ট্যারিফ কমিশনের আইন সংশোধনের তাগিদ
অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক বাণিজ্যের নানা দিক বিশ্লেষণ করে সরকারকে যথাযথ পরামর্শ দিতে পারছে না বাংলাদেশ ট্যারিফ কমিশন। সংস্থাটি নিজেই বলেছে, দ্বিপক্ষীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্যব্যবস্থার সঙ্গে দিন দিন বাংলাদেশের সম্পৃক্ততা বাড়ছে। কিন্তু বর্তমান আইনে কমিশনের কার্যাবলিই সুনির্দিষ্ট করা নেই। এমনকি কমিশনের বার্ষিক বাজেটে থোক বরাদ্দ বাবদ প্রতিবছর যে অর্থ দেওয়া হয়, নানা জটিলতায় তাও ব্যয় করতে পারে না সংস্থাটি।সম্প্রতি বাণিজ্যসচিব মো. গোলাম হোসেনের কাছে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মো. মজিবুর রহমান ট্যারিফ কমিশন আইনের বিভিন্ন অসংগতি তুলে ধরে একটি চিঠি পাঠিয়েছেন। সঙ্গে পাঠানো হয়েছে একটি ধারণাপত্র। ওই চিঠি ও ধারণাপত্রে এসব কথা বলা হয়েছে। এতে যৌক্তিকতাসহ বিদ্যমান ট্যারিফ কমিশন আইনের বিভিন্ন ধারা সংশোধনের প্রস্তাব করা হয়েছে।সংস্থাটির শীর্ষপর্যায়ের একজন কর্মকর্তা প্রথম আলোকে জানান, শুল্কনীতি ও বাণিজ্য চুক্তিসহ বিভিন্ন বিষয়ে সরকারকে যে পরামর্শ দেওয়া হচ্ছে, তা যথেষ্ট নয়। বিশ্ববাণিজ্যের পরিবর্তিত পরিস্থিতিতে বিদ্যমান আইনের আওতায় সংস্থাটির পক্ষে তেমন ভূমিকা পালন করাও কঠিন। কারণ, সব দিক থেকেই সংস্থাটি দুর্বল। আর তাই ট্যারিফ কমিশন চায় বিদ্যমান ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন আইন, ১৯৯২’-এর জরুরি সংশোধন।আইন সংশোধনের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে সংস্থাটির ক্ষমতা ও কর্মপরিধি বাড়ানো, আইনের বিভিন্ন ধারার অস্পষ্টতা দূর করা এবং অভিজ্ঞ লোক নিয়োগ করা জরুরি বলে মনে করছে ট্যারিফ কমিশন। এমনকি সংস্থাটির বর্তমান নাম ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন’-এর পরিবর্তে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন’ রাখা দরকার বলেও প্রস্তাব দেওয়া হয়েছে।অভিজ্ঞ লোক নিয়োগ: ট্যারিফ কমিশন বলেছে, অন্যান্য দেশে এজাতীয় সংস্থা স্বশাসিত হলেও বর্তমান কমিশন তা নয়। বর্তমানে এটি ‘স্থায়ী ধারাবাহিকতাসম্পন্ন বিধিবদ্ধ সংস্থা’। কিন্তু হওয়া দরকার ‘স্থায়ী ধারাবাহিকতাসম্পন্ন বিধিবদ্ধ স্বশাসিত সংস্থা’।এ ছাড়া বিদ্যমান আইনে চেয়ারম্যান ও সদস্যরা সরকার কর্তৃক নিযুক্ত হওয়ার কথা বলা হয়েছে। কিন্তু চেয়ারম্যান ও সদস্যরা অর্থনীতি ও বাণিজ্য বিষয়ে অভিজ্ঞ হবেন—এমন শর্ত আরোপ করা প্রয়োজন বলে মনে করছে সংস্থাটি। নইলে কমিশনের কাজ গতিশীল হবে না। উদাহরণ হিসেবে আণবিক শক্তি, টেলিযোগাযোগ নিয়ন্ত্রক ও জ্বালানি নিয়ন্ত্রক কমিশনের চেয়ারম্যান ও সদস্য নিয়োগের ক্ষেত্রে এমন শর্ত দেওয়া রয়েছে বলে সংস্থাটির ধারণাপত্রে উল্লেখ করা হয়েছে।জানা গেছে, ট্যারিফ কমিশনে বিভিন্ন সময়ে এমন সদস্যও নিয়োগ পেয়েছেন, বাণিজ্য ও অর্থনীতি বিষয়ে যাঁদের বিশেষায়িত জ্ঞান নেই। কমিশনে যোগ দেওয়ার আগে তাঁরা সংস্থাপন মন্ত্রণালয়ে কর্মরত ছিলেন।কার্যাবলি সুনির্দিষ্ট নেই: বিদ্যমান ট্যারিফ আইনে কমিশনের কার্যাবলি হিসেবে যা বলা আছে, তা ভাসা ভাসা এবং অস্পষ্ট। ট্যারিফ কমিশনের মতে, বর্তমান কমিশনের কার্যাবলি সুনির্দিষ্ট নেই। তাই এর কার্যাবলি বিন্যস্ত করতে হবে। বিশ্বের সব দেশেই ট্যারিফ কমিশনের মতো সংস্থাগুলোর অন্যতম কাজ হলো শুল্কনীতির পর্যালোচনা ও শুল্কহার যৌক্তিকীকরণ। অথচ বিদ্যমান ১৯৯২ সালের আইনে এ বিষয়ে কিছুই বলা নেই। বরং কাজটি করছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। অন্যদিকে, নিত্যপ্রয়োজনীয় পণ্যের আন্তর্জাতিক দর পর্যবেক্ষণ, দেশীয় দরের সঙ্গে এর তুলনা এবং সরকারকে সুপারিশ করার বিষয়েও আইনে কিছু বলা নেই। অর্থাৎ এটি ট্যারিফ কমিশনের কাজই নয়। অথচ কাজটি করতে হচ্ছে এই কমিশনকে। কমিশনের কার্যাবলিকে তাই সুনির্দিষ্ট করতে হবে বলে ট্যারিফ কমিশন মনে করে।বর্তমান আইনে বলা রয়েছে, ‘ডাম্পিং ও বিদেশি পণ্যের আমদানি ও বিক্রয়ের ব্যাপারে অসাধু পন্থা প্রতিরোধকল্পে পদক্ষেপ গ্রহণ করা হবে।’ এই ধারাটির পরিবর্তন চেয়ে ট্যারিফ কমিশন প্রস্তাব দিয়েছে, ‘দেশীয় শিল্পের জন্য ক্ষতিকর ডাম্পিং এবং কোনো পণ্যের আমদানি অস্বাভাবিক বৃদ্ধি ও অসাধু ব্যবসা প্রতিরোধে পদক্ষেপ নেওয়া হবে।’ এ ছাড়া দ্বিপক্ষীয়, আঞ্চলিক, বিশ্ব বাণিজ্য সংস্থাসহ (ডব্লিউটিও) বহুপক্ষীয় বাণিজ্য; ট্রানজিট বাণিজ্য; জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) এবং শিল্প, বাণিজ্য, বিনিয়োগ ও শুল্কনীতি প্রণয়নে পরামর্শ; বৈদেশিক বাণিজ্য উন্নয়নে বিজনেস কাউন্সিল গঠন ও তদারক ইত্যাদি বিষয়ে সরকারকে সুপারিশ করার ক্ষমতা থাকার কথা বলা হয়েছে। কমিশনের সুপারিশ অনুযায়ী সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। তবে সুপারিশ যথোচিত বিবেচিত না হলে পুনঃপরীক্ষার জন্য সরকারকে তা কমিশনের কাছে ফেরত পাঠাতে হবে। বর্তমান আইনে ফেরত পাঠানোর বিষয়টি অনুপস্থিত।গবেষণার অর্থ: ট্যারিফ কমিশনের বার্ষিক বাজেটে সরকারের পক্ষ থেকে গবেষণা উপখাতে প্রতিবছর থোক কিছু অর্থ বরাদ্দ দেওয়া হয়ে থাকে। কিন্তু কোনো বছরই এ অর্থের পুরোটা ব্যয় হয় না। কারণ, কমিশনে কোনো গবেষণা বিভাগ নেই, সেলও নেই। এমনকি নেই কোনো গবেষণা ডেস্ক।ট্যারিফ কমিশন সূত্র জানায়, এ অর্থ ব্যয় না হওয়ার অন্যতম কারণ হলো, সরকারের অনুমোদন ছাড়া কমিশন কোনো কর্মকর্তা ও কর্মচারীর পদ সৃষ্টি করতে পারে না। এমনকি খণ্ডকালীন লোকবল নিয়োগেরও বিধান নেই।তবে সংস্থাটি চাইছে গবেষণাকাজে সহায়তার জন্য পূর্ণকালীন বা খণ্ডকালীন গবেষণা পরামর্শক নিয়োগ দিতে পারার ক্ষমতা। কমপক্ষে গবেষণা সহায়তাকারী হিসেবে স্বল্প মেয়াদের জন্য এবং চুক্তিভিত্তিক হলেও যাতে কাউকে নিয়োগ দেওয়া যায়। আবার কমিশনের বাজেট বিষয়ে বিদ্যমান আইনে বলা রয়েছে, ‘কমিশন প্রতিবছর সরকার কর্তৃক নির্দিষ্ট সময়ের মধ্যে পরবর্তী অর্থবছরের বার্ষিক বাজেট বিবরণী সরকারের কাছে পেশ করবে এবং এতে উক্ত অর্থবছরে সরকারের কাছ থেকে কমিশনের কী পরিমাণ অর্থের প্রয়োজন তার উল্লেখ থাকবে।’ বাজেটের এই ধারাটির সংশোধন চেয়েছে ট্যারিফ কমিশন। কমিশন চায়, কমিশনের বাজেটে একটি সুনির্দিষ্ট গবেষণা উপখাত থাকবে। এ উপখাত থেকে গবেষণা সহায়ক তথ্য-উপাত্ত ও সরঞ্জাম সংগ্রহ, সভা, সেমিনার, কর্মশালা ইত্যাদির আয়োজন ও প্রশিক্ষণকাজে অর্থ ব্যয় করা হবে। অর্থাৎ অর্থ ব্যয়ের ক্ষমতাটি থাকতে হবে কমিশনের। এ ছাড়া গবেষণা পরামর্শক ও গবেষণা সহায়কারীদের ব্যয়ভার যাতে কমিশনের গবেষণা উপখাত থেকে নির্বাহ করা যায়, সেই বিধানও থাকতে হবে।নাম পরিবর্তনের যৌক্তিকতা: ‘বাংলাদেশ ট্যারিফ কমিশন’-এর পরিবর্তে ‘বাংলাদেশ ট্রেড অ্যান্ড ট্যারিফ কমিশন’ রাখার পক্ষে কিছু যুক্তি তুলে ধরেছে সংস্থাটি। বলেছে, ১৯৯২ সালে গঠনের পর থেকে বিশ্ববাণিজ্য-ব্যবস্থায় উল্লেখযোগ্য পরিবর্তন ঘটেছে। যেমন—১৯৯৩ সালে সার্ক প্রেফারেনশিয়াল ট্রেডিং অ্যারেঞ্জমেন্ট (সাপটা), ১৯৯৫ সালে ডব্লিউটিও, ২০০২ সালে এশিয়া প্যাসিফিক ট্রেড অ্যাগ্রিমেন্ট (আপটা), ২০০৪ সালে দক্ষিণ এশীয় মুক্ত বাণিজ্য এলাকা (সাফটা), একই বছরে দ্য বে অব বেঙ্গল ইনিশিয়েটিভ ফর মাল্টিসেক্টোরাল টেকনিক্যাল অ্যান্ড ইকোনমিক কো-অপারেশনের (বিমসটেক) আওতায় মুক্ত বাণিজ্য অঞ্চল (এফটিএ) এবং অন্যান্য দ্বিপক্ষীয় চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ।এ ছাড়া কমিশনের কার্যাবলি শুল্কসংক্রান্ত বিষয় ছাড়া অন্যান্য বাণিজ্য বিষয়েও প্রসারিত হয়েছে। বিশ্ববাণিজ্যের পরিবর্তিত পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রেখে বিশ্বের অনেক দেশ ট্যারিফ কমিশনের অনুরূপ সংস্থার নাম ইতোমধ্যেই বদলে ফেলেছে। বাংলাদেশেও তাই পরিবর্তন হওয়াটা জরুরি।যোগাযোগ করলে ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান প্রথম আলোকে বলেন, বর্তমান বিশ্বব্যবস্থায় অস্বীকার করার উপায় নেই যে যত উন্নয়ন, তত বাণিজ্য অথবা যত বাণিজ্য, তত উন্নয়ন। কিন্তু অভ্যন্তরীণ হোক আর আন্তর্জাতিকই হোক, কোনো বাণিজ্যের ব্যাপারেই ভালো কাজ দেখাতে পারছে না ট্যারিফ কমিশন। কারণ, সংস্থাটিকে দুর্বল বানিয়ে রাখা হয়েছে এবং এর অনেক কাজ দিয়ে দেওয়া হয়েছে এনবিআরকে। শুল্কহার যৌক্তিকীকরণের কাজ কেন এনবিআর করবে, তা বোধগম্য নয় মজিবুর রহমানের। সংস্থাটির সাবেক একাধিক কর্মকর্তা জানান, ১৯৯১-৯৪ সময়কালে বর্তমান সাংসদ মহীউদ্দীন খান আলমগীর ছিলেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান। আর সে সময় অর্থমন্ত্রী ছিলেন এম সাইফুর রহমান। রাজনৈতিক অপছন্দের বিবেচনায় তৎকালীন অর্থমন্ত্রী ট্যারিফ কমিশনকে বিভিন্নভাবে দুর্বল করে রাখেন। পরবর্তীকালে অন্য সরকারের আমলেও এর প্রতি তেমন নজর দেয়া হয়নি।মজিবুর রহমান আরও বলেন, ডব্লিউটিওর আওতায় প্রতিযোগিতায় টিকে থাকতে হলে ট্যারিফ কমিশনকে শক্তিশালী করার বিকল্প নেই। সে কারণেই বিদ্যমান আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে।জানা গেছে, ট্যারিফ কমিশনকে শক্তিশালী করতে আইন সংশোধনের এত যে আয়োজন, তাতে বাণিজ্য মন্ত্রণালয়ের দিক থেকে পর্যাপ্ত সাড়া মিলছে না। বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানায়, আইন সংশোধনের প্রস্তাব আসার দেড় মাস পার হলেও এ বিষয়ে কোনো সভা অনুষ্ঠিত হয়নি। আর বাণিজ্যমন্ত্রী মুহাম্মদ ফারুক খানের ইঙ্গিত পাওয়া না গেলে শিগগিরই কোনো সভা অনুষ্ঠানের সম্ভাবনাও নেই।অবশ্য বাণিজ্যমন্ত্রীই বেশ কিছুদিন আগে একবার গণমাধ্যমকে জানিয়েছিলেন যে ট্যারিফ কমিশনকে শক্তিশালী করার জন্য উদ্যোগ নেয়া হবে।আর বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন প্রথম আলোকে বলেন, ‘আইন সংশোধন করে ট্যারিফ কমিশনকে শক্তিশালী করার ব্যাপারে বাণিজ্য মন্ত্রণালয় একমত। শিগগির এ ব্যাপারে একটি আন্তমন্ত্রণালয় সভা ডাকা হবে।’