দ্বিপক্ষীয় ভিত্তিতে ভুটানকে ট্রানজিট সুবিধা দেওয়ার প্র্রস্তাব বিবেচনা করছে বাংলাদেশ। সম্প্রতি ট্রানজিট-সংক্রান্ত প্রটোকলের একটি খসড়া পাঠিয়ে আনুষ্ঠানিক প্রস্তাব দিয়েছে ভুটান। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারও ভুটানের সঙ্গে ট্রানজিট চুক্তির একটি খসড়া তৈরি করছে। দুই দেশের মধ্যে ট্রানজিট সুবিধা চালুর বিষয়ে বাংলাদেশের তৈরি করা চুক্তির খসড়া ও ভুটানের পাঠানো খসড়া প্রটোকলটি পরীক্ষা-নিরীক্ষার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে। গত বুধবার বাণিজ্যসচিব গোলাম হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আন্তমন্ত্রণালয় বৈঠকে এই কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। পাঁচ সদস্যবিশিস্ট এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটের (বিএফটিআই) প্রধান নির্বাহী কর্মকর্তা ও ট্যারিফ কমিশনের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান। এ ছাড়া কমিটিতে বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), ট্যারিফ কমিশন ও ব্যবসায়ী প্রতিনিধি রয়েছেন। কোনো সময়সীমা বেঁধে না দিয়ে যত শিগগিরই সম্ভব প্রতিবেদন দিতে বলা হয়েছে। গত দুই বছর ধরেই ভারত, নেপাল ও ভুটানকে বৃহত্তর আঙ্গিকে ট্রানজিট দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। বাংলাদেশ ট্যারিফ কমিশনের নেতৃত্বে গঠিত মূল দল এ-সংক্রান্ত প্রতিবেদনও সরকারের কাছ জমা দিয়েছে। কিন্তু নানা জটিলতায় সরকার এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেনি। সম্প্রতি বাংলাদেশের ভুখণ্ড ও সমুদ্রবন্দর ব্যবহার করতে ট্রানজিট-সংক্রান্ত একটি প্রটোকল করার প্রস্তাব দিয়েছে ভুটান। ভূবেষ্টিত দেশ হওয়ায় বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়ার জন্য ১৯৮৪ সালে ট্রানজিট-সংক্রান্ত বাণিজ্য চুক্তি করে ভুটান। কিন্তু ভারত তার ভূখণ্ড ব্যবহার করতে না দেওয়ায় এ চুক্তিটি কার্যকর করা যায়নি। তাই ২০০০ সালে এর মেয়াদ শেষ হয় কার্যকর হওয়া ছাড়াই। তবে এখন ভারতের ভূখণ্ড ব্যবহার করার অনুমতি পেয়েছে ভুটান। তাই ভুটানি পণ্যবাহী ট্রাক ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে বাংলাদেশে আসতে পারছে। এমন অবস্থায় নতুন চুক্তি প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে করছে বাংলাদেশ।গত বুধবারের আন্তমন্ত্রণালয় বৈঠকে ভুটানের ট্রানজিট-সংক্রান্ত প্রটোকলটির খসড়া উত্থাপন করা হয়। বাংলাদেশের তৈরি করা চুক্তির খসড়াও আলোচনায় আসে। বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়, ভারত, নেপাল ও ভুটানকে সামগ্রিকভাবে ট্রানজিট দেওয়ার প্রক্রিয়াটি এখন থমকে আছে। এ অবস্থায় ভুটান যদি ট্রানজিট মাশুল, পণ্যের ব্যাংক গ্যারান্টিসহ আনুষঙ্গিক মাশুল দিতে রাজি হয়, তবে দ্বিপক্ষীয় ভিত্তিতে ট্রানজিট দেওয়ার বিষয়টি বিবেচনা করা যেতে পারে। এতে বাংলাদেশ লাভবান হবে। এ জন্য ট্রানজিট চুক্তির খসড়া ও ভুটানের প্রটোকলের খসড়াটি পরীক্ষা-নিরীক্ষা করতে একটি বিশেষ কমিটি গঠনের প্রস্তাব করা হয়। সভায় সর্বসম্মতভাবে তা গৃহীত হয়। প্রস্তাবিত কমিটির একাধিক সদস্য প্রথম আলোকে জানান, ভুটানের আগ্রহের ভিত্তিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। বাংলাদেশ যদি এতে লাভবান হয়, তবে দ্বিপক্ষীয় ভিত্তিতে ভুটানকে ট্রানজিট দেওয়া যেতে পারে। এ জন্য ভুটানের প্রস্তাবের পাশাপাশি ট্রানজিট মাশুল, পণ্যের ব্যাংক গ্যারান্টিসহ অন্য আনুষঙ্গিক বিষয় বিশ্লেষণ করতে হবে। পরস্পরের ইতিবাচক মত থাকতে হবে। সূত্র জানায়, ট্রানজিট প্রটোকলের প্রস্তাবে সমুদ্র ও বিমানবন্দর সুবিধা চায় ভুটান। এ ছাড়া ট্রানজিট সুবিধা নিয়ে আরও পাঁচটি শুল্কবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়া করতে চায় ভুটান। ভুটানের কাঙ্ক্ষিত শুল্কবন্দরগুলো হলোম—মোগলহাট, নাঁকুগাঁও, নূনখাওয়া, হালুয়াঘাট ও বাংলাবান্ধা। এসব স্থলবন্দর দিয়ে পণ্য আনা-নেওয়ার পাশাপাশি চট্টগ্রাম বিমানবন্দর ও সমুদ্রবন্দর, ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, খুলনার মংলা সমুদ্রবন্দর ব্যবহারের সুবিধাও চায় ভুটান। বর্তমানে বাংলাদেশের বুড়িমারী ও তামাবিল—এই দুটি স্থলবন্দর দিয়ে ভুটানের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য হয়। এবং তা ভারতীয় ভূখণ্ড ব্যবহার করে। আর কিছু পণ্য আসে আকাশপথে।