‘অর্থনীতিশাস্ত্রে দর্শনের দারিদ্র্য’ বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ
ট্রাম্প ও ব্রেক্সিটের যুগে অর্থশাস্ত্রে বদল আসবেই

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইউরোপীয় জোট থেকে ইংল্যান্ডের বেরিয়ে যাওয়া অর্থাৎ ব্রেক্সিটের এই যুগে অর্থনীতিশাস্ত্রে পরিবর্তন আসবে বলে মনে করেন বিশিষ্ট অর্থনীতিবিদ ওয়াহিদউদ্দিন মাহমুদ।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘বৈষম্য, পরিবেশের ক্ষতি এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রতি দায়বদ্ধতা—এ তিনটি বিষয় বর্তমানের অর্থনীতিশাস্ত্রের মধ্যে নেই। তবে থাকা উচিত। আমি বিশ্বাস করি, ট্রাম্প ও ব্রেক্সিটের এই যুগে অর্থনীতিশাস্ত্রে পরিবর্তন আসবেই।’
রাজধানীর সিরডাপ মিলনায়তনে গতকাল শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের সাবেক শিক্ষক আবুল বারকাত রচিত অর্থনীতিশাস্ত্রে দর্শনের দারিদ্র্য শীর্ষক বইয়ের মোড়ক উন্মোচন ও আলোচনা অনুষ্ঠানে ওয়াহিদউদ্দিন মাহমুদ এসব কথা বলেন। বাংলাদেশ অর্থনীতি সমিতি এই অনুষ্ঠানের আয়োজক।
অর্থনীতিশাস্ত্র পরিবেশের স্বার্থ ভুলে গিয়েছিল উল্লেখ করে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, মন্দা দেখা দিলে সরকার যদি বেশি খরচ করে, তাহলে ওই মন্দা দূর হয়ে যাবে বলে অর্থনীতিশাস্ত্রে বলা হয়। সেই বেশি খরচ রাস্তাঘাট তৈরির জন্য হতে পারে, হতে পারে অস্ত্র কেনার জন্যও। তবে ভবিষ্যতে অর্থনীতিশাস্ত্রে নৈতিকতার জায়গা থাকবে বলে তিনি আশাবাদী।
ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘আবুল বারকাত তাঁর বইটিতে মূল স্রোতের অর্থনীতি নিয়ে প্রচণ্ডভাবে ভর্ৎসনা করেছেন। তবে তাঁর ভর্ৎসনা আমি মেনে নিচ্ছি। কারণ, আগামী ২০ থেকে ৩০ বছর পরে তাঁর ভাবনাকে আর ভর্ৎসনা মনে হবে না, মনে হবে দিকনির্দেশনা।’
বইটিতে শ্রেণিবিভক্ত সমাজকে বোঝার চেষ্টা করা হয়েছে বলে মনে করেন বাংলাদেশ মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ও বইয়ের আলোচক মিজানুর রহমান।
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) মহাপরিচালক তৌফিক আহমদ চৌধুরী বলেন, মানুষের জন্য এবং মানুষের কল্যাণে অর্থনীতিতে কীভাবে মানবিকতা আনতে হবে—আবুল বারকাতের এই বইতে তার একটা সমাধানের চেষ্টা আছে। বিশ্ববিদ্যালয়ে সম্মান ও স্নাতকোত্তর পর্যায়ে কী ধরনের সিলেবাস থাকা উচিত, তা-ও বইটিতে উঠে এসেছে বলে মনে করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের ডিন আবু জাফর মো. শফিউল আলম ভুঁইয়া বলেন, প্রাচ্য অঞ্চলের অন্যতম মনীষা ইবনে খালদুন ও আবু ইউসুফেরা যে অর্থনীতির জনক অ্যাডাম স্মিথেরও আগে অর্থনীতি নিয়ে চমৎকার সব ধারণা দিয়েছেন, এই তথ্যও আবুল বারকাতের বই থেকে পাওয়া যায়।
অর্থনীতি সমিতির সাবেক সভাপতি কাজী খলীকুজ্জমান আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সমিতির সাধারণ সম্পাদক জামাল উদ্দিন আহমেদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের শিক্ষক ও আবুল বারকাতের সহপাঠী শফিক উজ্জামান এবং আবুল বারকাত নিজে। সাত অধ্যায়ে রচিত ২২৮ পৃষ্ঠার এই বইয়ের দাম ৪০০ টাকা, প্রকাশক মুক্তবুদ্ধি প্রকাশনা।