ট্রানজিট পথে ভারতে পেট্রোলিয়াম পণ্য পাঠানো শুরু কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের ভেতর দিয়ে আগামীকাল বুধবার থেকে ভারতে পেট্রোলিয়ামজাত দ্রব্যের পরিবহন শুরু হচ্ছে। প্রথম দফায় এ জ্বালানি ঢুকবে ভারতের ত্রিপুরা রাজ্যের কৈলাশহরে। জ্বালানির এ চালানটি আসবে আসাম রাজ্যের বঙ্গাইগাঁও থেকে।

ভারতের মেঘালয় রাজ্যের ডুকলি হয়ে বাংলাদেশের চট্টগ্রামের ভেতর দিয়ে কৈলাশহরে পৌঁছাবে ওই চালানটি। এই ট্রানজিট সুবিধার ফলে ভারতের অভ্যন্তরে ৪০০ কিলোমিটারেরও বেশি দুর্গম পথ এখন কমে দাঁড়াবে মাত্র ১৩৬ কিলোমিটারে।

মাত্র চার ঘণ্টাতেই বাংলাদেশের ভেতর দিয়ে আসাম থেকে ত্রিপুরায় পেট্রল, ডিজেল, কেরোসিন ও এলপিজি পৌঁছে যাবে বলে জানিয়েছেন ত্রিপুরার পরিবহনমন্ত্রী মানিক দে। মুঠোফোনে প্রথম আলোকে তিনি বলেন, পাসপোর্ট নিয়ে রাষ্ট্রায়ত্ত সংস্থা ইন্ডিয়ান অয়েল করপোরেশনের কর্মীদের কিছু সমস্যা থাকলেও এখন তা কেটে গেছে। এ অবস্থায় বুধবার থেকেই পেট্রোলিয়ামজাত পণ্য ট্রানজিট পথে পরিবহন শুরু হবে বলে তাঁর আশা। তিনি এ জন্য বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানিয়েছেন।

বাংলাদেশের ভেতর দিয়ে ভারতে পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহন করা নিয়ে গত ১৮ আগস্ট ঢাকায় উভয় দেশের মধ্যে একটি চুক্তি সই হয়।
বর্তমানে ত্রিপুরায় পেট্রোলিয়ামজাত পণ্য আসে আসামের বঙ্গাইগাঁও থেকে পাহাড়ি পথে গুয়াহাটি-শিলং হয়ে। এ পথে বর্ষা মৌসুমে পণ্য পরিবহন বেশ কঠিন।