ঠাকুরগাঁও চিনিকলের ৫৩তম আখ মাড়াই মৌসুম উদ্বোধন
ঠাকুরগাঁও চিনিকলের ২০১০-১১ মৌসুমের আখ মাড়াই কার্যক্রম শুরু হয়েছে। এটি হচ্ছে এই চিনিকলের ৫৩তম আখ মাড়াই মৌসুম।পানিসম্পদ মন্ত্রী রমেশ চন্দ্র সেন গত শুক্রবার বিকেলে চিনিকলের ডোঙ্গায় আখ নিক্ষেপ করে নতুন মাড়াই মৌসুমের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প সংস্থার (বিএসএফআইসি) চেয়ারম্যান রণজিৎ কুমার বিশ্বাস। চিনিকলটির ব্যবস্থাপনা পরিচালক শিবেন্দ্র নাথ সরকারের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে জেলা প্রশাসক মুহা. শহীদুজ্জামান, পুলিশ সুপার বি এম হারুন অর রশীদ, উপজেলা চেয়ারম্যান সুলতানুল ফেরদৌস চৌধুরী, আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মকবুল হোসেন ও সাধারণ সম্পাদক সাদেক কুরাইশী, আখচাষি ফেডারেশনের নেতা ইউনুস আলী প্রমুখ উপস্থিত ছিলেন। শিবেন্দ্র নাথ সরকার জানান, চলতি মৌসুমে এই চিনিকলে ৯০ দিনে এক লাখ ২০ হাজার মেট্রিক টন আখ মাড়াই করে আট হাজার ৭০০ মেট্রিক টন চিনি উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এতে চিনি আহরণের শতকরা হার ধরা হয়েছে ৭ দশমিক ২ ভাগ। এই চিনিকলে গত বছর ৫৭ হাজার ৪৩১ মেট্রিক টন আখ থেকে তিন হাজার ৮১৪ মেট্রিক টন চিনি উৎপাদন করা হয়।শিবেন্দ্র নাথ আরও জানান, ঠাকুরগাঁও জেলায় এবার ১২ হাজার একর জমিতে আখ চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হলেও চাষ হয়েছে নয় হাজার ৬৮২ একর জমিতে। তবে তা গত বছরের পাঁচ হাজার ৪৯২ একরের তুলনায় প্রায় চার হাজার একর বেশি। চিনিকলটির আওতাধীন কৃষকদের মধ্যে এবার ছয় কোটি ৭০ লাখ টাকার ঋণ বিতরণ করা হয়েছে। এ ছাড়া রোপা আমন (এসটিপি) পদ্ধতিতে যেসব কৃষক আখ চাষ করেছেন, তাঁদের ২৭ লাখ টাকা ভর্তুকি দেওয়া হয়েছে।এ বছর মিলগেটে প্রতি মণ আখের দাম নির্ধারণ করা হয়েছে ৮৮ টাকা ৯০ পয়সা। যা মিলের আখ ক্রয় কেন্দ্রে হচ্ছে ৮৬ টাকা ৮১ পয়সা।