ট্যারিফ ও সেবা অনুমোদনে বিটিআরসির ক্ষমতা খর্ব হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) কাছে বিভিন্ন টেলিকম অপারেটরদের ট্যারিফ ও সেবা অনুমোদনের প্রথাগত ক্ষমতা আর থাকছে না। এখন থেকে এ-সংক্রান্ত অনুমোদনে সিদ্ধান্ত দেবে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। এতে করে কার্যত বিটিআরসির ক্ষমতা খর্ব হলো। মন্ত্রণালয় ও বিটিআরসি সূত্রগুলো বিষয়টি নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র থেকে জানা গেছে, ২০১০ সালে টেলিযোগাযোগ আইন সংশোধন হওয়ার পর অপারেটরদের ট্যারিফ ও সেবা অনুমোদনের কর্তৃত্ব গ্রহণ করে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়। কিন্তু ওই সময় নানা ধরনের জটিলতা এড়াতে ও দ্রুত কাজ সম্পন্ন হওয়ার জন্য মন্ত্রণালয় এসব বিষয় অনুমোদনের জন্য বিটিআরসিকে দায়িত্ব দেয়। তার পর থেকে এ-সংক্রান্ত অনুমোদন বিটিআরসি দিয়ে আসছিল। তবে ভূতপূর্ব অনুমোদনের জন্য পরে প্রয়োজনীয় কাগজ মন্ত্রণালয়ে পাঠানো হতো।

কিন্তু বিটিআরসির সিদ্ধান্তে একবার চালু হওয়া সেবা ও ট্যারিফ গ্রাহকের কাছে পৌঁছে যাওয়ার পর এ নিয়ে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বা মতামত দেওয়া সুযোগ ছিল না। এ ছাড়া এই বিষয়টি পরিচালনা করতে গিয়ে বিটিআরসির বিভিন্ন সিদ্ধান্তের সঙ্গে মন্ত্রণালয়ের সিদ্ধান্তেও মতপার্থক্য দেখা দেয়।

এসব কারণে আইন অনুসারে বিটিআরসির প্রথাগত অনুমোদনের ক্ষমতা আবার নিজেদের কাছে ফিরিয়ে নিচ্ছে মন্ত্রণালয়।

জানা গেছে, চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে মন্ত্রণালয় বিটিআরসিকে ট্যারিফ ও সেবার অনুমোদন-সংক্রান্ত কাগজ মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেয়। বর্তমানে ওই নির্দেশনা মেনে গত দুই সপ্তাহ থেকে কাজ করছে বিটিআরসি।

টেলিযোগাযোগ খাত-সংশ্লিষ্ট ব্যক্তিরা অবশ্য মনে করছেন,  মন্ত্রণালয় এমনিতেই নানা ধরনের কাজের চাপে থাকে। আবার সেবা ও ট্যারিফ নির্ধারণ বিষয়ে তাদের দক্ষতার ঘাটতিও রয়েছে। ফলে এখন অনুমোদন পেতে বেশি সময় লেগে যেতে পারে।

জানতে চাইলে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের সচিব আবু বকর সিদ্দিক গতকাল মঙ্গলবার প্রথম আলোকে বলেন, কমিশনের কাজ হচ্ছে নীতিনির্ধারণ করা। কিন্তু এর বাইরে ট্যারিফ ও সেবা অনুমোদনের কাজের কারণে কমিশনের অন্যান্য কাজ বাধাগ্রস্ত হচ্ছে। তাই মন্ত্রণালয় ট্যারিফ ও সেবা অনুমোদনের সিদ্ধান্ত নিয়েছে।

সচিব আরও বলেন, বিটিআরসিতে যে সময় লাগত, মন্ত্রণালয়ে তার চেয়ে কম সময় লাগবে।