ট্রানজিটের নতুন বিধিমালা প্রণয়নে কমিটি
বাংলাদেশের ওপর দিয়ে যেকোনো দেশেরই পণ্য পরিবহনের ক্ষেত্রে মাশুল বা ফি নেওয়া হবে। তবে বিদ্যমান আইনে মাশুলের বিষয়টি স্পষ্ট না থাকায় প্রণয়ন করা হচ্ছে নতুন বিধিমালা। এই বিধিমালা প্রণয়ন করতে গতকাল বৃহস্পতিবার একটি কোর কমিটি গঠন করা হয়েছে।বাংলাদেশ ট্যারিফ কমিশনের চেয়ারম্যান মজিবুর রহমান এই কোর কমিটির প্রধান। কমিটিতে অন্যান্যের মধ্যে থাকবেন জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), পররাষ্ট্র মন্ত্রণালয়, যোগাযোগ মন্ত্রণালয়, অর্থ মন্ত্রণালয়, নৌপরিবহন মন্ত্রণালয় এবং এফবিসিসিআইয়ের প্রতিনিধিরা। তবে সার্বিক সমন্বয়ের দায়িত্বে থাকবে বাণিজ্য মন্ত্রণালয়।গতকাল ট্রানজিট মাশুলের ওপর বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত একটি সভার পর বাণিজ্যসচিব গোলাম হোসেন প্রথম আলোকে এসব কথা জানিয়েছেন। জানা গেছে, চলতি মাসের শেষ দিকেই রাজধানীর একটি হোটেলে দিনব্যাপী একটি রুদ্ধদ্বার কর্মশালার আয়োজন করবে এই কমিটি। এতে ট্রানজিট-সংশ্লিষ্ট মাশুল, পণ্য পরিবহন, শুল্ক কাঠামো এবং পরিবেশসংক্রান্ত চারটি ভিন্ন প্রবন্ধ উপস্থাপিত হবে। প্রবন্ধ উপস্থাপনের জন্য বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস), পলিসি রিসার্চ ইনস্টিটিউট (পিআরআই), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগ এবং যোগাযোগ খাত বিশেষজ্ঞ রহমত উল্লাহকে নির্বাচন করা হয়েছে।বাণিজ্যসচিব জানান, ট্রানজিট মাশুলসংক্রান্ত যাবতীয় দিক বিশ্লেষণ করে ২৫ ডিসেম্বরের মধ্যে কমিটি একটি প্রতিবেদন তৈরি করবে, যা অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সভাপতিত্বে অনুষ্ঠেয় কর্মশালায় তুলে ধরা হবে।জানা গেছে, রুদ্ধদ্বার কর্মশালার সুপারিশের ভিত্তিতে জাতীয় পর্যায়ে একটি সেমিনার আহ্বান করা হবে। এটি আগামী ২০১১ সালের ফেব্রুয়ারির শেষ দিকে অনুষ্ঠানের পরিকল্পনা রয়েছে। সেমিনারে প্রাপ্ত মতামত ও সুপারিশ বিবেচনায় নিয়ে নতুন ট্রানজিট বিধিমালা প্রণয়ন করা হবে।সূত্র জানায়, গত ঈদের আগে ট্রানজিট বিধিমালা প্রণয়নের দায়িত্ব দিয়ে বাণিজ্যমন্ত্রীকে একটি আধাসরকারি (ডিও) পত্র দেন অর্থমন্ত্রী। সেই পত্রে ট্রানজিট মাশুল বিধিমালা প্রণয়নসংক্রান্ত যে আভাস দেওয়া হয়েছে, তারই ভিত্তিতে কাজ করবে কোর কমিটি।এর আগে অর্থমন্ত্রী সাংবাদিকদের জানিয়েছিলেন, বাংলাদেশ একটি ট্রানজিট দেশ এবং ট্রানজিটের ওপর কখনোই শুল্ক হতে পারে না। এর জন্য নেওয়া হয় মাশুলজাতীয় একটা অঙ্ক এবং বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে কেউ পণ্য পরিবহন করতে চাইলে তাদের কাছ থেকে সেটাই নেওয়া হবে।বর্তমানে বাংলাদেশের নৌপথ ব্যবহারের কারণে বছরে সাড়ে পাঁচ কোটি টাকার মতো ভারতের কাছ থেকে পাওয়া যায়।উল্লেখ্য, ভারতকে ট্রানজিট-সুবিধা দিতে জুন মাসে সরকার একটি বিধিমালা জারি করে। কিন্তু সেপ্টেম্বরে ভারতীয় দুটি জাহাজ নৌপথে ট্রানজিট নিতে চাইলে মাশুল আদায় নিয়ে কাস্টমস কর্তৃপক্ষের সঙ্গে বিপত্তি বাধে।ঢাকার ভারতীয় হাইকমিশন প্রধানমন্ত্রীর অর্থনৈতিক উপদেষ্টা মসিউর রহমানের একটি চিঠির বরাত দিয়ে মাশুল আদায় স্থগিত রাখার অনুরোধ জানায়। উপদেষ্টা এক চিঠিতে বাণিজ্য মন্ত্রণালয়, নৌপরিবহন ও এনবিআরকে এই মর্মে অবহিত করেন যে সরকার ভারতকে ট্রানজিট মাসুল অব্যাহতি দেওয়ার চিন্তা করছে। তাই চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এটি আদায় যেন স্থগিত রাখা হয়। শেষ পর্যন্ত মাশুলের পরিবর্তে ব্যাংক গ্যারান্টি দিয়ে ভারতীয় জাহাজ দুটিকে ছেড়ে দেওয়া হয়। একই সঙ্গে এনবিআর বিদ্যমান বিধিমালাটি স্থগিত করে।এরপরই ট্রানজিটের মাশুল নেওয়ার বিষয়টি জোরেশোরে সামনে চলে আসে। একপর্যায়ে অর্থমন্ত্রী স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, ট্রানজিটের ওপর মাশুল নেওয়া হবে। তবে এ বিষয়ে একটি বিধি প্রণয়ন করতে হবে। অর্থমন্ত্রী আরও বলেন, বর্তমানে বাংলাদেশের নদী ও রেলপথ ব্যবহারের জন্য মাশুল দেওয়ার বিধি থাকলেও সড়ক পথের জন্য কোনো বিধি নেই। সড়ক পথ ব্যবহার করতে হলে কী হারে মাশুল দিতে হবে, এ বিষয়ে সুনির্দিষ্ট বিষয় উল্লেখ করা থাকবে এবারের বিধিতে।গতকালের সভা শেষেও বাণিজ্যসচিব একই কথা বলেছেন। কিন্তু গত ১ জুলাই থেকে কার্যকর হওয়া ট্রানশিপমেন্ট ও ট্রানজিট পণ্যের কাস্টমস বিধিমালা ২০১০ অনুসারে, সড়কপথে বা রেলপথে প্রতি ২০ ফুট কনটেইনারের জন্য ১০ হাজার টাকা, কাভার্ড ভ্যান বা ট্রাকে প্রতি টনে এক হাজার টাকা এবং বাল্ক পণ্যে প্রতি টনে এক হাজার টাকা ট্রানজিট ফি নির্ধারণ করা হয়েছে। ট্রানজিট ফি ছাড়াও স্ক্যানিং চার্জ, শুল্ক ব্যতীত অন্য চার্জ বা টোল প্রযোজ্য হবে।প্রসঙ্গত, এক দেশের পণ্য যখন আরেক দেশের ভূখণ্ড ব্যবহার করে তৃতীয় কোনো দেশে যায়, তখন তা হলো ট্রানজিট। আর একই দেশের একাংশ থেকে আরেক অংশে পণ্য বহনের ক্ষেত্রে অন্য কোনো দেশের ভূখণ্ড ব্যবহার করা হলে তা হয় করিডোর-সুবিধা।