ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস ডন সিকিউরিটিজ লিমিটেড গতকাল সোমবার আবার লেনদেন কার্যক্রম চালু করেছে। গ্রাহকদের শেয়ার ও টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ডিএসই ব্রোকারেজ হাউসটির লেনদেন কার্যক্রম স্থগিত করেছিল।কিন্তু ডন সিকিউরিটিজের কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করে। এরই অংশ হিসেবে ডিএসইর সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন হাইকোর্ট। একই সঙ্গে হাইকোর্ট এ সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানাতে অর্থ মন্ত্রণালয়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ডিএসইসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেন।বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।জানা গেছে, গতকাল দুপুর একটার দিকে হাইকোর্টের আদেশের অনুলিপি ডিএসই কর্তৃপক্ষের হাতে এসে পৌঁছায়। এরপর তারা ব্রোকারেজ হাউসটির লেনদেন চালুর প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। সব প্রস্তুতি শেষে বেলা আড়াইটার দিকে ব্রোকারেজ হাউসটির লেনদেন শুরু হয়।ডিএসই গত ১৮ জুলাই গ্রাহকদের টাকা ও শেয়ার আত্মসাতের অভিযোগে ডন সিকিউরিটিজের লেনদেন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে গ্রাহকদের টাকা ও শেয়ার ফেরত দিতে নির্দেশ দেওয়া হয়েছিল।বলা হয়েছিল, তা না হলে পুঁজিবাজারের আইন অনুযায়ী সদস্যপদ বিক্রি করে গ্রাহকদের টাকা ফেরত দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। স্বনিয়ন্ত্রিত প্রতিষ্ঠান হিসেবে সাধারণ বিনিয়োগকারীদের স্বার্থেই এ নির্দেশ দিয়েছিল ডিএসইর ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।সূত্র জানায়, ব্রোকারেজ হাউসটিতে গ্রাহকদের না জানিয়েই তাদের শেয়ার সরিয়ে ফেলা হচ্ছিল। এমনকি গ্রাহকদের শেয়ার বিক্রি বা জমা টাকাও হিসাবে গরমিল ছিল। সূত্র আরও জানায়, বিভিন্ন সময় গ্রাহকেরা টাকা চাইলে ব্রোকারেজ হাউসটি তাদের হাতে চেক তুলে দিয়েছে। কিন্তু গ্রাহকেরা টাকা তুলতে গিয়ে দেখে, হাউসের গ্রাহক হিসাবে কোনো টাকা নেই।সংশ্লিষ্টদের মতে, ব্রোকারেজ হাউসটি গ্রাহকদের টাকা আত্মসাতের উদ্দেশ্যেই এ কাজ করেছিল।