ট্রেন্ডসেট সিকিউরিটিজের সদস্যপদ বাজেয়াপ্ত
চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সদস্য ব্রোকারেজ হাউস ট্রেন্ডসেট সিকিউরিটিজ লিমিটেডের সদস্যপদ বাজেয়াপ্ত করা হয়েছে। সময়মতো গ্রাহকদের পাওনা পরিশোধ না করাসহ বেশ কিছু অভিযোগের পরিপ্রেক্ষিতে ১৮ জুলাই সিএসইর পরিচালনা পর্ষদের সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল সোমবার সিএসইর ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়।এ বিষয়ে জানতে চাইলে সিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) সৈয়দ সাজিদ হোসেন বলেন, সময়মতো বিনিয়োগকারীদের পাওনা পরিশোধ না করায় ট্রেন্ডসেট সিকিউরিটিজের সদস্যপদ বাজেয়াপ্ত করা হয়েছে।সাজিদ হোসেন আরও জানান, ট্রেন্ডসেট সিকিউরিটিজের বিরুদ্ধে আনা বিনিয়োগকারীদের বিভিন্ন অভিযোগ তদন্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। কিন্তু প্রতিষ্ঠানটি তদন্ত কার্যক্রম পরিচালনায়ও অসহযোগিতা করে। আর তাই সিএসইর পরিচালনা পর্ষদের সদস্যদের সর্বসম্মতিক্রমে প্রতিষ্ঠানটির সনদ বাজেয়াপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই প্রতিষ্ঠানটির সদস্যপদ সিএসইতে জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।