ট্রেজারি বন্ডের মুনাফায় উৎসে কর প্রত্যাহার
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ট্রেজারি বন্ড ও ট্রেজারি বিলের ওপর আরোপিত উৎসে কর প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে। বন্ড মার্কেটের উন্নয়নের লক্ষ্যে এ প্রস্তাব করা হয়েছে বলে উল্লেখ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
বাজেট বক্তৃতায় মুহিত বলেন, সরকারের সামগ্রিক অর্থ ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যকর বন্ড মার্কেট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। বাংলাদেশ সরকার একটি কার্যকর বন্ড মার্কেট উন্নয়নের জন্য নানামুখী পদক্ষেপ গ্রহণ করেছে। এরই অংশ হিসেবে বন্ড মার্কেট উন্নয়নের স্বার্থে ট্রেজারি বন্ড ও ট্রেজারি বিলের সুদের ওপর উৎসে ৫ শতাংশ হারে কর কর্তনের বিধান প্রত্যাহারের প্রস্তাব করেন তিনি।
ওয়েজ ওনার্সদের জন্য প্রণোদনা
বৈধ চ্যানেলে দেশে বৈদেশিক মুদ্রা আনার বিষয়টি উৎসাহিত করতে প্রস্তাবিত বাজেটে ওয়েজ ওনার্সদের জন্য বিভিন্ন বন্ডে অর্জিত মুনাফায় কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় বলেন, ওয়েজ ওনার্সরা দেশের সমৃদ্ধির চাকা সচল রাখতে অবদান রাখছেন। তাঁদের অবদানের স্বীকৃতি প্রদান এবং বৈধ চ্যানেলে বাংলাদেশে বৈদেশিক মুদ্রা আনায়নকে উৎসাহিত করার লক্ষ্যে ওয়েজ ওনার্স ডেভেলপমেন্ট বন্ড, ইউএস ডলার প্রিমিয়াম বন্ড, ইউএস ডলার ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো ইনভেস্টমেন্ট বন্ড, ইউরো প্রিমিয়াম বন্ড, পাউন্ড স্টার্লিং ইনভেস্টমেন্ট বন্ড ও পাউন্ড স্টার্লিং প্রিমিয়াম বন্ডের অর্জিত সুদ আয়কে কর অব্যাহতি প্রদানের প্রস্তাব করেন তিনি।