ট্রেড লাইসেন্স পেতে নারী উদ্যোক্তারা সমস্যায় পড়েন
ক্ষুদ্র ও মাঝারি নারী উদ্যোক্তাদের বেশির ভাগই ঘরে বসে কাজ করেন। কিন্তু ট্রেড লাইসেন্স পেতে তাঁদের অফিস দেখাতে হয়। আবার ঢাকার বাইরের সিটি করপোরেশন নারীদের এক দিনে ট্রেড লাইসেন্স দিচ্ছে। তবে রাজধানীতে তা হয় না। অনেক সময় ঘুষও দিতে হয়।এসএমই ফাউন্ডেশন আয়োজিত এক গোলটেবিল আলোচনায় এসব কথা বলেন নারী উদ্যোক্তারা। তাঁরা সহজ শর্তে ব্যাংকঋণ, ব্যবসা প্রসারে তথ্যপ্রযুক্তি ও ই-মার্কেটিংয়ে প্রশিক্ষণের দাবি জানান।নারী উদ্যোক্তাদের উন্নয়নে এসএমই ফাউন্ডেশন ভবনে গতকাল শনিবার অনুষ্ঠিত এই আলোচনায় বাংলাদেশ ফেডারেশন অব উইমেন চেম্বারের (বিএফডব্লিউই) সদস্যরা অংশ নেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বিএফডব্লিউইর সভাপতি রোকেয়া আফজাল রহমান। সভাপতিত্ব করেন এসএমই ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক মো. মুজিবুর রহমান।রোকেয়া আফজাল রহমান বলেন, নারী উদ্যোক্তারা গত ২০ বছরে অনেক দূর এগিয়ে যেতে পারতেন। তাঁদের সেই সক্ষমতা আছে। তবে প্রযুক্তিজ্ঞান ও প্রশিক্ষণের অভাব কিংবা ‘অল্পতেই সন্তুষ্টি’র মনোভাবের কারণে অনেকেই এখনো কেবল বুটিক নিয়েই পড়ে আছেন। বৈচিত্র্যময় পণ্য উৎপাদনে আসছেন না।মুজিবুর রহমান বলেন, নারী উদ্যোক্তাদের সমস্যাগুলো এসএমই ফাউন্ডেশনের বার্ষিক কর্মপরিকল্পনায় অন্তর্ভুক্ত করে বাস্তবায়ন করা হবে। আর যেসব বিষয়ে ফাউন্ডেশনের কিছু করার সুযোগ নেই, সেসব বিষয় সংশ্লিষ্ট সংস্থাকে জানিয়ে দেওয়া হবে।পরে ‘নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক যোগাযোগে বাংলার ব্যবহার’ শীর্ষক এক প্রশিক্ষণ পর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রশিক্ষক তথ্য ও যোগাযোগপ্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা মুনির হাসান ব্যবসা প্রসারে বাংলায় ফেসবুক ব্যবহারের বিভিন্ন দিক তুলে ধরেন। তিনি বলেন, দেশে এখন ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৩৫ লাখ। চলতি বছরের ডিসেম্বরে এই সংখ্যা এক কোটি ছাড়িয়ে যাবে। তাই সামাজিক যোগাযোগের এই ওয়েবসাইটের মাধ্যমে খুব সহজে ও বিনা পয়সায় পণ্যের বিজ্ঞাপন করা যায়। প্রশিক্ষণ পর্বে বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক ও প্রকাশক মতিউর রহমান, ফিচার সম্পাদক সুমনা শারমিন এবং এসএমই ফাউন্ডেশনের উপ-মহাব্যবস্থাপক ফারজানা খান।মতিউর রহমান নারী উদ্যোক্তাদের উদ্দেশে বলেন, ‘আপনাদের পিছিয়ে যাওয়ার সুযোগ নেই, বরং এগিয়ে যাওয়ার সুযোগ বাড়ছে। ইন্টারনেট, ব্লগ ও ফেসবুক ব্যবহার করে খুব সহজেই আপনারা ব্যবসার প্রসার ঘটাতে পারেন।’