ট্রানজিটের প্রথম চালান গেল ত্রিপুরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে ভারতের এক অংশ থেকে অন্য অংশে পণ্য নেওয়া বা ট্রানজিটের প্রথম চালান ত্রিপুরায় পৌঁছেছে। গতকাল রোববার বিকেল পাঁচটার দিকে চারটি ট্রাকে করে ৮৪ মেট্রিক টন স্টিল শিট বা রড গেছে ত্রিপুরায়। এর মাধ্যমে বাংলাদেশের নৌ ও সড়কপথ ব্যবহার করে নিয়মিত ট্রানজিটের সূচনা হলো।

গত বৃহস্পতিবার আশুগঞ্জ নৌবন্দরে জাহাজ থেকে এই পণ্য ওঠানোর মধ্য দিয়ে নিয়মিত ট্রানজিটের আনুষ্ঠানিক উদ্বোধন হয়।

২০১১ সালের শুরুর দিকে উত্তর-পূর্ব ভারতের রাজ্য ত্রিপুরার পালাটানা বিদ্যুৎকেন্দ্রের ভারী যন্ত্রাংশ নেওয়ার মাধ্যমে ভারত বাংলাদেশের ৪০০ কিলোমিটার জলপথ ও ৫০ কিলোমিটার সড়কপথ ব্যবহার শুরু করে। এরপর একই বছরের সেপ্টেম্বরে পরীক্ষামূলক ট্রানজিটে ইস্পাতের গ্যালভানাইজ পাটাতন ত্রিপুরায় পৌঁছায়। মানবিক কারণে এই পথে ভারতের হায়দরাবাদ থেকে কলকাতা হয়ে চাল পৌঁছায় ত্রিপুরায়। এ জন্য কোনো মাশুল দিতে হয়নি ভারতকে। তবে এবার নিয়মিত ট্রানজিটে প্রতি টনের জন্য ১৯২ টাকা মাশুল আদায় করা হয়েছে।

খলিফা এন্টারপ্রাইজ নামের প্রতিষ্ঠান আখাউড়া অংশে এই পণ্য ছাড় করানোর দায়িত্বে (সিঅ্যান্ডএফ এজেন্ট) ছিল।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ও আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা বলেন, প্রয়োজনীয় কাগজপত্র দেখে শুল্ক কর্তৃপক্ষ ছাড় দেওয়ার পর ট্রাকগুলো ত্রিপুরায় গেছে।

স্থলবন্দর শুল্ক বিভাগের রাজস্ব কর্মকর্তা মো. নূরুল আলম বলেন, নিয়মিত ট্রানজিটের প্রথম দিন বলে ট্রাক বন্দরে পৌঁছার পরও কিছুটা সময় লেগেছে।