ট্যারিফ কমিশনের প্রতিবেদনে কিছু সংযোজন-বিয়োজন হবে
ট্রানজিট বিধিমালা প্রণয়নের জন্য বাংলাদেশ ট্যারিফ কমিশন কর্তৃক প্রস্তুত করা প্রতিবেদনে বেশ কিছু বিষয় সংযোজন ও বিয়োজন করা হতে পারে। গতকাল মঙ্গলবার সকালে অর্থমন্ত্রীর বাসায় এ বিষয়ে মন্ত্রী ও উপদেষ্টাদের এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। তবে কোন কোন বিষয় নতুন করে সংযোজন হচ্ছে, সে সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে অংশ নেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান, পররাষ্ট্রমন্ত্রী দিপুমনি, প্রধানমন্ত্রীর অর্থনীতি বিষয়ক উপদেষ্টা মসিউর রহমান, আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী, বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদ প্রমুখ। বৈঠকে ট্রানজিট প্রতিবেদনটির বিভিন্ন দিক উপস্থাপন করেন ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান। যোগাযোগ করা হলে বাণিজ্যমন্ত্রী ফারুক খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘ট্যারিফ কমিশন যে প্রতিবেদন জমা দিয়েছে, আমরা তা নিয়ে বিশদ আলোচনা করেছি। ট্রানজিটসংক্রান্ত নতুন কিছু বিষয় চিহ্নিত করা হয়েছে। এসব নতুন বিষয় সংযোজন করতে ট্যারিফ কমিশনকে বলা হয়েছে।’কবে নাগাদ এই প্রতিবেদন চূড়ান্ত হতে পারে এমন প্রশ্নের জবাবে ফারুক খান আরও বলেন, ‘একটু সময় লাগবে। আমাদের সমীক্ষা করার ব্যাপার আছে। তবে যা কিছু করা হোক না কেন বাংলাদেশের স্বার্থ রক্ষার বিষয়টি সব সময় বিবেচনায় রাখা হবে।’ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মুজিবুর রহমান জানান, অর্থমন্ত্রীকে ট্রানজিটসংক্রান্ত প্রতিবেদনটি দেওয়া হয়েছে। সরকারের পক্ষ থেকে কিছু বিষয় সংশোধন করতে বলা হয়েছে, ট্যারিফ কমিশন এখন তা করবে।বৈঠক সূত্রে জানা গেছে, প্রতিবেদনে ভারতসহ প্রতিবেশী বিভিন্ন দেশকে ট্রানজিট দেওয়ার বিভিন্ন দিক বিশেষ করে ১১ ধরনের ট্রানজিট মাশুল আদায়ের বিষয়টি নিয়ে আলোচনা হয়েছে। কীভাবে টাকার অঙ্কে এই মাশুল নির্ধারণ করা যায় তাও আলোচনায় এসেছে। এ ছাড়া ট্রানজিটসুবিধা দেওয়ার মাধ্যমে বাংলাদেশ কীভাবে লাভবান হতে পারে এবং সে জন্য ভারত, নেপাল ও ভুটানের সঙ্গে সমঝোতা আলোচনার ওপর গুরুত্ব দেওয়া হয় বৈঠকে। এ ক্ষেত্রে ট্রানজিট প্রতিবেদনটি আরও সুনির্দিষ্ট করার তাগিদ দেওয়া হয়। এ ছাড়া বৈঠকে ট্রানজিটের জন্য চিহ্নিত করা রেল, নৌ ও সড়কপথগুলোর উন্নয়নে বিনিয়োগ নিয়েও আলোচনা হয়েছে। প্রসঙ্গত, ২০১০ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রীর ভারত সফরের সময় দুই দেশের যৌথ ঘোষণায় ট্রানজিটসুবিধা দেওয়ার কথা বলা হয়েছে। এরপর গত বছর ২ ডিসেম্বর ট্রানজিটসংক্রান্ত একটি রূপরেখা তৈরির জন্য ট্যারিফ কমিশনের চেয়ারম্যানের নেতৃত্বে একটি কোর গ্রুপ গঠন করা হয়। ৭ এপ্রিল কোর গ্রুপ বাণিজ্য মন্ত্রণালয়ে তাদের প্রতিবেদন জমা দেয়।