ট্রেড ইউনিয়ন নিবন্ধনে বাধা!
গত দুই বছরে ৩০০টির মতো ট্রেড ইউনিয়ন নিবন্ধন পেয়েছে। তবে একই সময়ে শতাধিক ইউনিয়ন নিবন্ধনের জন্য যুগ্ম শ্রম পরিদপ্তরে আবেদন করে প্রত্যাখ্যাত হয়েছে। এগুলোর মধ্যে অনেকগুলো ইচ্ছাকৃত বা অন্যায়ভাবে প্রত্যাখ্যান করা হয়েছে।
রাজধানীর মহাখালীর ব্র্যাক ইন সেন্টারে গতকাল মঙ্গলবার আয়োজিত ‘সংগঠনের স্বাধীনতা: বাংলাদেশের তৈরি পোশাকশিল্পেও অগ্রগতি ও প্রতিবন্ধকতা’ শীর্ষক সেমিনারে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতারা এসব কথা বলেন। তাঁরা অভিযোগ করেন, ইউনিয়ন গঠনে শ্রমিকদের নিরুৎসাহিত করতে চাকরিচ্যুতি, অত্যাচার ও ভয়ভীতি প্রদর্শনের ঘটনাও ঘটছে। সলিডারিটি সেন্টার সেমিনারটির আয়োজন করে।
শ্রমিকনেতা বাবুল আখতার বলেন, ‘আমরা খুব উদ্বিগ্ন। কারণ, অনেক ক্ষেত্রে কারখানা কর্তৃপক্ষ যুগ্ম শ্রম দপ্তরের প্রতিনিধিদের কারখানায় প্রবেশ করতে দেয়নি। আবার সাক্ষাৎকারের সময় কারখানার ব্যবস্থাপনা কর্তৃপক্ষের উপস্থিতিতে শ্রমিকেরা ইচ্ছাকৃতভাবে ইউনিয়ন করতে অস্বীকার করছেন। এসব কারণে বৈধ ইউনিয়নগুলো অকারণে ও অন্যায়ভাবে প্রত্যাখ্যাত হচ্ছে।’
আরেক শ্রমিকনেতা চন্দন কুমার দে বলেন, ‘আমরা দেখেছি, অনেক শ্রমিককে চাকরি থেকে বের করে দেওয়া ও মারধর করা হয়েছে। এত কিছুর পরও শ্রমিকেরা ইউনিয়ন চালিয়ে যাচ্ছেন, কারণ তাঁরা তাঁদের কর্মপরিবেশের উন্নতি করতে চান।’
বাংলাদেশ ইনস্টিটিউট অব লেবার স্টাডিজের (বিলস) সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহম্মেদ বলেন, ‘ট্রেড ইউনিয়ন নিবন্ধনে একটি স্বচ্ছ ও স্পষ্ট প্রক্রিয়া থাকা প্রয়োজন।’ তিনি বলেন, ইউনিয়ন করতে শ্রমিকদের বাধা দেওয়া যে সংস্কৃতি মালিকদের মধ্যে আছে, সেটি অবসানে তাঁদের (মালিকদের) শাস্তির ব্যবস্থা করতে হবে।
সেমিনারে আরও বক্তব্য দেন সাংসদ ইসরাফিল আলম, লেবার কোর্ট বার অ্যাসোসিয়েশনের সভাপতি চৌধুরী সানোয়ার আলী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষক জাকির হোসেন, জাতীয় মানবাধিকার কমিশনের সদস্য ফৌজিয়া ফিরোজ, সলিডারিটি সেন্টারের এ-দেশীয় পরিচালক অ্যালেনজো সুসন প্রমুখ।