ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস ডন সিকিউরিটিজ লিমিটেডের লেনদেন আবার স্থগিত করা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি সৈয়দা আফসার জাহানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এ স্থগিতাদেশ দেন। একই আদালতের নির্দেশে গত সোমবার থেকে ব্রোকারেজ হাউসটি লেনদেন চালু করেছিল। এর আগে গ্রাহকদের শেয়ার ও টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ডিএসই ব্রোকারেজ হাউসটির লেনদেন কার্যক্রম স্থগিত করে। কিন্তু ডন সিকিউরিটিজের কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট করলে আদালত ডিএসইর সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করেন। একই সঙ্গে আদালত এ সিদ্ধান্ত কেন অবৈধ হবে না, তা জানাতে অর্থ মন্ত্রণালয়, পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), ডিএসইসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি রুল জারি করেন। রুলের জবাব দেওয়ার জন্য গতকাল আদালতে শুনানিতে ডিএসইর পক্ষ থেকে ডন সিকিউরিটিজের বিরুদ্ধে নেওয়া সিদ্ধান্তের পক্ষে যুক্তি তুলে ধরা হয়। আদালত এতে সন্তুষ্ট হয়ে ডিএসইর আগের সিদ্ধান্ত বহাল রাখেন। ফলে আজ থেকে ডন সিকিউরিটিজের লেনদেন কার্যক্রম আবার বন্ধ হয়ে যাচ্ছে। ডিএসই গত ১৮ জুলাই গ্রাহকদের টাকা ও শেয়ার আত্মসাতের অভিযোগে ডন সিকিউরিটিজের লেনদেন কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে চিঠি পাওয়ার ১৫ দিনের মধ্যে গ্রাহকদের টাকা ও শেয়ার ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। সূত্র জানায়, ব্রোকারেজ হাউসটিতে গ্রাহকদের না জানিয়েই তাঁদের শেয়ার সরিয়ে ফেলা হচ্ছিল। এমনকি গ্রাহকদের শেয়ার বিক্রি বা জমা টাকার হিসাবেও গরমিল ছিল। সর্বশেষ গত ৬ জুলাই পর্যন্ত ব্রোকারেজ হাউসটির কাছে গ্রাহকদের মোট পাওনা ছিল দুই কোটি ২৫ লাখ ২৪ হাজার ৬৩৭ টাকা। কিন্তু এর বিপরীতে হাউসের তহবিল ছিল মাত্র ৪০ লাখ ১৬ হাজার টাকার কিছু বেশি। অর্থাৎ মোট ঘাটতি ছিল দুই কোটি ৬৫ লাখ ৪১ হাজার টাকা। এ ছাড়া একই দিন দুই কোটি ৯০ লাখ ৩৯ হাজার টাকার সমমূল্যের শেয়ারের কোনো হদিস পাওয়া যায়নি। নগদ টাকা ও শেয়ার মিলিয়ে ব্রোকারেজ হাউসটির মোট ঘাটতির পরিমাণ পাঁচ কোটি ৫৫ লাখ ৮০ হাজার টাকা।