ডব্লিউটিও থেকে সুবিধা পেতে সক্ষমতা দরকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) অধীনে বাণিজ্য খাতে বিশেষ সুবিধা পাওয়ার সুযোগ থাকলেও তা আদায়ে বাংলাদেশের সক্ষমতার ঘাটতি রয়েছে। বাংলাদেশের মতো অন্য স্বল্পোন্নত দেশগুলোরও (এলডিসি) প্রায় একই অবস্থা। ব্যতিক্রম ছাড়া কেউই ডব্লিউটিও থেকে তেমন একটা সুবিধা আদায় করতে পারে না।বিষয়টির গুরুত্ব অনুধাবন করে ডব্লিউটিও থেকে বাণিজ্য সুবিধা পাওয়ার কৌশল নির্ধারণে হাত দেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের সভাপতিত্বে এনহেন্সড ইন্টিগ্রেটেড ফ্রেমওয়ার্কের (ইআইএফ) প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়।বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী বৈঠকে ডব্লিউটিও থেকে বাণিজ্য সুবিধার ব্যাপারে কিছু কৌশলের সুপারিশ করেন। উল্লেখ্য, এলডিসি সদস্য দেশগুলোর সক্ষমতা বৃদ্ধির জন্য ছয়টি আন্তর্জাতিক সংস্থা যথা—ডব্লিউটিও, আঙ্কটাড, ইন্টারন্যাশনাল ট্রেড সেন্টার (আইটিসি), ইউএনডিপি, বিশ্বব্যাংক ও আইএমএফের সমন্বয়ে ইআইএফ গঠন করা হয়। ২০০৮ সালের ৩১ জানুয়ারি অনুষ্ঠিত ডব্লিউটিও-সংক্রান্ত উচ্চপর্যায়ের কমিটির পঞ্চম সভার সিদ্ধান্ত মোতাবেক ২০০৯ সালের নভেম্বরে ইআইএফে যোগ দেয় বাংলাদেশ। এর বর্তমান সদস্য ৪৪।এরই মধ্যে বাণিজ্যমন্ত্রী ফারুক খানের নেতৃত্বে ২৫ সদস্যের একটি জাতীয় কার্যকরী কমিটি গঠন করা হয়েছে। কমিটিতে ইউরোপীয় ইউনিয়নকে (ইইউ) দাতা সহযোগী মনোনীত করা হয়। আর একটি ডায়াগনস্টিক ট্রেড ইন্টিগ্রেটেড স্টাডি (ডিটিআইএস) প্রণয়নের জন্য দায়িত্ব দেওয়া হয় বিশ্বব্যাংককে। বৈঠক সূত্র জানায়, ডব্লিউটিও থেকে সর্বোচ্চ সুবিধা পেতে কীভাবে রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনা যায়, সে বিষয়ে বৈঠকে বিশদ আলোচনা হয়েছে। ইআইএফের সদস্য হওয়ার ফলে বাণিজ্য প্রতিবন্ধকতা দূর করতে দাতা সংস্থাগুলোর সহায়তা পাবে বাংলাদেশ। ডিটিআইএস প্রণয়নই হচ্ছে ইআইএফ প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। কারণ ডিটিআইএসের মাধ্যমেই সংশ্লিষ্ট দেশের বাণিজ্যসংক্রান্ত সব প্রতিবন্ধকতা চিহ্নিত করা হবে এবং অগ্রাধিকার ভিত্তিতে একটি কার্যসূচি তৈরি করা হবে। ডিটিআইএস প্রণয়ন প্রক্রিয়ায় সরকারি কর্মকর্তাদের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানের মতামত নেওয়া হবে। এই প্রক্রিয়ায় দাতা সংস্থার মতামতও নেওয়া হবে। যোগাযোগ করলে বাণিজ্য মন্ত্রণালয়ের ডব্লিউটিও সেলের মহাপরিচালক অমিতাভ চক্রবর্তী প্রথম আলোকে বলেন, ‘এলডিসি সদস্য দেশ হিসেবে বাংলাদেশের সামনে আন্তর্জাতিক বাণিজ্যে নানা ধরনের প্রতিবন্ধক রয়েছে। বৈঠকে এগুলো দূর করার কৌশল নিয়ে আলোচনা হয়েছে।’বাংলাদেশের জন্য রপ্তানি বাণিজ্যে পণ্য বৈচিত্র্য আনা এবং সার্বিক বাণিজ্য সক্ষমতা বাড়ানোর কোনো বিকল্প নেই বলে মনে করেন তিনি।