ঠাকুরগাঁও চিনিকলে এবারে লোকসান কমে এসেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁও চিনিকলে লোকসানের পরিমাণ কমে এসেছে। গতবারের তুলনায় এ মৌসুমে চিনি আহরণের হার বেশি হওয়ায় এবং মোট উৎপাদন বাড়ায় লোকসান কমেছে বলে জানান চিনিকলটির কর্মকর্তারা।জানা গেছে, ঠাকুরগাঁও চিনিকলে এবার লোকসান কমে ১৬ কোটি টাকায় নেমে এসেছে, যা গতবারের তুলনায় প্রায় সাড়ে তিন কোটি টাকা কম। গত বছর এ চিনিকল লোকসান দেয় ১৯ কোটি ৫২ লাখ টাকা। এবার বিভিন্ন খাতে খরচও কমানো হয়েছে প্রায় ৭০ লাখ টাকা।চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম জানান, গত বছরের ২৫ ডিসেম্বর তাঁরা আখ মাড়াইয়ের মাধ্যমে চিনি উত্পাদন শুরু করেন, যা ৯ ফেব্রুয়ারি পর্যন্ত চলে। এ মৌসুমে মোট ৫৭ হাজার ৪৩৮ মেট্রিক টন আখ মাড়াই করা হয়। যা থেকে চিনি উত্পাদিত হয় তিন হাজার ৮১৪ মেট্রিক টন। ব্যবস্থাপনা পরিচালক আরও জানান, এবার ৬৬ টাকা মণ দরে আখ কেনা হলেও আগামী মৌসুমে কেনা হবে ৮০ টাকা করে।ঠাকুরগাঁও কেন্দ্রীয় আখ চাষি সমিতির সাবেক সভাপতি ইউনুস আলী জানান, লোকসান কমাতে হলে চিনিকল এলাকায় আখের চাষ বৃদ্ধি, আখচাষিদের ভর্তুকি প্রদান ও চিনিকলের জমি কৃষকদের আলুচাষের জন্য ইজারা না দিয়ে প্রকৃত আখচাষিদের বরাদ্দ দিতে হবে।