ট্রেক হোল্ডারদের সহযোগিতা চাইলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টক এক্সচেঞ্জের মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ বা ডিমিউচুয়ালাইজেশনের পূর্ণাঙ্গ বাস্তবায়নে ট্রেক হোল্ডারদের সহযোগিতা চাইলেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিয়া। আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) প্রাঙ্গণে ট্রেক হোল্ডার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠক তিনি এই সহযোগিতা চান।

সিদ্দিকুর রহমান মিয়া ট্রেক হোল্ডার প্রতিনিধিদের উদ্দেশে বলেন, ‘আপনাদের সার্বিক সাহায্য ও সহযোগিতায় ঢাকা স্টক এক্সচেঞ্জের ডিমিউচুয়ালাইজেশন সুন্দরভাবে বাস্তবায়ন সম্ভব হয়েছে। এর কৃতিত্ব আপনাদের। ডিমিউচুয়ালাইজেশন দৃশ্যত মালিকানা থেকে ব্যবস্থাপনা পৃথককরণ হলেও, ডিএসইর উন্নয়নে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। স্টক এক্সচেঞ্জে ডিমিউচুয়ালাইজেশন পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও উন্নয়নে অতীতের মতো ভবিষ্যতেও আপনারা সক্রিয় ভূমিকা রাখবেন, এ প্রত্যাশা করি।’

এ সময় মো. রকিবুর রহমান, এম আকবর আলী, মোস্তাক আহমেদ সাদেক, এ এস শাহুদুল হক বুলবুল, খন্দকার আসাদুল ইসলাম, এ জেড এম নাজিমউদ্দিন, এম এ মোতালেব চৌধুরী, আহসানুল ইসলাম, আহমেদ রশিদ বক্তব্য দেন।

বৈঠকে অন্যান্যের মধ্যে ডিএসইর স্বতন্ত্র পরিচালক মনোয়ারা হাকিম আলী, রুহুল আমিন, আবুল হাশেম, ওয়ালিউল ইসলাম, এম কায়কোবাদ, শেয়ারহোল্ডার পরিচালক মো. শাকিল রিজভী, মোহাম্মদ শাহজাহান, খাজা গোলাম রসুল, শরীফ আনোয়ার হোসেন ও ডিএসইর ব্যবস্থাপনা পরিচালক স্বপন কুমার বালা উপস্থিত ছিলেন। ডিএসইর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।