ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেন কাল শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের লেনদেন আগামীকাল বুধবার থেকে দেশের দুই স্টক এক্সচেঞ্জে একযোগে শুরু হচ্ছে।ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালনা পর্ষদের সভায় গতকাল সোমবার ফান্ডটি তালিকাভুক্ত করার ব্যাপারে চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জও (সিএসই) ইতিমধ্যে ফান্ডটিকে তালিকাভুক্তির অনুমোদন দিয়েছে।তালিকাভুক্ত হলে ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডই হবে দেশের পুঁজিবাজারের ইতিহাসে এ ধরনের সবচেয়ে বড় ফান্ড। ফান্ডটির আকার ২০০ কোটি টাকা। এটি বেসরকারি ব্যাংকের উদ্যোগে গঠিত দ্বিতীয় ফান্ড। এর আগে ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) উদ্যোগে গঠিত ইবিএল ফার্স্ট মিউচুয়াল ফান্ড বাজারে তালিকাভুক্ত হয়।ট্রাস্ট ব্যাংকের মোট তহবিলের মধ্যে ৪০ কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে উদ্যোক্তাদের জন্য। ১২০ কোটি টাকা প্রাইভেট প্লেসমেন্টের মাধ্যমে সেনাবাহিনীর সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তি ও প্রতিষ্ঠানকে বরাদ্দ দেওয়া হয়েছে। আর বাকি ৪০ কোটি টাকা প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে বণ্টন করা হয়েছে।ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের আইপিওর বিপরীতে মোট চাঁদা বা আবেদন জমা পড়েছিল ১০ গুণেরও বেশি। ফান্ডটি ব্যবস্থাপনার দায়িত্বে নিয়োজিত বেসরকারি সম্পদ ব্যবস্থাপনা কোম্পানি রেইস অ্যাসেট ম্যানেজমেন্ট জানিয়েছে, এটি বাজারে আসা একমাত্র ফান্ড, যেটি তালিকাভুক্তির আগেই ২৫ কোটি টাকা মুনাফা করেছে।মিউচুয়াল ফান্ডের স্টক ও রাইট শেয়ার প্রদানবিষয়ক হাইকোর্টের রায়ের বিরুদ্ধে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) গত রোববার আপিল না করার সিদ্ধান্ত নেওয়ায় ফান্ডগুলোর ব্যাপারে বিনিয়োগকারীরা আশাবাদী হয়ে উঠেছেন। আর এই সম্ভাবনা সামনে রেখে গত এক মাসে এ খাতে দর বেড়েছে ৪৩ শতাংশ। ট্রাস্ট ব্যাংক ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ট্রাস্টি ও কাস্টোডিয়ান হিসেবে রয়েছে ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি)।