ডব্লিউএফপি অপারগ, তাই প্রকল্প কাটছাঁট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বখাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি) নতুন করে খাদ্য সরবরাহ করতে না পারায় শেষ পর্যন্ত প্রকল্পই কাটছাঁট করা হলো। দুর্যোগ ও জলবায়ু পরিবর্তন প্রভাবসহন প্রকল্পে ডব্লিউএফপির ১ লাখ ৩৪ হাজার টন চাল এবং ৪ হাজার টন তেল দেওয়ার কথা ছিল। ২০১৩ সাল পর্যন্ত ডব্লিউএফপি সময়মতোই এসব পণ্য সরবরাহ করেছিল।

কিন্তু উন্নয়ন সহযোগীদের কাছ সংগ্রহ করতে না পারায় এখন আর চাল-তেল দিতে পারবে না বলে জানিয়ে দিয়েছে ডব্লিউএফপি। তাই ১ হাজার ৩৮ কোটি টাকার প্রকল্প কাটছাঁট করে ৭১৫ কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। এ পর্যন্ত সাড়ে ৪২ হাজার টন খাদ্যশস্য অনুদান হিসেবে দিয়েছে ডব্লিউএফপি।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ব্যয় কমিয়ে বিশ্বখাদ্য কর্মসূচির সহায়তার এই প্রকল্পের সংশোধিত প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।

এই প্রকল্পের আওতায় ফুড ফর ট্রেনিং, ফুড ফর অ্যাসেটসহ বিভিন্ন সুবিধা দেওয়া হয়। উপকারভোগী ব্যক্তিরা নগদ অর্থ ও চাল-তেল পান। তবে কাটছাঁট করায় এখন প্রকল্পটিতে উপকারভোগী ব্যক্তির সংখ্যা ৩০ হাজার কমিয়ে ২ লাখ ১০ হাজার নির্ধারণ করা হয়েছে। ২০১৭ সালের জুন মাসে প্রকল্পটি শেষ হবে।

গতকালের সভায় অনুমোদিত অন্য তিনটি প্রকল্প হলো—১৫৬ কোটি টাকা ব্যয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলার তিতাস নদ পুনঃখনন প্রকল্প, ৮৭ কোটি টাকার পদ্মা নদীর ভাঙন থেকে রাজশাহী ক্যাডেট কলেজ ও সংলগ্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষা প্রকল্প এবং ১৫২ কোটি টাকা ব্যয়ে ফোর টায়ার জাতীয় ডেটা সেন্টার স্থাপন প্রকল্প।

সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ৭ শতাংশ মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি অর্জন করা কঠিন, তবে বাংলাদেশ এটা অর্জন করে দেখাবে। সভায় অংশ নেওয়া দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। আরও জানা গেছে, প্রধানমন্ত্রী বলেছেন, তিনি আশাবাদী যে বাঙালি এই প্রবৃদ্ধি অর্জন করতে সক্ষম হবে। বাঙালি বিজয়ী জাতি। তিনি বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলো আগে বলতো বাংলাদেশে প্রবৃদ্ধি হবে ৪-৫ শতাংশ। কিন্তু তারা এখন সেই অবস্থান থেকে সরে এসে বলছে, প্রবৃদ্ধি ৬ থেকে সাড়ে ৬ শতাংশ হবে।

জাতিসংঘের পরিবেশ-বিষয়ক চ্যাম্পিয়ন অব দ্য আর্থ এবং তথ্যপ্রযুক্তি-বিষয়ক আইসিটি সাসটেইনেবল ডেভেলপমেন্ট অ্যাওয়ার্ড পাওয়ায় একনেক সভায় পরিকল্পনা মন্ত্রণালয়ের পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানানো হয়।