ট্রানজিট-ট্রানশিপমেন্ট রেলপথে লাভজনক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশগুলোকে ট্রানজিট ও ট্রানশিপমেন্ট-সুবিধা রেলপথে দেওয়া হলেই বাংলাদেশ লাভবান হবে। কারণ, রেলওয়ের একটি মৌলিক কাঠামো বাংলাদেশের রয়েছে।এটাকে উন্নত করে রেললাইনগুলোর কিছু অংশ দ্বৈত লাইনে উন্নীত করা গেলে প্রাথমিকভাবে ট্রানজিট ও ট্রানশিপমেন্টের চাহিদা পূরণ করা যাবে। তা ছাড়া রেলপথে মালামাল পরিবহন তুলনামূলক সস্তা এবং দুর্ঘটনার হার কম। রেলওয়ের উন্নয়নের জন্য নতুন করে জমি অধিগ্রহণেরও প্রয়োজন হবে না। এভাবে সার্বিক বিচারে ট্রানজিট ও ট্রানশিপমেন্টে রেলওয়েকেই শ্রেয় মনে করছে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস)। গতকাল বুধবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে বিআইডিএসের পলিসি রিসোর্স প্রোগ্রাম আয়োজিত এক সেমিনারে এ বক্তব্য তুলে ধরেন সংস্থার পরিচালক কে এ এস মুরশিদ। তিনি বলেন, মহাপরিকল্পনা নিয়ে নয়, বরং প্রাথমিকভাবে শুধু দর্শনা ও আখাউড়ার করিডোর দিয়েই ভারতকে ট্রানজিট ও ট্রানশিপমেন্ট সুবিধা দেওয়া যেতে পারে। এ কাজে রেলওয়ের প্রয়োজনীয় উন্নয়নে সর্বোচ্চ ১০ কোটি ডলার ব্যয় হতে পারে।অবশ্য সেমিনারে এই হিসাব নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। বিআইডিএসের সিনিয়র গবেষণা ফেলো মুহাম্মদ ইউনূস বলেন, হিসাবটি বাস্তবসম্মত নয়। এখানে বিস্তারিতভাবে বলা হয়নি এই অর্থ কী কাজে ব্যবহূত হবে। তবে এশীয় উন্নয়ন ব্যাংকের সমীক্ষায় এর বিস্তারিত ব্যয়ের চিত্র তুলে ধরা হয়েছে।উল্লেখ্য, এডিবির হিসাব অনুসারে ট্রানজিট ও ট্রানশিপমেন্ট চালুর জন্য রেলওয়ের উন্নয়নে ন্যূনতম ১০০ কোটি ডলার বা সাত হাজার কোটি টাকা ব্যয় করতে হবে। রেললাইনগুলো দ্বৈত লাইনে উন্নীত করার পাশাপাশি কনটেইনার পরিবহনের জন্য মোট ১৪০টি কনটেইনার ওয়াগন (ফ্ল্যাট কার) সংগ্রহ করতে হবে। এর মধ্যে ৭০টি মিটারগেজ ও ৭০টি ব্রডগেজ। এসব কনটেইনার পরিবহনের জন্য দুটি ব্রডগেজ এবং দুটি মিটারগেজ ইঞ্জিন লাগবে বলে এডিবির সমীক্ষায় পাওয়া গেছে।বিআইডিএসের সেমিনারে সভাপতিত্ব করেন সংস্থাটির ভারপ্রাপ্ত মহাপরিচালক এম আসাদুজ্জামান। প্রধান অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। মূল প্রবন্ধের ওপর আলোচনা করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের (বিইআই) প্রেসিডেন্ট ফারুক সোবহান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ইমতিয়াজ আহমেদ ও বিআইডিএসের সিনিয়র গবেষণা ফেলো মুহাম্মদ ইউনূস। উন্মুক্ত আলোচনায় অংশ নেন বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান ও বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ।বাণিজ্যমন্ত্রী ফারুক খান বলেন, ট্রানজিট ও ট্রানশিপমেন্টের বিষয়ে সরকার সংবিধান ও আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার মেনে চলবে। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় বাণিজ্যসংক্রান্ত যেসব সমঝোতা হয়েছিল, এ বছরের মধ্যেই সেগুলো বাস্তবায়িত হবে। শুল্ক ও অশুল্ক বাধাগুলো চিহ্নিত করার কাজ করছে ট্যারিফ কমিশন। সীমান্ত এলাকায় হাটবাজার অচিরেই চালু হবে। বাংলাদেশি পণ্যের ছাড়পত্রসংক্রান্ত সমস্যারও সমাধান হবে এ বছরই।এম আসাদুজ্জামান বলেন, এটা পরিষ্কার যে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে যোগাযোগ বাড়লে বাংলাদেশ অর্থনৈতিকভাবে লাভবান হবে। এটা নিয়ে আর বিলম্ব না করে সরকারের উচিত দ্রুত এগিয়ে যাওয়া। তবে একই সঙ্গে বাংলাদেশকে অবকাঠামো-উন্নয়ন ও বাণিজ্য আলোচনার সক্ষমতা বাড়াতে হবে, যাতে দেশের স্বার্থ নিশ্চিত হয়।ফারুক সোবহান বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে সম্পর্কে একটি নতুন দিগন্ত সূচিত হয়েছে। এই পরিবেশকে কাজে লাগাতে হবে। তবে ট্রানজিট ও ট্রানশিপমেন্টের বিষয়টি শুধু ভারত বা দেশটির উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোকে নিয়ে চিন্তা করলে হবে না। নেপাল, ভুটান, চীন ও মধ্য এশিয়াকে নিয়েও চিন্তা করতে হবে।ফারুক সোবহান আরও বলেন, ট্রানজিট ও ট্রানশিপমেন্টের সুবিধা দেওয়ার জন্য ভারত যে ১০০ কোটি ডলার ঋণের প্রস্তাব দিয়েছে, তার ব্যবহার নিয়েও ভাবতে হবে। বাংলাদেশে যদি এই অর্থ ব্যবহার করে উপযোগী অবকাঠামো গড়ে তোলা হয়, তাহলে ভারত থেকে বিপুল পরিমাণ বিনিয়োগ বাংলাদেশে আসার জন্য অপেক্ষা করছে, যার পরিমাণ দুই হাজার কোটি ডলার।ইমতিয়াজ আহমেদ বলেন, চীন ও ভারতের মধ্যে অনেক রাজনৈতিক সমস্যা আছে, সেটি হয়তো বাংলাদেশ-ভারত সম্পর্কের চেয়েও জটিল। কিন্তু ভারত ও চীন পরস্পরের সবচেয়ে বড় বাণিজ্য অংশীদার। বাংলাদেশকে এটা ভাবতে হবে।তবে সেমিনারে ট্রানজিট ও ট্রানশিপমেন্টের বর্তমান আলোচনার মৌলিক বিষয়গুলো নিয়েই প্রশ্ন তোলেন ডব্লিউটিও বিশেষজ্ঞ মনজুর আহমেদ। তিনি বলেন, বিশ্ববাণিজ্য সংস্থার সদস্য দেশ হিসেবে বাংলাদেশ ও ভারত দুটি দেশই তৃতীয় দেশকে বাণিজ্য সুবিধা দিতে বাধ্য। এটা বিশ্ববাণিজ্য সংস্থার দলিলেই আছে। আবার রুট কী হবে, সেটার ক্ষেত্রে স্বল্পোন্নত দেশগুলোকে ছাড় দেওয়া আছে। যে রুট তাদের জন্য অর্থনৈতিক বিবেচনায় লাভবান হবে, সেটিও হবে স্বল্পোন্নত দেশের বিবেচনার বিষয়। মনজুর আহমেদ বলেন, ভারতকে যে সুবিধা দেওয়া হবে সেটি ট্রানজিট নয়, করিডোর। এতে লাভবান হওয়ার চেয়ে উত্তর-পূর্বাঞ্চলে বাংলাদেশি পণ্যের যে বিরাট বাজার আছে, তা ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি মন্তব্য করেন।