ট্রানজিটের দ্বিতীয় চালানে ত্রিপুরায় রড যাবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার থেকে ত্রিপুরায় ট্রানজিটের দ্বিতীয় চালানের পণ্য যাবে। গতকাল রোববার সকাল থেকে আশুগঞ্জ নৌবন্দরে নোঙর করা জাহাজ থেকে লরিতে স্টিল শিট বা রড ওঠানো শুরু হয়েছে। প্রথম দিনে একটি লরিতে প্রায় ৩৮ টন রড আগরতলায় যাওয়ার কথা রয়েছে।
গত বৃহস্পতিবার সন্ধ্যা ছয়টার দিকে এমভি মাস্টার সুমন-১ নামের একটি জাহাজ প্রায় ৯৮৭ টন ভারতীয় রড ও চালের ট্রানজিটের দ্বিতীয় চালান নিয়ে আশুগঞ্জ নৌবন্দরে ভিড়েছে। গতকাল রোববার বেলা আড়াইটা পর্যন্ত ১২ চাকার ওই লরিতে ৩৮ টন রড তোলা হয়েছে। অন্যবারের মতো এবারও আজ সকালেই আখাউড়া সীমান্ত দিয়ে আগরতলায় যাবে রডের চালান। কেননা, বেলা একটার পর এ ধরনের কোনো চালান নেয় না আগরতলা স্থলবন্দর কর্তৃপক্ষ। যুক্তি হলো, বেলা একটার পর পণ্যবাহী ট্রাক সীমান্ত পেরিয়ে আগরতলায় পৌঁছালে তা দিনে দিনে ফেরত আসতে পারবে না।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) সূত্রে জানা গেছে, এ জাহাজে দুই ধরনের পণ্য রয়েছে। এর মধ্যে ৬৪৯ টন রড ও ৩৩৮ টন চাল রয়েছে। এটি নৌপথে ট্রানজিট চালু করার পর দ্বিতীয় চালান। ট্রানজিট পথটি হলো কলকাতা থেকে আশুগঞ্জ পর্যন্ত নৌপথে; আশুগঞ্জ থেকে আখাউড়া হয়ে ৪৭ কিলোমিটার সড়কপথে যাবে আগরতলা। গত জুন মাসে নৌ প্রটোকলের আওতায় এ পথে নিয়মিত ট্রানজিট চালু হয়। প্রতি টনে ১৯২ টাকা মাশুল আরোপ করা হয়। উদ্বোধনী চালানের পর এমভি মাস্টার সুমন-১-এর এটি দ্বিতীয় চালান।
আশুগঞ্জ নৌবন্দর সূত্রে জানা গেছে, ৪ সেপ্টেম্বর ভারতের কলকাতার বজবজ বন্দর থেকে চাল ও রড নিয়ে রওনা হয় জাহাজটি। সেখান থেকে নামখানা, হেমনগর, শেখবাড়িয়া, মোংলা, কাউখালী, বরিশাল, মল্লিকপুর ও মেঘনাঘাট—এ নৌপথ ব্যবহার করে বৃহস্পতিবার আশুগঞ্জ নৌবন্দরে ভিড়েছে। রড ও চাল আগরতলায় নিয়ে সেখান থেকে তা ভারতের ‘সেভেন সিস্টার’ নামে খ্যাত বিভিন্ন রাজ্যে পাঠানো হবে বলে জানা গেছে।
গতকাল সকালে যখন জাহাজ থেকে লরিতে রড ওঠানো হয়, তখন কোনো নিরাপত্তাকর্মীকে দেখা যায়নি। এর আগে প্রতিবারই এ পথে ভারতীয় পণ্যবাহী ট্রাক বা কাভার্ড ভ্যান আগরতলায় যাওয়ার সময় সড়কপথে পুলিশি প্রহরা দেওয়া হয়েছে। এ বিষয়ে আশুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘জাহাজ থেকে পণ্য খালাস এবং আখাউড়া পর্যন্ত সড়কপথে পরিবহনের সময় সম্পূর্ণ নিরাপত্তার দায়িত্ব শুল্ক বিভাগ (ভ্যাট ও কাস্টমস) নিয়েছে। আমরা শুধু বিষয়টি নজরদারি করছি।’
কলকাতা থেকে নৌপথে আশুগঞ্জ এবং আশুগঞ্জ থেকে সড়কপথে আখাউড়া পর্যন্ত ভারতীয় চাল পরিবহনের দায়িত্ব পেয়েছে বাংলাদেশি প্রতিষ্ঠান আনবিস ডেভেলপমেন্ট লিমিটেড। তবে আনবিস লিমিটেড আশুগঞ্জ থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত চাল পরিবহনের উপঠিকাদারি আশুগঞ্জের মেসার্স বিসিসিকে দিয়েছে।