ট্রানজিট মাশুল নেওয়া হবে, বিধি তৈরির কাজ চলছে: অর্থমন্ত্রী
ট্রানজিটের মাশুলসংক্রান্ত একটি বিধি তৈরির কাজ চলছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি জানান, বিধিটি চূড়ান্ত হতে দুই থেকে তিন মাস সময় লাগবে।অর্থমন্ত্রী বলেন, আসলে ট্রানজিটের ওপর কোনো শুল্ক হয় না। ট্রানজিটের জন্য রয়েছে মাশুল (ফি)। ১৯৭২ সালের প্রটোকল অনুযায়ী, থোক আকারে বর্তমানে এক ধরনের মাশুল নেওয়া হয়। তবে আগামী বিধিতে মাশুল নেওয়ার যাবতীয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে।গতকাল সোমবার সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার রজিত মিত্রের সঙ্গে অনুষ্ঠিত এক বৈঠকের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী এসব কথা জানান। বৈঠকে ভারতীয় এক্সিম ব্যাংকের প্রতিনিধি উপস্থিত ছিলেন।ভারতীয় হাইকমিশনারের সঙ্গে ট্রানজিট, ভারতের প্রতিশ্রুত ১০০ কোটি ডলার প্রাপ্তির প্রক্রিয়া, আশুগঞ্জ বন্দরের ব্যবহার ইত্যাদি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, ‘ট্রানজিটের ওপর মাশুলের বিষয়টি নতুন নয়। এ নিয়ে গত ২৭ জুলাইয়ে আলোচনা হয়েছে। সেদিন বলেছি, মাশুল নেওয়া হবে। আমাদের রাস্তা বিনা মাশুলে ব্যবহার করা যাবে না।’অর্থমন্ত্রী বলেন, আগের একটি পরিপত্রের (এসআরও) কারণে ভারতীয় জাহাজ চলাচলে অসুবিধার প্রসঙ্গ উঠেছে বৈঠকে। ভারতীয় হাইকমিশনার জানিয়েছেন, শুল্ক জটিলতায় দুইটি জাহাজ এখনো আটকে আছে। পরিপত্রটি ইতিমধ্যেই স্থগিত করা হয়েছে।‘জাহাজ আটকে থাকার বিষয়টি আমি জানতাম না’ উল্লেখ করে মুহিত জানান, আলোচনা করে মঙ্গল-বুধবারের মধ্যেই দুই জাহাজের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।ট্রানজিট নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ারের সাম্প্রতিক বক্তব্য বিএনপির বিবৃতি হিসেবে বিবেচনা করা হবে বলেও উল্লেখ করেন অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, এম কে আনোয়ার বলেছেন, মাশুল নেওয়া হলে ট্রানজিটে তাঁদের আপত্তি নেই। মাশুল নেওয়া হবে। ‘দেশের বুকের ওপর দিয়ে বিদেশি গাড়ি চলতে দেওয়া হবে না’ বিরোধী দলীয় নেত্রীর এমন বক্তব্য আমলে নেননি অর্থমন্ত্রী। তিনি বলেন, এটি হলো অভিব্যক্তিজনিত সমস্যা, অন্য কিছু নয়।উল্লেখ্য, ৪ নভেম্বর এক সংবাদ সম্মেলনে এম কে আনোয়ার জানিয়েছিলেন, ভারতকে দেওয়া ট্রানজিট-সুবিধা দেশের সার্বভৌমত্বের জন্য হুমকি না হলে এবং অর্থনৈতিকভাবে লাভজনক হলে বিএনপি তা মেনে নেবে। এ জন্য আগে বিষয়গুলো সমীক্ষার মাধ্যমে প্রমাণিত হতে হবে।অর্থমন্ত্রী বলেন, ‘ভারতকে আশুগঞ্জ বন্দর ব্যবহারের অনুমতি দিলেও বাস্তবে তা চালু হয়নি এখনো। হাইকমিশনার দ্রুত তা চালুর ব্যাপারে অনুরোধ করেছেন। আমি বলেছি, আশুগঞ্জে এখনো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কার্যালয় স্থাপিত না হওয়ায় এটি চালু হতে সময় লাগছে।’অর্থমন্ত্রী জানান, ভারত যে ২৫০ মেগাওয়াট বিদ্যুতের প্রতিশ্রুতি দিয়েছে, খুব সাশ্রয়ী মূল্যে তা পাওয়া যাবে। শুধু তা-ই নয়, পরবর্তী সময়ে সাশ্রয়ী মূল্যে ভুটান ও নেপাল থেকেও বিদ্যুৎ পাওয়ার সম্ভাবনা রয়েছে।বিভিন্ন প্রকল্পের আওতায় ভারত যে বাংলাদেশকে ১০০ কোটি ডলার দেবে, তা পাওয়ার প্রক্রিয়া নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে বলে জানান অর্থমন্ত্রী।অর্থমন্ত্রী বলেন, ‘প্রকল্পের আওতায় কীভাবে অর্থ আনতে হয় অর্থাৎ কাজটা কীভাবে সুসম্পন্ন করতে হয়, এসব ব্যাপারে আমাদের অভ্যেস আছে।’অর্থমন্ত্রী জানান, ভারতীয় এক্সিম ব্যাংকের প্রতিনিধিদল এখন বাংলাদেশ সফররত। দুই-এক দিনের মধ্যেই তাঁদের সঙ্গে আলোচনা হবে।