ট্রেড ইউনিয়ন চালুর সুপারিশ মার্কিন সিনেটের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে পোশাকশ্রমিকদের অধিকার নিশ্চিত করতে দ্রুত শ্রম আইন করে রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেডে) ট্রেড ইউনিয়ন চালুসহ পাঁচ দফার একটি সুপারিশ করেছে মার্কিন সিনেট।

তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ডের এক বছর পার হওয়ার মুহূর্তে সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটি এক প্রতিবেদনে এই সুপারিশ করেছে। আজ শনিবার প্রতিবেদনটি প্রকাশ করা হয়েছে। মার্কিন সিনেটের ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মার্কিন সিনেটের ২৩ পৃষ্ঠার ওই প্রতিবেদনে শ্রমিকদের অধিকার ও শ্রমমান নিশ্চিত করার তাগিদ দেওয়া হয়েছে।

মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির চেয়ারম্যান রবার্ট মেনেনদেজ বলেন, ‘বাংলাদেশের কারখানার বিয়োগান্ত ঘটনা শ্রমমানের উন্নয়ন ও শ্রমিকদের অধিকার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। কোনো ক্রেতাই অসহায় শ্রমিকের রক্তের দাগ লেগে থাকা পোশাক আর গায়ে চাপাবেন না। এক বছর আগে বাংলাদেশের পোশাকশিল্পের অনিরাপদ পরিবেশের কারণে সৃষ্ট ভীতিকর পরিস্থিতি সারা বিশ্বকে নাড়িয়ে দিয়েছে। শ্রমিকদের ন্যায্য অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আমাদের থেমে যাওয়া উচিত হবে না।’

সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটির পাঁচ দফা সুপারিশে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের বাজারে অবাধ বাজার-সুবিধা (জিএসপি) ফিরে পেতে কর্মপরিকল্পনা বাস্তবায়নে মার্কিন কর্তৃপক্ষের বাংলাদেশ সরকারকে বাধ্য করতে হবে। বিশেষ করে সংগঠিত হওয়ার অধিকার ও যৌথ দর-কষাকষির অধিকার নিশ্চিত করতে হবে।

যৌথ দর-কষাকষি ও সংগঠিত হওয়ার অধিকারে শ্রমিকদের সক্ষমতা বাড়াতে এএফএল-সিআইও সলিডারিটি সেন্টারে কারিগরি সহযোগিতা দিতে মার্কিন সরকারের তহবিলের পরিমাণ বাড়ানো উচিত বলে মনে করে সিনেটের বৈদেশিক কমিটি।

আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে সমন্বয়ের মাধ্যমে ওয়ালমার্ট, গ্যাপসহ বিখ্যাত খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এবং অ্যালায়েন্স ফর বাংলাদেশ ওয়ার্কার সেফটি শ্রমিকদের দর-কষাকষির অধিকার নিশ্চিত করতে সুপারিশ করা হয়েছে।

শ্রমিকদের ট্রেড ইউনিয়নের বিরুদ্ধে অবস্থান নিয়েছে এমন পোশাক সরবরাহকারীদের বিরুদ্ধে ছাড় না দেওয়ার ব্যাপারে তাদের একটি নীতি প্রণয়ন ও বাস্তবায়নে সমন্বিত ব্যবস্থা নেওয়ারও আহ্বান জানানো হয়েছে। 

মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটি মনে করে, ট্রেড ইউনিয়নবিরোধী অবস্থান নেওয়ার মাধ্যমে বাংলাদেশের যেসব কারখানা দেশের আইনকে বুড়ো আঙুল দেখাচ্ছে, তাদের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের লক্ষ্যে বাংলাদেশ সরকার ও বিজিএমইএকে অনতিবিলম্বে কঠোর ব্যবস্থা নিতে হবে। এ ছাড়া নিরাপত্তার মানদণ্ড মানছে না, এমন কারখানার বিরুদ্ধে অবস্থান নিতেও তাদের পদক্ষেপ নিতে হবে।

সিনেটের সুপারিশে বলা হয়েছে, বাংলাদেশের পরবর্তী সরকারকে দ্রুত বিদ্যমান শ্রম আইন সংশোধনের মাধ্যমে ইপিজেডে ট্রেড ইউনিয়ন চালু করে আন্তর্জাতিক শ্রম আইনের সঙ্গে সংগতিপূর্ণ পরিবেশ তৈরি করতে হবে।