ট্রেড পোর্টাল করেছে বাণিজ্য মন্ত্রণালয়
আমদানি-রপ্তানি বিষয়ে দরকারি তথ্য নিয়ে একটি ট্রেড পোর্টাল উদ্বোধন করেছে বাণিজ্য মন্ত্রণালয়। আজ রোববার সোনারগাঁও হোটেলে এই পোর্টালের উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে বাণিজ্য মন্ত্রণালয় ও ওয়ার্ল্ড ব্যাংক গ্রুপের ট্রেড অ্যান্ড কম্পিটিটিভনেস গ্লোবাল প্র্যাকটিস।
বাণিজ্য মন্ত্রণালয় দাবি করেছে, দক্ষিণ এশিয়ার মধ্যে এ ধরনের ট্রেড পোর্টাল তৈরির উদ্যোগ এটাই প্রথম। পোর্টাল তৈরিতে অর্থায়ন করেছে বিশ্বব্যাংক। সাইটটি তৈরিতে বিদেশি পরামর্শক ও প্রকল্প পরিচালক নিয়োগ করেছে প্রতিষ্ঠানটি।
পোর্টাল সম্পর্কে অনুষ্ঠানে বলা হয়, দেশি-বিদেশি ব্যবসায়ীরা এতে উপকৃত হবেন। সরকারের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। ব্যবসা বিষয়ে স্বচ্ছতা আনবে এ পোর্টাল। বাংলা ও ইংরেজি দুটি সংস্করণ থাকবে পোর্টালটির। এতে বর্তমান ট্রেড নীতি ও প্রক্রিয়ার পাশাপাশি আইন, প্রশাসনিক প্রক্রিয়া, নির্দেশনা, প্রয়োজনীয় ফি, লাইসেন্স পারমিট ও শাস্তির বিষয়ে তথ্য থাকবে। আন্তর্জাতিক, আঞ্চলিক ও দ্বিপক্ষীয় ট্রেড চুক্তির বিষয়গুলো এতে ক্যাটালগ আকারে থাকবে। এতে বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশ সম্পর্কে দরকারি তথ্য পাবেন।
ব্যবসায়ী, গবেষণা প্রতিষ্ঠানসহ সবাইকে এ পোর্টাল ব্যবহারের আহ্বান জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়।
অনুষ্ঠানে ব্যবসায়ী-শিল্পপতিদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ বলেন, ব্যবসায়ীদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ এটি। ব্যবসায়িক কমিউনিটির জন্য নতুন দিগন্তের সূচনা করবে এটি। পাবলিক ও প্রাইভেট সেক্টরের প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে পোর্টালটি। তবে এটি নিয়মিত হালনাগাদ করা প্রয়োজন।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন আর স্বপ্ন নয়, এটি এখন বাস্তব। এই ট্রেড পোর্টাল তারই উদাহরণ। এর মাধ্যমে আন্তর্জাতিক বিশ্বের সঙ্গে সম্পর্ক তৈরি হবে। এখানে নিয়মিত তথ্য হালনাগাদ করা হবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ট্রেড অ্যান্ড কম্পিটেটিটিভনেস গ্লোবাল প্র্যাকটিসের প্রোগ্রাম ব্যবস্থাপক মাশরুর রিয়াজ, বাণিজ্য মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব হেদায়েতুল্লাহ আল মামুন প্রমুখ।
ট্রেড পোর্টালটির ঠিকানা (www.bangladeshtradeportal.gov.bd)