সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের দ্বিতীয় পর্যালোচনা সভার সম্মত ঘোষণা
ট্রেড ইউনিয়ন নিশ্চিত করার তাগিদ
বাংলাদেশের তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশের নিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি হলেও শ্রমিকদের ট্রেড ইউনিয়ন ও যৌথ দর-কষাকষির অধিকার পুরোপুরি নিশ্চিত হয়নি। তাই এ বিষয়গুলোতে উন্নতি করতে হবে। পাশাপাশি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) সংগঠিত হওয়া ও যৌথ দর-কষাকষির সুযোগ নিশ্চিত করতে আইনে পরিবর্তন আনতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাজধানীতে শেষ হওয়া সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের দ্বিতীয় পর্যালোচনা সভার সম্মত ঘোষণায় এ বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। বাংলাদেশ, যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) যৌথ উদ্যোগের ওই সভায় কারখানার কর্মপরিবেশ ও শ্রমিকদের অধিকার নিশ্চিত অব্যাহত রাখতে সবাই একসঙ্গে কাজ করার অঙ্গীকার করেছে।
রাজধানীর একটি হোটেলে সম্মত ঘোষণা প্রচার ও সংবাদ সম্মেলনের মধ্য দিয়ে বাংলাদেশ সাসটেইনেবিলিটি কমপ্যাক্টের দ্বিতীয় সভা শেষ হয়। বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুনের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে বক্তৃতা করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। তোফায়েল আহমেদ বলেন, ‘যথেষ্ট অগ্রগতি অর্জনের কারণে আমরা সন্তুষ্ট। তা ছাড়া আমাদের সবার মধ্যে ঐকমত্য হওয়ায় আমরা খুশি।’
ইপিজেডে সরকার ট্রেড ইউনিয়নের সুযোগ দিচ্ছে কি না—জানতে চাইলে তোফায়েল আহমেদ বলেন, ‘ইপিজেডের ওয়ার্কার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অলমোস্ট ইকুয়েল টু ট্রেড ইউনিয়ন। কারণ, ট্রেড ইউনিয়ন মানে বারগেইন করা। ইপিজেডে বেতন-ভাতা নিয়ে কোনো সমস্যা নেই। এর মানে পিস ইজ প্রিভেইলিং ইন ইপিজেড। বাইরের কারখানা থেকে সেখানকার বেতন বেশি। কাজেই সেখানে কোনো সমস্যা নেই।’
কমপ্যাক্টের দ্বিতীয় পর্যালোচনা সভা শেষে প্রচারিত সম্মত ঘোষণায় এ বিষয়ে বলা আছে, শ্রমিকদের সংগঠিত হওয়া ও যৌথ দর-কষাকষির সুযোগ সুরক্ষার স্বার্থে ইপিজেডের আইনি কাঠামোতে প্রয়োজনীয় সংস্কার আনতে হবে। এ ছাড়া শ্রম আইনে এ বিষয়ে তাদের জন্য যে অধিকার দেওয়া হয়েছে, তা নিশ্চিত করতে আইএলও-সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে কাজ করতে হবে।
সংবাদ সম্মেলনের পর সম্মত ঘোষণা চূড়ান্ত করার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত ইইউ ও যুক্তরাষ্ট্রের ওই দুই প্রতিনিধি প্রথম আলোকে বলেন, ঘোষণায় ইপিজেডের আইনি কাঠামোতে প্রয়োজনীয় সংস্কারের মাধ্যমে সেখানে ট্রেড ইউনিয়ন নিশ্চিত করার কথা বলা হয়েছে। সেখানে স্পষ্ট করে বলা আছে, সংগঠিত হওয়ার অধিকারের ক্ষেত্রে আইএলওর মৌলিক সনদ অনুসরণ করতে হবে।
দক্ষিণ ও মধ্য এশিয়া-বিষয়ক সহকারী মার্কিন বাণিজ্য প্রতিনিধি মাইকেল ডিলানি সংবাদ সম্মেলনে বলেন, কারখানার অগ্নিনির্বাপণ ও কাঠামোগত নিরাপত্তা এবং সংস্কারমূলক পদক্ষেপ নেওয়ার মাধ্যমে শ্রমিকদের নিরাপত্তায় উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। তবে ট্রেড ইউনিয়ন ও যৌথ দর-কষাকষির অধিকারের ক্ষেত্রে তেমন উন্নতি হয়নি। এ জায়গায় আরও অনেক পদক্ষেপ নিতে হবে।
ইইউ বাণিজ্য দপ্তরের পরিচালক স্যান্ড্রা গ্যালিনা বলেন, ‘কমপ্যাক্ট একটি দীর্ঘমেয়াদি বিষয়। যে বিষয়গুলো নিয়ে কাজ হচ্ছে, তাতে বাংলাদেশ ভালো করছে। অনেক ক্ষেত্রে যেমন উন্নতি আছে, তেমনি কোথাও কোথাও আরও উন্নতি করতে হবে। তবে বাংলাদেশ এ ক্ষেত্রে সফল হবে বলে আমার বিশ্বাস আছে। আমরা দীর্ঘ মেয়াদে একসঙ্গে থেকে এ বিষয়গুলো অর্জন করতে চাই।’
গতকালের সম্মত ঘোষণায় ইপিজেডে শ্রমিকদের অধিকার ছাড়াও সামগ্রিকভাবে আরও পাঁচটি বিষয়ে কাজ করার ওপর গুরুত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে সুনির্দিষ্ট লক্ষ্য সামনে রেখে স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে ট্রেড ইউনিয়নের নিবন্ধন নিশ্চিত করা, অন্যায় শ্রমের চর্চা বন্ধের লক্ষ্যে যথাযথ তদন্ত ও শাস্তির বিধানে শ্রম পরিচালকের দপ্তরে বাড়তি জনবল নিয়োগ এবং আইএলও সনদের সঙ্গে সংগতি রেখে শ্রমিকদের অংশীদারত্ব কমিটি এবং পেশাগত নিরাপত্তা ও স্বাস্থ্য কমিটি কার্যকর করা। এ ছাড়া বৈশ্বিক সরবরাহ ব্যবস্থায় ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের দায়িত্বশীলভাবে কাজ করার ওপর গুরুত্ব দিয়েছেন কমপ্যাক্টের অংশীদারেরা। কারখানা পরিদর্শনের ক্ষেত্রে ব্র্যান্ড ও খুচরা বিক্রেতাদের একটি অভিন্ন নীতি অনুসরণেরও তাগিদ দিয়েছেন তাঁরা।
ট্রেড ইউনিয়ন পরিচালনায় বাধার অভিযোগ: কমপ্যাক্টের দ্বিতীয় পর্যালোচনা সভার প্রথম গোলটেবিল বৈঠকে শ্রমিক সংগঠনের নেতারা অভিযোগ করেন, রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক খাতে ৩৪১টি ট্রেড ইউনিয়ন হয়েছে। তবে কারখানায় ইউনিয়নের কার্যক্রম পরিচালনা করতে গিয়ে এখনো বাধার মুখে পড়ছেন শ্রমিকেরা। অনেক ক্ষেত্রেই শ্রমিকেরা নির্যাতনের শিকার ও চাকরি হারাচ্ছেন।
শ্রমিক অধিকার ও কারখানার নিরাপত্তা পরিস্থিতির ধারাবাহিক উন্নতির মাধ্যমে কর্মক্ষেত্রে সম্মান নিশ্চিত করা শীর্ষক এই আলোচনায় সভাপতিত্ব করেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মিকাইল শিপার।
মিকাইল শিপার বলেন, ‘শ্রম মন্ত্রণালয়ের লোকবল সংকটের কারণে শ্রমিকদের বিষয়ে পুরোপুরি নজর দেওয়া সম্ভব হয়নি। গত দুই বছর আমরা কারখানার কর্মপরিবেশ ও নিরাপত্তা বিষয়টি তদারকিতেই ব্যস্ত ছিলাম। তবে এখন থেকে ট্রেড ইউনিয়ন পরিচালনা করতে গিয়ে শ্রমিকেরা বাধা পাচ্ছেন কি না বা নিবন্ধন পেতে সমস্যা হচ্ছে কি না, সেসব বিষয় গুরুত্ব নিয়ে দেখব।’
ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তা আন্দ্রিয়াস জুলিন বলেন, শ্রমিকেরা যতক্ষণ না স্বাধীনভাবে ট্রেড ইউনিয়ন পরিচালনা করতে পারছেন, ততক্ষণ ট্রেড ইউনিয়নের সংখ্যা কত হলো কিংবা কত শ্রমিক এর সঙ্গে যুক্ত, এসব তথ্য কোনো কাজে আসবে না।
শ্রমিকনেত্রী নাজমা আক্তার বলেন, এখনো ট্রেড ইউনিয়নের সঙ্গে যুক্ত শ্রমিকেরা নির্যাতনের শিকার হচ্ছেন।
শ্রমিকনেতা ওয়াজেদ উল ইসলাম খান ক্রেতাদের উদ্দেশে বলেন, প্রতিটি তৈরি পোশাক মাত্র ১০ সেন্ট বৃদ্ধি করে দিলেই শ্রমিকদের মজুরি অনেক বেড়ে যাবে।
বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার্স সলিডারিটির নির্বাহী পরিচালক কল্পনা আক্তার বলেন, ‘আমরা কোনো দান-খয়রাত চাই না। ন্যায্য মজুরি চাই।’ ক্রেতা প্রতিষ্ঠান এইচঅ্যান্ডএমের এদেশীয় ব্যবস্থাপক রজার হুবার্ট বলেন, ‘আমি স্বীকার করছি আমাদের দায়িত্ব আছে। সে জন্যই তো পাঁচ কোটি ডলার বিনিয়োগ করে কারখানার কর্মপরিবেশ উন্নয়নে অ্যাকর্ড ও অ্যালায়েন্স গঠন করেছে ক্রেতারা। তাই কেউ যদি বলে আমরা কিছু করছি না, সেটি ঠিক না।’
বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক বলেন, ‘সব সময়ই আমাদের উৎপাদন প্রক্রিয়া নিয়ে কথা হয়। তবে ক্রেতাদের কাছ থেকে কী আসছে, সেটি নিয়ে কথা হয় না। ক্রেতারা খুবই হিসাব কষে দাম দেন।’