ডট বাংলা ডোমেইন সক্রিয় করতে তৎপর সরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কান্ট্রি কোড টপ লেভেল ডোমেইন (সিসিটিএলডি) ডট বাংলা (. বাংলা) সক্রিয় করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। বিষয়টি বিশেষভাবে দেখভালের জন্য ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন যুগ্ম সচিবকে দায়িত্ব দেওয়া হয়েছে। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একাধিক সূত্রে এ তথ্য জানা গেছে।
ডাক ও টেলিযোগাযোগ বিভাগের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হিসেবে গতকাল রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ওই বিভাগের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন।
নাম প্রকাশ না করার শর্তে ডাক ও টেলিযোগাযোগ বিভাগের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানান, সিসিটিএলডি ডোমেইন নাম ও ঠিকানা বরাদ্দকারী মার্কিন প্রতিষ্ঠান ইন্টারনেট করপোরেশন ফর অ্যাসাইনড নেমস অ্যান্ড নাম্বারস (আইসিএএনএন) ডট বাংলার বিষয়ে বাংলাদেশ সরকারের কাছে গত সপ্তাহে তথ্য চেয়েছিল। ইতিমধ্যে সেসব তথ্য আইসিএএনএনের কাছে পাঠানো হয়েছে। একজন যুগ্ম সচিবকে বিষয়টি সমন্বয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
বাংলাদেশের জন্য আইসিএএনএনের স্বীকৃত দুটি ডোমেইনের একটি হলো ডট বাংলা ও আরেকটি হলো ডট বিডি (. bd)। ২০১২ সালে এটি ব্যবহারের অনুমতি পেলেও গত তিন বছরে তা সক্রিয়ভাবে ব্যবহার করতে না পারায় ডট বাংলা ডোমেইনটি এখন ‘বরাদ্দহীন’ অবস্থায় আছে। ইন্টারনেটে একটি রাষ্ট্রের জাতীয় পরিচয়ের স্বীকৃতি হিসেবে কাজ করে এই ডোমেইন।
প্রথম আলোসহ দেশের বেশ কয়েকটি গণমাধ্যমে এ বিষয়ে সংবাদ প্রচারিত হয়।