ট্রানজিট বিধিমালা স্থগিতের আদেশ জারি হয়েছে
নিজস্ব প্রতিবেদকট্রানজিট-সংক্রান্ত বিধিমালার সব কার্যকারিতা স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) এই সংক্রান্ত আদেশ জারি করেছে। এই আদেশ জারি করেন এনবিআরের সদস্য (শুল্ক) শাহ আলম খান। এনবিআরের শুল্ক কর্মকর্তারা জানান, প্রতিবেশী ভারত, নেপাল ও ভুটানকে ট্রানজিট-সুবিধা দিতে একটি পূর্ণাঙ্গ ট্রানজিট-ব্যবস্থা তৈরি করতে ট্যারিফ কমিশনের নেতৃত্বে আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এই কমিটি ইতিমধ্যে একটি প্রতিবেদন তৈরি করেছে। এমতাবস্থায় বিদ্যমান ট্রানজিট বিধিমালা কার্যকর থাকলে মাশুল আদায়সহ অন্যান্য কার্যক্রমে জটিলতা তৈরি হবে বলে মনে করছেন এনবিআরের শুল্ক কর্মকর্তারা। তাই এটি পুরোপুরি স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে বিশেষজ্ঞরা মনে করেন, এর মাধ্যমে কার্যত ট্রানজিট বিধিমালা বাতিল করা হলো।এনবিআরের এই নতুন আদেশ জারির ফলে এই মুহূর্তে দেশে কোনো ট্রানজিট-সংক্রান্ত বিধিমালা আর থাকল না। ফলে ভারতকে বর্তমানে নৌপথে ট্রানজিট নিতে কোনো ধরনের মাশুল দিতে হবে না। উল্লেখ্য, গত অর্থবছরের বাজেটে ট্রানশিপমেন্ট ও ট্রানজিট পণ্যের কাস্টম বিধিমালা ২০১০ জারি করা হয়, যা ১ জুলাই থেকে কার্যকর হয়।