রাজধানীর হাজারীবাগ থেকে ট্যানারি সাভারে স্থানান্তরকালে শ্রমিকদের ক্ষতি হয় এমন কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে আশ্বাস এসেছে মালিক, শ্রমিক ও সরকারের ত্রিপক্ষীয় এক বৈঠকে।
শ্রম মন্ত্রণালয়ে গতকাল বুধবার বিকেলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মুজিবুল হক, মালিকদের দুই সমিতি ও ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের নেতারা এবং স্থানীয় (হাজারীবাগ) সাংসদ শেখ ফজলে নূর তাপস উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে ট্যানারি ওয়ার্কার্স ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ বলেন, ট্যানারি সরাতে যে জটিলতা তৈরি হয়েছে তার জন্য শ্রমিকেরা দায়ী নন। বৈঠকে উদ্ভূত পরিস্থিতিতে শ্রমিকদের ক্ষতিগ্রস্ত করে কারখানা লে-অফের মতো কোনো পদক্ষেপ নেওয়া হবে না বলে আশ্বাস দেওয়া হয়েছে। তবে দীর্ঘ সময় কারখানা বন্ধ রাখতে হলে সে বিষয়ে পরে বিবেচনা করা হবে।
চলতি মাসে হাজারীবাগের ট্যানারিগুলো বন্ধের রায় দিয়েছেন হাইকোর্ট। পরিবেশ অধিদপ্তর সেই রায় বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে। এ পরিস্থিতিতে হাজারীবাগের ট্যানারিগুলোতে কর্মরত প্রায় ২৫ হাজার শ্রমিকের ভবিষ্যৎ নিয়ে উৎকণ্ঠা তৈরি হয়েছে।
বাংলাদেশ ফিনিশড লেদার, লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ‘শ্রমিকেরা আমাদের সম্পদ। আমরা অবশ্যই তাঁদের ভালো রাখার চেষ্টা করব। তবে কোনো মালিক নিজেই যদি ক্ষতিগ্রস্ত হন, সে ক্ষেত্রে শ্রমিকদের বাঁচাবেন কী করে।’