ডন সিকিউরিটিজের সদস্যপদ বাতিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গ্রাহকদের শেয়ার ও টাকা নিয়ে প্রতারণার অভিযোগে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সদস্য ব্রোকারেজ হাউস ডন সিকিউরিটিজের সদস্যপদ বাতিল করা হয়েছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (এসইসি) নির্দেশে গত মঙ্গলবার ডিএসই কর্তৃপক্ষ এই সদস্যপদটি বাজেয়াপ্ত করে।এ প্রতারণার অভিযোগে ২০১০ সালের ১৯ জুলাই থেকে ওই ব্রোকারেজ হাউসের লেনদেন কার্যক্রম স্থগিত ছিল। মঙ্গলবার এটির সদস্যপদ বাতিলসংক্রান্ত এসইসির নির্দেশনায় বলা হয়, ‘সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ রুলস, ১৯৮৭-এর বিধি-৩ (১-এ) মোতাবেক পত্র ইস্যুর পরবর্তী ৩০ কর্মদিবসের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণপূর্বক কমিশনকে অবহিত করতে হবে।’ নিয়ম অনুযায়ী, এখন ডিএসই কর্তৃপক্ষ হাউসটি বিক্রি করে গ্রাহকদের পাওনা পরিশোধ করবে। পাওনা পরিশোধ শেষে উদ্বৃত অর্থ থাকলে তা মালিককে দেওয়া হবে। গত বছরের ১৯ জুলাই ওই ব্রোকারেজ হাউসের কার্যক্রম স্থগিতের সময় ডিএসই কর্তৃপক্ষ গ্রাহকদের পাওনা পরিশোধের জন্য ১৫ দিন সময় বেঁধে দিয়েছিল। ওই সময়ের মধ্যে পাওনা পরিশোধে ব্যর্থ হলে সদস্যপদ বিক্রির কথাও জানানো হয়। কিন্তু ডন সিকিউরিটিজ কর্তৃপক্ষ নির্ধারিত সময়ে গ্রাহকের পাওনা পরিশোধে ব্যর্থ হয়।