ট্রানজিটের পণ্য ত্রিপুরায় পৌঁছাবে আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুই সপ্তাহ পরও পৌঁছাল না ভারতীয় কনসাইনমেন্ট। পরিবহন সংস্থা জানিয়েছে, ভারতের পশ্চিমবঙ্গের হলদিয়া বন্দর থেকে বাংলাদেশের আশুগঞ্জ নৌবন্দর হয়ে বাণিজ্যিকভাবে ট্রানজিট-সুবিধায় পাঠানো প্রথম কনসাইনমেন্ট আজ রোববার ভারতের ত্রিপুরায় পৌঁছাতে পারে। ব্রাহ্মণবাড়িয়ার কাছে সড়ক পরিবহনের কিছু সমস্যা থাকায় শনিবারের বদলে রোববার আগরতলা স্থল বন্দরে পণ্য পৌঁছাবে বলে জানিয়েছে বহনকারী সংস্থা।
এই ঐতিহাসিক মুহূর্তটির জন্য ত্রিপুরার মানুষকে অপেক্ষা করতে হবে আজ সকাল পর্যন্ত। তিন দিক বাংলাদেশবেষ্টিত ত্রিপুরার আরজি মেনে বাংলাদেশ সরকার বেশ কিছুদিন আগেই আশুগঞ্জ বন্দর ব্যবহার করে ত্রিপুরাকে ট্রানজিট-সুবিধা দিতে সম্মত হয়। এই সুবিধা নিয়েই পালাটানা গ্যাস-বিদ্যুৎ প্রকল্পের বড় মেশিন পাহাড়ি পথের বদলে সহজে বাংলাদেশ হয়ে চলে আসে ত্রিপুরায়। গত বছর একই পদ্ধতিতে ভারতেরই হায়দরাবাদ থেকে চালও আসে এই রাজ্যের মানুষদের জন্য। দুটি ক্ষেত্রেই বাংলাদেশ সরকার কোনো আর্থিক শর্ত চাপায়নি। কিন্তু গত বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে চালু হলো বাণিজ্যিকভাবে ট্রানজিট-সুবিধা। ট্রানজিট বাবদ প্রতি টন পণ্যের জন্য বাংলাদেশ পাবে ১৯২ টাকা। আশুগঞ্জ নৌবন্দরে এই প্রকল্পের উদ্বোধন করেন বাংলাদেশের নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান।
ভারতীয় পণ্যবহনকারী সংস্থা ডারসেলের আগরতলা শাখা প্রবন্ধক সুদীপ রায় মুঠোফোনে প্রথম আলোকে জানান, পশ্চিমবঙ্গের খরগপুরের সংস্থা রেশমির তৈরি এক হাজার পাঁচ টন লোহার রড হলদিয়ায় ৪ জুন এমভি নিউটেকে ওঠানো হয়। তারপর ৭ জুন রওনা দিয়ে ১৫ জুন জাহাজটি এসে পৌঁছায় আশুগঞ্জ বন্দরে। সুদীপ রায়ের কথা অনুযায়ী, ব্রাহ্মণবাড়িয়ায় সড়কপথে ‘কিছু সমস্যা’ থাকায় রোববার সকালেই ত্রিপুরা সরকারের গ্রামোন্নয়ন দপ্তরের এই কনসাইনমেন্ট এসে পৌঁছাবে। এক প্রশ্নের জবাবে সুদীপ রায় আরও জানান, ট্রানজিট-সুবিধাপ্রাপ্ত এই লোহার রডের আনুমানিক বাজারদর সাড়ে তিন শ কোটি রুপি।
ত্রিপুরার মানুষদের স্বার্থে বাংলাদেশ এই ট্রানজিট-সুবিধা দিতে সম্মত হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যের গ্রামোন্নয়নমন্ত্রী নরেশ জামাতিয়া। মুঠোফোনে তিনি প্রথম আলোকে বলেন, এর ফলে রাজ্যের মানুষ উপকৃত হবেন। আরও উন্নত হবে প্রতিবেশী দুদেশের সম্পর্ক। একই মত আগরতলায় নিযুক্ত বাংলাদেশের সহকারী হাইকমিশনার মহম্মদ শাখাওয়াত হোসেনেরও। তিনি প্রথম আলোকে বলেন, আরও আগেই এটা চালু হওয়া উচিত ছিল। ভবিষ্যতে চট্টগ্রাম বন্দরও ব্যবহার করতে পারবে ত্রিপুরা। এর জন্য উভয় দেশের সরকারই আলোচনা চালাচ্ছে।