা পুনর্বিবেচনার আবেদন বিবেচনা করা হবে।
সর্বোচ্চ আদালতের এ মনোভাবের কারণে ট্যানারি মালিকেরা হাজারীবাগে থাকার সময় বৃদ্ধির জন্য নতুন করে আবেদন করা নিয়ে দোনাটায় আছেন। তাঁরা দুই দিনে আইনজীবীদের সঙ্গে একাধিক দফা আলোচনা করেছেন। তবে আবেদন করলে সেখান থেকে কোনো ইতিবাচক ফল আসবে কি না, তা নিয়ে সন্দিহান মালিকদের দুই সংগঠনের নেতারা। অবশ্য আজও তাঁরা আইনজীবীদের সঙ্গে আলোচনা করবেন বলে জানা গেছে।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএলএলএফইএ) সভাপতি মহিউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘পরিবেশ অধিদপ্তর সংযোগ বিচ্ছিন্ন করতে আসার আগে যদি আমাদের জানায়, তাহলে আমরা তাদের পূর্ণ সহযোগিতা দেব। আমরা মধ্যস্বত্বভোগী নই। আমরা শিল্প গড়ে কর্মসংস্থান করি, আমাদের দেশপ্রেম আছে।’