ট্রানজিট-সুবিধায় ভারতের সাশ্রয়কৃত অর্থের ভাগ চাওয়া ঠিক হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেছেন, বাংলাদেশের ভূখণ্ড ভারতের ব্যবহারের ক্ষেত্রে যৌক্তিক ট্রানজিট মাশুল নির্ধারণের জন্য বিভিন্ন দেশে চালু ব্যবস্থাগুলো পর্যালোচনা করা হচ্ছে। গতকাল সোমবার বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিজিসিসিআই) আয়োজিত এক মধ্যাহ্ন ভোজসভায় তিনি এসব কথা বলেন। এ সময় তিনি ট্রানজিট মাশুল বাজারভিত্তিক ও প্রতিযোগিতামূলক হওয়া উচিত বলে মন্তব্য করেন। এক প্রশ্নের জবাবে গওহর রিজভী বলেন, ‘ট্রানজিট সুবিধা দিলে উত্তর-পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবহনে ভারতের যে পরিমাণ অর্থ সাশ্রয় হবে, তা থেকে বাংলাদেশের ভাগ চাওয়া ঠিক হবে না।’ তিনি আরও বলেন, সুয়েজ খাল ব্যবহারের কারণে পুরো আফ্রিকা ঘুরে না যাওয়া জাহাজগুলো মিসরকে অর্থ দিত। তাঁর মতে, ট্রানজিটের বিনিময়ে ভারতের কাছ থেকে বাংলাদেশ যে মাশুল পাবে, তা বড় কিছু নয়। বড় বিষয় হচ্ছে ভারত, নেপাল, ভুটান ও চীন পর্যন্ত ট্রানজিটের বিস্তৃতির ফলে ব্যবসা ও বিনিয়োগ সম্প্রসারিত হবে। এর ফলে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার একটি বড় অর্থনৈতিক কেন্দ্রে পরিণত হবে। এ জন্য যোগাযোগ অবকাঠামো ও পরিবহন খাতে বিনিয়োগ করার জন্য তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। গওহর রিজভী বলেন, ‘এ অঞ্চলের বাজারব্যবস্থা বিবেচনায় নিয়ে মাশুল নির্ধারণ করতে হবে। যদি আমাদের নির্ধারিত মূল্য প্রতিযোগিতামূলক হয়, তাহলেই ভারত, নেপাল, ভুটান প্রভৃতি দেশ ট্রানজিট সুবিধা ব্যবহার করবে।’ রাজধানীর ওয়েস্টিন হোটেলে ‘বাংলাদেশ-ভারত সম্পর্ক: ব্যবসা ও বিনিয়োগের দ্বার উন্মোচন’ শীর্ষক এই ভোজসভায় গওহর রিজভী প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন। সভায় আরও বক্তব্য দেন বিজিসিসিআইয়ের সভাপতি সাইফুল ইসলাম। এতে উপস্থিত ছিলেন সংগঠনের নির্বাহী পরিচালক ডেনিয়েল সেইডারসহ ব্যবসায়ী নেতারা। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা তাঁর বক্তব্যে ভারত-বাংলাদেশ সম্পর্ক, মনমোহন সিংয়ের সাম্প্রতিক বাংলাদেশ সফর ও ট্রানজিটের কারণে বাংলাদেশ যে অর্থনৈতিক সুবিধা পাবে—এগুলোর বিস্তারিত বর্ণনা দেন। গওহর রিজভী আরও বলেন, তলাবিহীন ঝুড়ি হিসেবে আখ্যায়িত করে হেনরি কিসিঞ্জার বাংলাদেশের যে ক্ষতি করেছিলেন, তা থেকে বের হয়ে আসতে অনেক সময় লেগেছে। এখন একটি সৃজনশীল রাষ্ট্র হিসেবে বাংলাদেশের খ্যাতি ক্রমেই বাড়ছে। দারিদ্র্য সত্ত্বেও বাংলাদেশ মানব উন্নয়ন সূচক ও সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকে দক্ষিণ এশিয়ার সব দেশ থেকে এগিয়ে আছে। আগামী দিনে বাংলাদেশের সামনে যে বিরাট সম্ভাবনা অপেক্ষা করছে, সেই সুযোগ নিতে তিনি ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান। তিস্তা নদীর পানি বণ্টন সম্পর্কে গওহর রিজভী বলেন, এ ব্যাপারে চুক্তি হয়নি। কিন্তু সমঝোতা এখনো ব্যর্থ হয়ে যায়নি। এটা হবেই। সাইফুল ইসলাম বলেন, অন্য দেশের সঙ্গে যোগাযোগ (কানেকটিভিটি) ছাড়া কোনো দেশ এগোতে পারে না। তবে ট্রানজিট ফি অবশ্যই যৌক্তিক হতে হবে। বিদ্যু ৎ খাতে জার্মানির বিনিয়োগকারীরা আগ্রহী বলে তিনি জানান।