ট্রানজিটে মাশুল নেওয়ার পক্ষে মসিউর রহমান!
এবার ট্রানজিটের জন্য মাশুল নেওয়ার পক্ষে মত দিলেন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমান। পাশাপাশি ভারতকে ট্রানজিট দেওয়ার পক্ষে নানা ধরনের যুক্তিও উপস্থাপন করলেন তিনি। গতকাল সোমবার ইন্টারন্যাশনাল গ্রোথ সেন্টারের দক্ষিণ এশিয়া প্রবৃদ্ধি সম্মেলনের দ্বিতীয় দিনের বিকেলের ‘আঞ্চলিক অর্থনেতিক সম্পৃক্ততা’ শীর্ষক অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। মসিউর রহমান বলেন, ভারতকে চট্টগ্রাম বন্দর ব্যবহার করতে দেওয়া উচিত। আর আমেরিকাসহ অন্যান্য দেশের জাহাজের ক্ষেত্রে যে মাশুল নেওয়া হয়, ভারতের জাহাজের ক্ষেত্রেও একই মাশুল নেওয়া উচিত। তিনি বলেন, ‘বন্দর ব্যবহার করে জাহাজ পণ্য খালাস করবে। সেখানে কোন দেশের জাহাজ এল সেটা বড় কথা নয়।’ তিনি আরও বলেন, ট্রানজিট-সুবিধা দিলে পণ্যের ওপর শুল্ক আরোপ করা যায় না। তবে ট্রানজিট এক ধরনের সেবা, সেই সেবা দেওয়ার জন্য মাশুল আরোপ করা যেতে পারে। এর আগে মসিউর রহমান ভারতকে ট্রানজিট-সুবিধা দেওয়ার বিপরীতে কোনো ধরনের মাশুল না নেওয়ার পক্ষে জোরালো অবস্থান নিয়েছিলেন। মসিউর রহমান বলেছিলেন যে বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) বিধান অনুসারে বাংলাদেশ কোনো ধরনের মাশুল আরোপ করতে পারে না বলেও তিনি অভিমত দিয়েছিলেন। তবে দেশের অর্থনীতিবিদ ও বাণিজ্য বিশেষজ্ঞরা মসিউর রহমানের এই বক্তব্যের তীব্র বিরোধিতা করেন। তাঁরা ডব্লিউটিওর দলিলপত্র ঘেঁটে দেখান যে ট্রানজিট-ট্রানশিপমেন্ট সুবিধা দেওয়ার বিনিময়ে মাশুল আরোপ ও আদায়ে কোনো ধরনের বাধা নেই। গতকালের সেমিনারে মসিউর রহমান আরও বলেন, ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশি পণ্যের চাহিদা রয়েছে। এই অবস্থায় ভারতকে ট্রানজিট-সুবিধা দেওয়া হলেও বাংলাদেশের পণ্যমূল্যের প্রতিযোগিতায় পিছিয়ে পড়বে না। কেননা পরিবহন খরচের দিক থেকে বাংলাদেশ তার পরও এগিয়ে থাকবে। আর তাই বাংলাদেশি পণ্যের দাম ভারতীয় পণ্যের চেয়ে কম থাকবে।ট্রানজিটের জন্য বিনিয়োগের প্রসঙ্গে উল্লেখ করে মসিউর রহমান বলেন, বিনিয়োগ কত দিনে ওঠে আসবে, সেটা বিবেচনা করা উচিত। আর তুলনামূলক কম খরচের বা সুদের বিনিয়োগ আনা উচিত। মসিউর রহমানের মতে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ঐতিহাসিকভাবে নৌপথে পণ্য পরিবহন হয়ে আসছে। ভারত নৌপথে ট্রানজিট নিত। এটা নিয়ে এখন বির্তক হচ্ছে। তবে বিদ্যমান নৌ-প্রটোকলটি অত্যন্ত কার্যকর। এ জন্য নামমাত্র কিছু অর্থ দেয় ভারত। রুটসহ অন্যান্য বিষয় পর্যালোচনা করে এর পরিমাণ বাড়ানো যেতে পারে বলেও তিনি মন্তব্য করেন। পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মসিউর রহমান বলেন, বন্দর-সুবিধার মতো সেবা দিয়ে সংশ্লিষ্ট দেশ মাশুল পায়। এ ক্ষেত্রে তিনি পানামা বন্দরের উদাহরণ দেন। মসিউরের মতে, এই মুহূর্তে ভারতকে সড়কপথে ট্রানজিট দিলে সড়কগুলো চার লেন বা ছয় লেনে উন্নীত করতে হবে। আবার রেলপথের উন্নয়নে বিপুল বিনিয়োগ প্রয়োজন। তাই আপাতত নৌপথেই ট্রানজিট দেওয়া যুক্তিযুক্ত।