ট্রাস্ট ব্যাংকের লভ্যাংশ ঘোষণা, বেড়েছে মুনাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি ট্রাস্ট ব্যাংক লিমিটেড শেয়ারধারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। প্রতিষ্ঠানটি গত অর্থবছরের জন্য ১২ শতাংশ শেয়ার লভ্যাংশ দেবে। ট্রাস্ট ব্যাংকের পক্ষ থেকে আজ বুধবার এ ঘোষণা দেওয়া হয়।

আজ ডিএসইর ওয়েবসাইটে প্রকাশিত সংবাদে বলা হয়, প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ গত ৩১ ডিসেম্বর শেষ হওয়া অর্থবছরের জন্য এই লভ্যাংশ ঘোষণা করেছে। এ-সংক্রান্ত বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ২২ মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট ৮ এপ্রিল।

এদিকে ২০১২ অর্থবছরের চেয়ে ২০১৩ অর্থবছরে ট্রাস্ট ব্যাংকের মুনাফা ও ইপিএস বেড়েছে। প্রতিষ্ঠানটি জানিয়েছে, ৩১ ডিসেম্বর পর্যন্ত তাদের কনসলিডেটেড নিট মুনাফা হয়েছে ৩২ কোটি টাকা, যা আগের অর্থবছরের চেয়ে ১৪ কোটি টাকা বেশি। ২০১২ সালে মুনাফা ছিল ১৮ কোটি টাকা। মুনাফার পাশাপাশি শেয়ারপ্রতি আয় বা ইপিএসও বেড়েছে। এই সময়ে ট্রাস্ট ব্যাংকের ইপিএস হয়েছে ৮৫ পয়সা, যা আগের অর্থবছরে ছিল ৫৫ পয়সা।

আজ লেনদেনের শুরুতে ট্রাস্ট ব্যাংকের শেয়ারের দাম ১ দশমিক শূন্য ২ শতাংশ বা ২০ পয়সা বেড়ে লেনদেন হচ্ছে ১৯ টাকা ৮০ পয়সায়।