ট্রানশিপমেন্ট বাংলাদেশের জন্য কিছুটা লাভজনক হতো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতকে ট্রানজিট প্রদানের বিভিন্ন দিক নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) উপদেষ্টা মনজুর আহমেদ। সাক্ষাৎকার নিয়েছেন আসজাদুল কিবরিয়া।প্রথম আলো: বলা হচ্ছে, প্রতিবেশী ভারতকে ট্রানজিট দিলে বাংলাদেশ বিভিন্নভাবে লাভবান হবে। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?মনজুর আহমেদ: ট্রানজিট-সুবিধা প্রদান কোনো দেশের জন্য কোনো লাভজনক পেশা নয় বরং দায়বদ্ধতা। এ জন্য প্রথমেই স্পষ্ট হওয়া দরকার কোনটি ট্রানজিট। প্রতিবেশী ভারতসহ ভূআবদ্ধ নেপাল ও ভুটানকে বাংলাদেশের মধ্য দিয়ে তৃতীয় দেশে রপ্তানির জন্য পণ্য পরিবহনের সুবিধা প্রদান এবং একইভাবে ভারতের মধ্য দিয়ে নেপাল অথবা ভুটানে বাংলাদেশের পণ্য পরিবহনের সুবিধা হলো ট্রানজিট।বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) সদস্যভুক্ত প্রতিটি দেশ ট্রানজিট-সুবিধা প্রদানে দায়বদ্ধ। আর ভূআবদ্ধ দেশগুলোর ক্ষেত্রে এটা আরও বেশি প্রযোজ্য। তবে ট্রানজিট প্রদানের এই বাধ্যবাধকতা ট্রানজিট প্রদানকারী দেশের সামর্থ্য ও সক্ষমতার ওপরও নির্ভরশীল। ট্রানজিট প্রদানের বিনিময়ে কীভাবে বা কী কী শুল্ক-মাশুল নেওয়া যাবে, সেটাও ডব্লিউটিওর জেনারেল অ্যাগ্রিমেন্ট অন ট্যারিফস অ্যান্ড ট্রেড (গ্যাট) দলিলের ৫ম ধারায় (আর্টিকেল-৫) এবং বিশ্ব শুল্ক সংঘের (ওয়ার্ল্ড কাস্টমস অরগানাইজেশন বা ডব্লিউসিও) নির্দেশিকা-ই দলিলে বলে দেওয়া আছে। এখানে অস্পষ্টতার কোনো অবকাশ নেই। আবার মনে রাখতে হবে যে ভারতের পণ্য বাংলাদেশের ভেতর দিয়ে পুনরায় ভারতে পরিবহনকে, মানে একই দেশের একাংশ থেকে অপরাংশে পণ্য পরিবহনে দ্বিতীয় দেশের ভূখণ্ড ব্যবহারকে ট্রানজিট হিসেবে গ্যাট-৫-এ অন্তর্ভুক্ত করা হয়নি। ১৯৪৮ সাল পর্যন্ত এ বিষয়ে আলোচনা হলেও তা বাদ দেওয়া হয়েছে।ট্রানজিট প্রদানকারী দেশ ডব্লিউটিওর বিধি অনুসারে মাশুল আদায় করতে পারে। তবে এগুলো বর্ধিত রাজস্ব আদায়ের উৎস হিসেবে গণ্য করা যাবে না। আর এই মাশুল ধার্যের ক্ষেত্রে অন্য দেশের সঙ্গে আলোচনার কোনো প্রয়োজনীয়তা বা আবশ্যকতা নেই। ভারত যে নেপাল, ভুটান ও বাংলাদেশের পণ্যকে ট্রানজিট প্রদানের জন্য মাশুল আদায় করে থাকে তা সংগত কারণেই সংশ্লিষ্ট দেশগুলোর সঙ্গে আলোচনা করে নির্ধারণ করেনি। অত্যন্ত পরিতাপের বিষয় যে বাংলাদেশের শুল্ক আইনে ট্রানজিট বাবদ ফিস ও সার্ভিস চার্জ আরোপ-সংক্রান্ত ধারা ১২৯ অর্থবিল ২০১১-২০১২ মারফত বাতিল করা হয়েছে। অর্থাৎ বাংলাদেশে ট্রানজিট মাশুল আরোপের আপাতত কোনো সুযোগ নেই। প্রথম আলো: তাহলে কি ভারতকে বাংলাদেশ ট্রানজিট দিতে পারে না?মনজুর আহমেদ: হ্যাঁ এবং না। প্রথমত, ভারতের পূর্বাঞ্চল বা মূল ভূখণ্ড থেকে উত্তর-পূর্বাঞ্চলে যাওয়ার জন্য বা পণ্য পরিবহনের জন্য বাংলাদেশ তার ভূখণ্ড ব্যবহার করতে দিতে আন্তর্জাতিক আইন অনুসারে দায়বদ্ধ নয়। এমনকি সমপ্রতি স্বাক্ষরিত হাসিনা-মনমোহন সিং চুক্তিতে এ ধরনের পণ্য পরিবহনের কথা উল্লেখ নেই। শুধু আগরতলার পাওয়ার হাউসের যন্ত্রপাতি পরিবহনের ক্ষেত্রে উভয়পক্ষ সম্মত হয়েছিল। কানেকটিভিটি-সংক্রান্ত অন্য সিদ্ধান্তসমূহ কেবল দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধির জন্য কিন্তু ভারতের এক অংশের পণ্য অন্য অংশে নিয়ে যাওয়ার জন্য নয়। দ্বিতীয়ত, চট্টগ্রাম ও মংলা বন্দর ব্যবহার করে তৃতীয় দেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য সম্পন্ন করতে দিলে অথবা মিয়ানমারে ভারতীয় পণ্য প্রেরণ করা হলে ট্রানজিট বিবেচিত হতে পারে। সে ক্ষেত্রেও প্রশ্ন থাকে। কেননা, ভারত ভূআবদ্ধ দেশ নয়। তার নিজস্ব সমুদ্রবন্দর আছে, আছে বিস্তৃত উপকূল। প্রথম আলো: ট্যারিফ কমিশনের সুপারিশে প্রথম তিন বছর ট্রানজিট না দিয়ে ট্রানশিপমেন্টের কথা বলা হয়েছিল।মনজুর আহমেদ: হ্যাঁ। ট্রানশিপমেন্ট বাংলাদেশের জন্য কিছুটা লাভজনক হতো। কেননা, ট্রানশিপমেন্টের মাধ্যমে বাংলাদেশি যানবাহন ব্যবহার করে ট্রানজিট করা হলে বাংলাদেশের পণ্য পরিবহন মাশুলসহ অন্যান্য আনুষঙ্গিক সেবা বাবদ বাণিজ্যিকভাবে মাশুল আদায়যোগ্য হবে। সে ক্ষেত্রে বাংলাদেশের লাভবান হওয়ার সুযোগ থাকে।তা ছাড়া বাংলাদেশের নিজস্ব অবকাঠামোর সক্ষমতা-সামর্থ্য বিবেচনায় বাংলাদেশি ট্রাক ও রেলগাড়ি ব্যবহারই এখন অধিক বাস্তবসম্মত। আর ট্রানশিপমেন্ট নিশ্চিত করার তাগিদে অভ্যন্তরীণ অবকাঠামো উন্নয়নের যে চাহিদা তৈরি হতো, তা দীর্ঘ মেয়াদে বাংলাদেশের অবকাঠামো খাতের উন্নয়নে ভূমিকা রাখত। মনে রাখা দরকার যে বাংলাদেশের সড়কপথের ধারণক্ষমতার অতিরিক্ত ভারী যানবাহন ব্যবহার করে করিডর বা ট্রানজিট-সুবিধা যদি ভারত চায়, তাহলে অতিরিক্ত ভার বহনে সক্ষম পথের জন্য ভারতকেই অর্থায়ন করতে হবে এবং তা হতে হবে অনুদান আকারে। ডব্লিউটিওর হংকং ঘোষণায় এ বিষয়ে নির্দেশনা আছে। অথচ আমরা ঋণ নিয়ে তা করতে যাচ্ছি। আবার ট্যারিফ কমিশনের বা কোর কমিটির সুপারিশে ট্রানজিটের পণ্য পরিবহনের জন্য একটি যৌথ কোম্পানি গঠনের কথা বলা হয়েছে। এটা হলে পরিবহনের ক্ষেত্রে একটা একচেটিয়া ব্যবসা দেখা দেবে, যা প্রতিযোগিতার পরিবেশ নষ্ট করবে। বরং আসিয়ানের ধরনের ট্রানজিট পণ্যবাহী যানবাহনের প্রাক্-নিবন্ধন ব্যবস্থা করা যেতে পারে। অর্থাৎ ভারতীয় যান আগে বাংলাদেশে বিআরটিএতে মাশুল দিয়ে নিবন্ধিত হবে। এরপর সেই যান নির্দিষ্ট রুট দিয়ে চলাচল করবে। এ ক্ষেত্রে এসব যানকে বাংলাদেশি যানের মতোই সমান সুযোগ দিতে হবে। বাড়তি কোনো মাশুল চাপানো যাবে না।প্রথম আলো: হাসিনা-মনমোহন যৌথ ঘোষণার আলোকে বাংলাদেশ ট্রানজিটের প্রস্তুতি নিচ্ছে। এই প্রক্রিয়াটি সঠিকভাবে অগ্রসর হচ্ছে কি?মনজুর আহমেদ: হাসিনা-মনমোহন যৌথ ঘোষণায় ভারতকে ট্রানজিট দেওয়ার কোনো কিছু বলা হয়নি। বরং আশুগঞ্জ দিয়ে অবাণিজ্যিক ভিত্তিতে এককালীনভাবে ওডিসি (ওভার ডাইমেনশনাল কার্গো) পরিবহনের জন্য আমাদের প্রধানমন্ত্রী সম্মত হয়েছিলেন। তা ছাড়া বাংলাদেশের ভৌগোলিক অবস্থানগত সুবিধা আমাদের প্রকৃতি প্রদত্ত সুবিধা। এই সুবিধাকে হাতছাড়া করা সম্পূর্ণ অযৌক্তিক। ভারতীয় পণ্য শিলিগুড়ির ‘চিকেন নেক’ দিয়ে ঘুরে এক হাজার ৪০০ বা এক হাজার ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিয়ে শিলচর বা আখাউড়া গেলেও এই পণ্য পরিবহনে ব্যাপক ভর্তুকি দেওয়া হয়। বাংলাদেশের ওপর দিয়ে গেলে দূরত্ব কমে ৪০০ কিলোমিটারে নেমে আসবে। এতে কিন্তু উত্তর-পূর্ব ভারতে বাংলাদেশি পণ্যের বাজার অতিরিক্ত প্রতিযোগিতার মধ্যে পড়বে, বাজার হাতছাড়াও হতে পারে। এসব বিবেচনায় না নিয়ে সরকার যেভাবে এই ট্রানজিটের বিষয়টি নিয়ে অগ্রসর হচ্ছে, তা ঠিক হচ্ছে না বলে মনে করি।আবার ট্রানজিটের বিষয়ে গঠিত কোর কমিটিতে এফবিসিসিআইসহ বেসরকারি খাতের কোনো প্রতিনিধি অন্তর্ভুক্ত করা হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। বেসরকারি খাতসহ সংশ্লিষ্ট সকল পক্ষের সঙ্গে আলোচনা ছাড়া ট্রানজিট-সংক্রান্ত বিষয়গুলো চূড়ান্ত করা জাতীয় স্বার্থে সমীচীন হবে না।