ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তৈরি পোশাকশিল্প কারখানাগুলোর অন্তত ২০ শতাংশ এখনো শ্রমিকদের ন্যূনতম মজুরি দিচ্ছে না বলে অভিযোগ করেছে বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্র। ছোট-বড় মিলিয়ে দেশে প্রায় সাড়ে চার হাজার পোশাক কারখানা আছে। সে হিসাবে ৯০০ কারখানা শ্রমিকদের ন্যূনতম মজুরি প্রদান করছে না।
রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুক্ত জাদুঘর মিলনায়তনে সংগঠনটি গতকাল এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করে। গত ২৮ ও ২৯ নভেম্বর ট্রেড ইউনিয়ন কেন্দ্রের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। ওই সম্মেলনের বিভিন্ন দিক তুলে ধরতেই এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নবনির্বাচিত সাধারণ সম্পাদক ওয়াজেদুল ইসলাম খান বলেন, চাপের মুখে পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি পাঁচ হাজার ৩০০ টাকা ঘোষণা করা হয়। কিন্তু এখনো অন্তত ২০ শতাংশ পোশাক কারখানা তা বাস্তবায়ন করেনি।
ওয়াজেদুল ইসলাম বলেন, কর্মক্ষেত্রে শ্রমিকদের নিরাপত্তার বিষয়টি এখনো উপেক্ষিত। ভবনধসে কিংবা অগ্নিকাণ্ডের কারণে হতাহতের ঘটনা অহরহই ঘটছে। কিন্তু প্রতিকারের কোনো উদ্যোগ দেখা যায় না। তাঁর আরও অভিযোগ, ব্যক্তিমালিকানাধীন শিল্প প্রতিষ্ঠানে শ্রমিক-কর্মচারীদের ট্রেড ইউনিয়নের অধিকার বাধাগ্রস্ত করা হয়। ওই শ্রমিকদের ৯০ শতাংশ অসংগঠিত। তাঁদের কোনো নিয়োগপত্রও দেওয়া হয় না। তাই কাজেরও নিশ্চয়তা নেই। আবার তারা কোনো মহার্ঘ্য ভাতাও পান না।
অনুষ্ঠানে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের নবনির্বাচিত সভাপতি শহীদুল্লাহ চৌধুরী বলেন, নানা সমস্যায় জর্জরিত শ্রমিকদের যে পুঞ্জিভূত ক্ষোভ তা আগামীতে বিস্ফোরিত হতে পারে। সে কারণে শ্রমিকদের অধিকার যথাযথভাবে নিশ্চিত করতে হবে।
সংবাদ সম্মেলনে সংগঠনের তিন সহসভাপতি লুৎফর রহমান খান, দেওয়ান মো. আলী, মাহবুবুল আলম প্রমুখ উপস্থিত ছিলেন।