ডিএসইর মহাব্যবস্থাপক খন্দকার আসাদকে বরখাস্তের নির্দেশ

অবৈধভাবে শেয়ার ব্যবসা করায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মহাব্যবস্থাপক খন্দকার আসাদ উল্লাহকে সাময়িক বরখাস্তের নির্দেশ দিয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
গতকাল মঙ্গলবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে সন্ধ্যায় এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিএসইসির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা স্টক এক্সচেঞ্জ লিমিটেডের মহাব্যবস্থাপক খন্দকার আসাদ উল্লাহর বিরুদ্ধে সিকিউরিটিজ আইন ভঙ্গসহ অন্যান্য অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় পুঁজিবাজারের বৃহত্তর স্বার্থে এবং শৃঙ্খলা আনয়নের জন্য তাঁকে সাময়িক বরখাস্ত করে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করার জন্য ডিএসইকে নির্দেশনা প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়।’
সিকিউরিটিজ আইন লঙ্ঘন করে নিজের ও স্ত্রীর নামে শেয়ার ব্যবসার অভিযোগ ওঠে খন্দকার আসাদ উল্লাহর বিরুদ্ধে। তদন্তের মাধ্যমে তাঁর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হওয়ায় গতকাল কমিশন তাঁকে সাময়িক বরখাস্তের নির্দেশ দেয়।
ডিএসইর ওয়েবসাইটের তথ্য অনুযায়ী খন্দকার আসাদ উল্লাহ মানবসম্পদ উন্নয়ন ও প্রশাসন (এইচআর অ্যান্ড অ্যাডমিন) বিভাগের মহাব্যবস্থাপক হিসেবে কর্মরত।